বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২ জামায়াতকর্মী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৫

image_116904_0

ডেস্ক রিপোর্টঃ

রাজধানী ঢাকা, কুমিল্লা ও যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন ২০দলীয় জোটের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শনিবার রাতে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

কুমিল্লা: কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, নিহত ব্যক্তির নাম কালা স্বপন (৩৫)। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তার বাড়ি সদর দক্ষিণ উপজেলার রামপুর গ্রামে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, “শনিবার দিবাগত রাত একটার দিকে আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ স্বপনকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে পুলিশ। সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় পৌঁছালে স্বপনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বপন।

ঘটনাস্থল থেকে ২০টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্বপনের কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।”

স্বপনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যশোর ব্যুরো: যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শনিবার রাতে একাধিক হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি রাজুকে আটকের পর ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় র্যাব সদস্যরা। ভোর পাঁচটার দিকে শহরতলীর মড়লিতে যশোর-খুলনা মহাড়কের পাশে ইমাম পেট্রল পাম্পের বিপরীতে একটি ইটভাটার কাছে পৌঁছালেই রাজুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলি বিনিময়কালে পালাতে গিয়ে নিজের সহযোগীদের গুলিতে রাজু আহত হন। রাজুকে উদ্ধার করে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জসিম উদ্দিন নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, নিহত জসিম ছাত্রশিবিরের নেতা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

ডিএমপি’র তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদ আলম জানান, শনিবার শ্যামলীতে পুলিশ সার্জেন্টের ওপর ককটেল হামলার অভিযোগে জসিমসহ চারজনকে আটক করা হয়।

রোববার ভোররাতে ডিবি ও পুলিশের একটি যৌথ টিম তালতলা ডাম্পিং স্টেশনের কাছে আটকৃতদের নিয়ে অভিযানে গেলে দুর্বত্তরা তাদের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে জসিম মারা যান।

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের গুলিতে দুই জামায়াত কর্মী আহত হয়েছে। তাদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশের দাবি, শনিবার রাত আড়াইটার দিকে পুলিশকে লক্ষ্য করে ওই দুই জামায়াত কর্মী পেট্রলবোমা নিক্ষেপ করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে বেলাল হোসেন (২৮) ও বেলায়েত হোসেন (৪৫) নামে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ হন। পেট্রলবোমার আঘাতে পুলিশের ওসি নজরুল ইসলাম আহত হয়েছেন বলেও দাবি করা হয়। তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি