শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিলুপ্তির পথে কুমিল্লার বাটিক শিল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৫

batik-making

স্টাফ রিপোর্টারঃ
পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শিল্প। উদ্যোক্তাদের দাবি, কাঁচামালের দাম বৃদ্ধি এবং প্রয়োজনীয় পুঁজির অভাবে আস্তে আস্তে হারাতে বসেছে এটি। অন্যদিকে, নানা সমস্যায় জর্জরিত হয়ে অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন তাদের আদি পেশা।
এক সময় কুমিল্লার সদর উপজেলার কমলপুর গ্রামের বাটিক পল্লী শ্রমিকদের কোলাহলে মুখর থাকতো। কিন্তু এখন তা অতীত। পোশাক শিল্পের আধুনিকায়নের ফলে ক্রমশই কমে যাচ্ছে বাটিকের চাহিদা। সেই সাথে সুতা আর কাঁচা মালের দাম বাড়ায় উদ্যোক্তারাও বিমুখ হচ্ছেন। এতে দিন দিন আর্থিক অসচ্ছলতার মুখে পড়ছেন এ শিল্পের সাথে জড়িতরা। আর বিক্রির নিশ্চয়তা না থাকায় অনেকেই, পূর্ব পুরুষের এই আদি পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। এক বাটিক শ্রমিক বলেন, আমি ৮ বছর ধরে এই পেশায় আছি। এখন এই কাজের তেমন চাহিদা নেই। অন্য আরেক শ্রমিক বলেন, আগের মতো আর তেমন কাজ নেই। সুতার দাম বৃদ্ধি, রঙ্গের দাম বৃদ্ধি থেকে শুরু করে সব জিনিসপত্রের দাম বাড়তি। এদিকে, বাটিক শিল্পের জৌলুস ফেরাতে সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা বলেন, নিত্য নতুন ডিজাইনের প্রয়োজন আছে। পাশাপাশি দক্ষ কারিগরেরও প্রয়োজন আছে। সবচেয়ে বড় কথা এ শিল্পটার ওপর যদি সরকার সার্বিক সহযোগিতা করে তাহলে আবার দাঁড় করানো সম্ভব। তবে এ শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপ-পরিচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, বিসিক প্রধান কার্যালয়ে বাটিক শিল্পের ওপর কিছু উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকি। তারা যদি আমাদের কাছে কোনো আর্থিক সহযোগিতা চায় তাহলে আমরা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সুপারিশ করে ঋণের ব্যবস্থা করবো। কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শিল্পের সঙ্গে এক সময় কয়েক হাজার লোক জড়িত ছিল। বর্তমানে তা নেমে এসেছে মাত্র একশতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি