নেকবর হোসেনঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, উপজেলার মকিমপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে উপজেলা শ্রমিক দলের সভাপতি গোলাম মোস্তফা খান।টাকুই গ্রামের আবদুল্লাহ খান মৌলভীর ছেলে শিবির কর্মী মাসুম (২৮) ও দীর্ঘভূমি গ্রামের সফিক মেম্বারের ছেলে শিবির কর্মী ওমর ফারুক (৩০)।
ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং- ৯ ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার সাহেবাবাদ এলাকায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে লিল মিয়া রাইছ মিলের সামনে অজ্ঞাত মটর সাইকেল আরোহী পেট্রোল ঢেলে ২টি ট্রাক্টরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ট্রাক্টর দু’টির সিটসহ সামনের অংশ পুড়ে যায়।

















































