মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বার্সা ছাড়তে প্রস্তুত আলভেস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

alves-2-e1423025978542

স্পোর্টস ডেস্ক

এই গ্রীষ্মেই ন্যু ক্যাম্প ছাড়তে প্রস্তুত বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুলব্যাক দানি আলভেস।

কেননা কাতালন দৈত্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষের পর্যায়ে পৌঁছলেও এখনো নতুন করে নবায়ন প্রস্তাব পাননি ৩১ বছর বয়সী ফুটবলার। মঙ্গলবার আলভেসের এজেন্ট বিষয়টি নিশ্চিত করেন। আসলে এই মৌসুম শেষেই বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আলভেসের। তাই নিজের ভবিষ্যত নিয়ে কিছুটা শঙ্কায় আছেন অভিজ্ঞ রাইটব্যাক। আর এই অচলাবস্থা কাটাতেই দল বদলের কথাও ভাবছেন ক্ষ্যাপাটে ফুটবলার। তবে ২০১৬ পর্যন্ত লিওনেল মেসি-নেইমারদের ক্লাবের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা থাকায় আলভেসকে নাও ছাড়তে পারে বুলাগ্রানারা।

মঙ্গলবার আলভেসের এজেন্ট দিনোরা সান্তানা এক সাক্ষাৎকারে বলেন, ‘তারা এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এর অর্থ দাঁড়াচ্ছে তারা এখন আর আমার মক্কেলকে চাচ্ছেন না। সুতরাং নতুন ক্লাবের খোঁজ করা শুরু করেছি আমরা। আমরা আর অপেক্ষা করতে পারছি না। আলভেস এখানে সাত বছর অতিবাহিত করেছে। আর সে একজন পেশাদার ফুটবলারও। সুতরাং সে অনুযায়ী চিন্তা-ভাবনা করতে হচ্ছে তাকে। তাছাড়া এক মাস হলো বার্সার কোনো স্পোর্টিং ডিরেক্টর নেই। সুতরাং যে কারো সাথে আলোচনায় বসতে পারে আলভেস। কেননা বহিস্কারের আগে জুবিজারেতা আমার মক্কেলকে কিছুই বলেননি।’

২০০৮ সালে সেভিয়া থেকে বার্সায় নাম লিখিয়েছিলেন আলভেস। যেখানে ২০০৬ ও ২০০৭ সালে টানা দুই মৌসুমে উয়েফা কাপ জিতেছিলেন ব্রাজিলিয়ান রাইটব্যাক। এরপর বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি ও চারটি লা লিগা খেতাব জিতেছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি