পূর্বাশা ডেস্কঃ
ভৌগলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশকে একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি জনগণকে সাথে নিয়ে মানব সৃষ্ট দুর্যোগও মোকাবিলা করা হবে। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন যাদের চোখে পড়ে না, যারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। যারা দেশের কল্যাণ সইতে পারে না তারা দেশ, জাতি ও জনগণের শত্রু বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবে রূপ নিয়েছে। যেসব অঞ্চলে বিদ্যুত নাই সেখানে সোলার প্ল্যান্টের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে।
সফটওয়ার রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ২০১৮ সাল নাগাদ সফটওয়ার রপ্তানি করে ১ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করার লক্ষমাত্রা ধরা হয়েছে।
এসময় তিনি বেকার যুবকদেরকে জামানত ছাড়া কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে সাবলম্বি হওয়ারও পরামর্শ দেন




















































