ডেস্ক রিপোর্টঃ
চলমান সন্ত্রাসের রিরুদ্ধে ছাত্র-শিক্ষক অভিভাবকসহ সর্বস্তরের পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শুক্রবার বিকেলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মহিউদ্দিন চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষার্থী তথা কোমলমতি ছাত্র-ছাত্রীদের জিম্মি করে যেভাবে সন্ত্রাস চালানো হচ্ছে তা কোন সভ্য সমাজে কল্পনা করা যায় না।
সারাদেশে পেট্রোল বোমায় মানুষ পোড়ানোর ঘটনা ৭১ সালের বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি, হরতাল ও অবরোধের নামে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরীর নেতৃত্বে বাকশিসের প্রতিদিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মহিউদ্দিন চৌধুরী বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্ত করতে হবে।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের ২১ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের অবহেলা করা যাবে না। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য সৃষ্টির জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।
বৈষম্য সৃষ্টির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষক সমাজের প্রতি আহবান জানিয়ে তিনি এসএসসি পরীক্ষা কেন্দ্রে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন এবং শিক্ষক ছাত্রসহ সকল অভিভাবকদের পরীক্ষা কেন্দ্র পাহারা দিয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকে নিরবচ্ছিন্ন করার আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আসলাম হোসেন, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যক্ষ এস এম মেসবাহউর রহমান, অধ্যক্ষ জিল্লুর রহমান, অধ্যাপক কুকুমার দত্ত, অধ্যাপক শিব প্রসাদ, অধ্যাপক আবু জাফর সিদ্দীকী, অধ্যাপক আজিজ উদ্দীন হায়দার, অধ্যাপক ইউনুছ মিয়া, অধ্যাপক সৈয়দ উদ্দীন আহমদ, অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন


























































