ওয়ার্ল্ডকাপ ডেস্ক
জেমস টেইলরের হার না মানা প্রতিরোধের পরেও ১১১ রানের বিশাল ব্যবধানের পরাজয় এড়াতে পারেনি ইংল্যান্ড। মিশেল মার্শ, মিশেল স্টার্ক ও মিশেল জনসনের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। ৩৪৩ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ২৩১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। একপ্রান্ত আগলে রেখে লড়াইয়ের চেষ্টা করেন জেমস টেইলর, কিন্তু তাকে সঙ্গ দেননি কেউই। টেইলর অপরাজিত থাকেন ৯৮ রানে।
দলীয় স্কোর একশ’ না পেরুতেই ইংল্যান্ডের ৬ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেন অজি পেসাররা। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল মার্শ একাই ধসিয়ে দেন তাদের টপ অর্ডার। মার্শ ৯ ওভার বল করে ৩৩ রান খরচে নেন ৫ উইকেট। অন্যদিকে মিশেল জনসন ৮ ওভার বল করে ৩৬ রানে নেন ২ উইকেট। একই সঙ্গে মিশেল স্টার্ক ৯ ওভার বল করে ৪৭ রানে নেন ২টি উইকেট। ১১তম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে রানআউটের শিকার হন জেমস অ্যান্ডাসন।
প্রথম দিকে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া ইংল্যান্ড জেমস টেইলর ও ক্রিস ওকসের ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। কিন্তু তাও ভেঙে দেন অস্ট্রেলিয়ার গতিদানব মিশেল জনসন। জনসনের বলে স্মিথের কাছে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ওকস। পরের ওভারের প্রথম বলেই স্টুয়ার্ড ব্রডকে শূন্য রানে ফিরিয়ে দেন মিশেল স্টার্ক।
টপ অর্ডারে ইয়াল বেল (৩৬) ছাড়া আর কেউ দশের কোটা পেরুতে পারেননি। এরপর জেমস টেইলর একপ্রান্ত আগলে রেখে হাল ধরেন দলের। ইনিংসের ১৪তম ওভারে মিচেল মার্শের তৃতীয় ও চতুর্থ বলে ইয়ান বেল ও জো রুটকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।
ইনিংসের শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ৫ম ওভারে মিশেল স্টার্কের বলে জর্জ বেইলির হাতে ক্যাচ তুলে দেন উদ্বোধনী ব্যাটসম্যান মঈন আলী। এরপর দশম ওভারের চতুর্থ বলে মিশেল মার্শ ফেরান গ্যারি ব্যাল্যান্সকে।
এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে তিনটি উইকেট তুলে নিয়ে ইংলিশ ফাস্ট বোলার স্টিভেন ফিন বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক পূর্ণ করলেও, অস্ট্রেলিয়ার রানের পাহাড় থামাতে পারেননি। ইংলিশ বোলারদের তুলোধুনো করে বিশ্বকাপের ১১তম আসরে স্বাগতিক অজি ব্যাটসম্যানরা বড় সংগ্রহ দাঁড় করায়।
টসে হেরে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি, অধিনায়ক জর্জ বেইলির দায়িত্বশীল অর্ধশতক এবং শেষ দিকে ম্যাক্সওয়েল ও ব্র্যাড হ্যাডিনের ঝড়ো ইনিংসে ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৪২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ফিন ১০ ওভারে ৭১ রানের বনিমিয় পাঁচ উইকেট নেন।
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া: ৩৪২/৯ (৫০.০০)
ইংল্যান্ড: ১৯৪/১০ (৪১.০৫)

























































