ডেস্ক রিপোর্টঃ
নগরীতে বৃহস্পতিবার রাতে একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের সামনে দিয়ে অটোরিক্সা থেকে দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ ওই অটোরিক্সার চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিজের হেফাজতে নিয়েছে।
পুলিশের ধারণা, চলমান হরতাল-অবরোধে নাশকতার জন্য ককটেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার পৌনে ৮টার দিকে একটি সিএনজি অটোরিক্সা পুরাতন চান্দগাঁও থানা এলাকা অতিক্রমের সময় পুলিশ সেটি থামানোর সংকেত দেয়।
কিন্তু অটোরিক্সাটি সংকেত না মেনে দ্রুতবেগে সেটি এগিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে অটোরিক্সাটির গতিরোধ করলেও ভেতর থেকে নেমে দুই যুবক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ সেটিতে তল্লাশি চালিয়ে একটি শপিংব্যাগে মোড়ানো অবস্থায় ৬টি তাজা ককটেল উদ্ধার করেন। নগর গোয়েন্দা পুলিশের একটি টিম গিয়ে সেগুলো নিস্ক্রিয় করার জন্য নিয়ে গেছে।
পুলিশ সিএনজি অটোরিক্সা চালক মো.কিরণকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য চান্দগাঁও থানায় নিয়ে গেছে।
ওসি জানান, চালক তাদের জানিয়েছে, দুই যুবক বহদ্দারহাটের খতিবের হাট এলাকা থেকে চান্দগাঁও মৌলভী পুকুর পাড়ে যাবার জন্য অটোরিক্সাটি ভাড়া করে। সে তাদের চিনেনা। যাত্রীবেশেই তারা উঠেছিল।
চালকের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। সে নগরীর সানােয়ারা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকে বলে ওসি জানিয়েছে।


























































