বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪৪ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৮৮


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

bangladesh_2776626b

ডেস্ক রিপোর্টঃ

থামছে না মহাসড়কে নাশকতা। প্রতিদিনই কোথাও না কোথাও যানবাহনে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা, ভাঙচুর করছে নির্বিচারে। একের পর এক ঘটনায় মহাসড়ক যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ জন্য হাইওয়েতে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি সদস্যদের। টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) দল। এমন পরিস্থিতিতে মহাসড়কের নিরাপত্তায় গঠিত পুলিশের আলাদা ইউনিট হাইওয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। মহাসড়কে যানবাহন চলাচালের নিরাপত্তা, দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখাই হাইওয়ে পুলিশের প্রধান কাজ। কিন্তু পুলিশের এই ইউনিট ঠেকাতে পারেনি চলমান অবরোধের কোনো সহিংসতা। খোঁজ নিয়ে জানা গেছে, হাইওয়ে পুলিশ নিজেরাই ডুবে আছে নানা সঙ্কটে।

দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নাশকতা নিয়ন্ত্রণ তো দূরের কথা; সাধারণ কার্যক্রম চালানোরই সক্ষমতা নেই হাইওয়ে পুলিশের। নেই পর্যাপ্ত জনবল, থানা ও ফাঁড়ি। নেই যাতায়াতের গাড়ি, রেকার ও অ্যাম্বুলেন্সহ প্রয়োজনীয় যানবাহন। এই পুলিশের নেই মামলা তদন্ত করার ক্ষমতাও। এসব সঙ্কটের কারণে হাইওয়ে পুলিশ মহাসড়কে ডাকাতি ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যক্রর ভূমিকা রাখতে পারছে না। এর মধ্যে অবরোধ-হরতালের নাশকতা তাদের কাছে ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। এক বছর আগে হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়ানোর বেশ কিছু উদ্যোগ নেয়া হলেও তার কোনোটি এখনো বাস্তবায়ন হয়নি। এখন এসে নতুন অর্ধশত থানা ও ফাঁড়ি স্থাপনের কাজ চলছে কচ্ছপ গতিতে।

পুলিশ, হাসপাতাল, পরিবহন ব্যবসায়ী, ভুক্তভোগীসহ বিভিন্ন মাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৪৪ দিনের অবরোধে অন্তত ১ হাজার ১০০টি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই সময়ে ৮৮ জন সাধারণ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে ৫৪ জনই যানবাহনে আগুনে পুড়ে মারা যায়। আহত হয়েছেন কয়েক হাজার। পুড়েছেন আড়াইশ’ মানুষ। তাদের মধ্যে ১৩৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন। এসব ঘটনার সিংহভাগই ঘটেছে বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে।
নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করা হলে হাইওয়ে পুলিশের প্রধান, উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মালি¬ক ফকরুল ইসলাম বলেন, ‘মহাসড়কে নিরাপত্তা দিতে আমরা দিনরাত কাজ করছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তার পরও অবরোধ-হরতালের সময় আমরা হাইওয়েতে সতর্ক থাকি। নিরাপত্তা জোরদার করার জন্য আমরাই আনসার সদস্য চেয়েছি।’

সংশি¬ষ্ট সূত্র জানায়, সারাদেশে প্রায় ২১ হাজার কিলোমিটার মহাসড়ক আছে। এ মহাসড়কগুলোতে নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা রোধ করতে ২০০৫ সালের ১৪ জুন গঠন করা হয় হাইওয়ে পুলিশ। এখন পর্যন্ত ১১ হাজার মহাসড়কে হাইওয়ে পুলিশের ২৮টি স্টেশন (থানা) এবং ৪৪টি ফাঁড়ি স্থাপন করা গেছে। সব মিলে জনবল আছে মাত্র ২ হাজার ১৯২ জন। ১১ হাজার কিলোমিটার সড়কের জন্য র‌্যাকার আছে মাত্র ছয়টি। নেই কোনো অ্যাম্বুলেন্স।

হাইওয়ে পুলিশ চারটি অঞ্চলে বিভক্ত, এগুলো হচ্ছে- কুমিল¬া অঞ্চল, বগুড়া, মাদারীপুর ও গাজীপুর অঞ্চল। কুমিল¬া অঞ্চল দাউদকান্দি, কক্সবাজার থেকে পার্বত্য এলাকাসহ পুরো চট্টগ্রাম বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু অংশ। রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে বগুড়া অঞ্চল। খুলনা ও বরিশাল বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলা নিয়ে মাদারীপুর অঞ্চল। সিলেট বিভাগসহ বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ জেলা নিয়ে গাজীপুর অঞ্চল। এসব অঞ্চলের প্রতিটি থানা ও ফাঁড়ির দূরত্ব ৮০ থেকে ১০০ কিলোমিটার। প্রতিটি হাইওয়ে থানার জন্য আছে একটি গাড়ি। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একবার টহল দিতেই তাদের দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায়। এর মধ্যে যে কোনো নাশকতা বা দুর্ঘটনা ঘটলে হাইওয়ে পুলিশের নজর এড়িয়ে যায় সহজেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি