ডেস্ক রিপোর্টঃ
মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। পরে অনুমোদন পেলেও বিভিন্ন জটিলতায় নির্মাণ কাজ বন্ধ থাকে প্রায় তিন বছর। ২০১৪ সালে পুনরায় কাজ শুরু হয়। এক বছরের মাথায় অর্থাভাবে আবারও কাজ বন্ধ হয়ে গেছে।
পাঁচ বছরে মূলত নাম ফলকেই সীমাবদ্ধ নগর ভবন নির্মাণ কাজ।
করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ মার্চ নগর ভবনের প্রথম আট তলা নির্মাণের কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান এ জে কনস্ট্রাকশন। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি টাকা। প্রাথমিকভাবে নির্মাণ কাজ শুরু করেছিল প্রতিষ্ঠানটি। ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী পরাজিত হলে নগর ভবন নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় কাজ বন্ধ ছিল বলে জানান সংশ্লিষ্টরা। ২০১২ সালে নগর ভবন নির্মাণের অনুমোদন দেয় মন্ত্রণালয়। একই বছরের ডিসেম্বরে ভবন নির্মাণের বাস্তবায়নকাল শেষ হয়ে যায়। এরপর বিভিন্ন জটিলতায় কাজ বন্ধ থাকে আরও প্রায় তিন বছর। প্রকল্প মেয়াদ বাড়িয়ে ২০১৪ সালের মাঝামাঝিতে কাজ শুরু হলেও সম্প্রতি আবারও কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বলেন,‘নগর ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়নি। টাকা বকেয়া থাকায় নগর ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। কাজ শুরু করতে ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের এক প্রকৌশলী বলেন,‘কয়েক কোটি টাকা বকেয়া থাকায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। পাঁচ বছরে নির্মাণ ব্যয় বেড়ে দ্বিগুন হয়েছে। তাই ঠিকাদারও কাজটি করতে আগ্রহী না। তহবিলের অভাবে ভবনটি আদৌ নির্মাণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।।’
এ জে কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারি আবু জাফর বলেন,‘ভবনটির পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। পাইলিংয়ের পর কয়েক মাস সময় দিতে হয়। শিগগির ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে।’
করপোরেশন সূত্রে জানা গেছে, নগর ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন ১৫ হাজার বর্গফুট। এর নকশা তৈরি করেছে ‘প্রণয়ন’ নামের একটি প্রতিষ্ঠান। নগর ভবনের নকশায় প্রথম তলায় মেয়রের কার্যালয়, সম্মেলন কক্ষ, প্রধান নির্বাহীর কক্ষ রাখা হয়েছে। দ্বিতীয় তলায় সচিবের কার্যালয়, করপোরেশনের ৫৫ কাউন্সিলরের কক্ষ, প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের কার্যালয় থাকবে। তৃতীয় তলায় প্রধান শিক্ষা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ ও নির্বাহী প্রকৌশলীদের কার্যালয় রাখা হয়েছে। চতুর্থ তলায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ হিসাব শাখা এবং পঞ্চম তলায় পরিচ্ছন্ন কর্মকর্তা ও সচিবালয় শাখা থাকবে। ষষ্ঠ তলায় থাকবে প্রকৌশল শাখা।



























































