ডেস্ক রিপোর্টঃ
১৯৫২ সালে ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা। ২৪ মার্চ ১৯৪৮-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমার্বতনে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা জিন্নাহর এমন উক্তির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল ছাত্ররাই। ছাত্রদের পরিচালিত ভাষার আন্দোলনে শহীদ হয়েছিল কয়েকজন ছাত্র। ভাষার জন্য তাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ রাখার জন্য দেশের মাধ্যমিক স্তরে শহীদ মিনার নির্মাণ বাধ্যতামূলক করে সরকার। তবে সরকারের সে নির্দেশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি চট্টগ্রামে।
জানা গেছে, ২০০৯ সালে এক আদেশ জারির মধ্য দিয়ে মাধ্যমিক পর্যায়ে শহীদ মিনার নির্মাণ বাধ্যতামূলক করে সরকার। এরপরও বন্দরনগরীর অধিকাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার। এছাড়া নগরীর নয়টি সরকারি বিদ্যালয়ের আটটিতে নির্মাণ করা হলেও সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে এখনো নির্মিত হয়নি শহীদ মিনার। একই অবস্থা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও। এর ফলে নতুন প্রজন্মের কয়েক লাখ শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে নিজের স্কুলের শহীদ মিনারে ফুল দেয়া থেকে।
সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর ৪১টি ওয়ার্ডে বহুতল ভবন ভাড়া নিয়ে গড়ে ওঠেছে কয়েকশ বিদ্যালয়। প্রতি ওয়ার্ডে অন্তত ১০টি বিদ্যালয় রয়েছে। ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে গড়ে উঠা এ বিদ্যালয়গুলোর কোনোটিতেই শহীদ মিনার নেই। এই তালিকায় সিটি করপোরেশন পরিচালিত কয়েকটি বিদ্যালয়ও আছে। তবে শহীদ মিনার না থাকলেও এসব বিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। যদিও সে অনুষ্ঠান হয় দায়সারাভাবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাতে এসব স্কুলের শিক্ষার্থীদের যেতে হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
নগরীর দেওয়ানহাট এলাকার একটি বিদ্যালয়ের একজন অভিভাবক মনজুর আলম বলেন, ‘ভাষা আন্দোলনের ৬৩ বছর অতিক্রম করার পরও বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনার না থাকাটা দুর্ভাগ্যজনক। বিদ্যালয়ে শহীদ মিনার থাকলে শিক্ষার্থীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করে দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে অন্যভাবে পরিচিত হতো। কিন্তু তারা সে সুযোগ পাচ্ছে না।’
বেসরকারি একটি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক নাম প্রকাশ না করা শর্তে বাংলামেইলকে বলেন, ‘বহুতল ভবনে স্কুল নির্মিত হওয়ায় আগ্রহ থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করা যাচ্ছে না।’
সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সিনিয়র শিক্ষক শামসুদ্দীন শিশির বলেন, ‘২১ ফেব্রুয়ারি ১৯৫২-তে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ ছিল সোচ্চার। তাদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণে বাধ্যবাধকতা থাকলেও এখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নেই। যা অত্যন্ত দুঃখজনক।’
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘মাধ্যমিক পর্যায়ে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক করা হলেও অনেক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেগুলোতে শহীদ মিনার গড়ে তোলার জন্য তাগিদ দেয়া হয়েছে।’
চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, ‘মাধ্যমিক পর্যায়ে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক। এরপরও নানা কারণে কিছু বিদ্যালয়ে শহীদ মিনার নির্মিত হয়নি। তবে সরকারি মুসলিম হাই স্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ে শহীদ মিনারের নির্মাণ কাজ চলছে।’
সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, করপোরেশন পরিচালিত প্রায় সব বিদ্যালয়ে নিজস্ব শহীদ মিনার আছে। পর্যাপ্ত জায়গার অভাবে দুয়েকটি স্কুলে শহীদ মিনার নির্মাণ করা যায়নি। এসব বিদ্যালয়ে পর্যায়ক্রমে শহীদ মিনার তৈরির উদ্যোগ নেয়া হবে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান খান বলেন, ফান্ডের সমস্যার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণ করতে পারেনি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিকে বলেছি, দ্রুত শহীদ মিনার নির্মাণ করতে। অনেক স্কুলে নির্মাণ কাজ চলছে। এছাড়া এ কাজে আরো কিছু স্কুলকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।


























































