ডেস্ক রিপোর্টঃ
কোতয়ালি এবং বাকলিয়া ছাড়া নগরীর বাকি ১৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাজে সন্তুষ্ট নন নগর পুলিশ কমিশনার (সিএমপি) মোহা.আব্দুল জলিল মন্ডল। সোমবার মাসিক অপরাধ সভায় অনেকটা প্রকাশ্যেই নিজের অসন্তোষের কথা জানিয়েছেন পুলিশ কমিশনার।
চলমান নাশকতা মোকাবেলায় সাহসী ভূমিকার জন্য অপরাধ সভায় পুরস্কৃত হয়েছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন। একইসঙ্গে বাকলিয়া থানা কমপক্ষে ২০টি পুরস্কার অর্জন করেছেন। কোতয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমও তার থানার পক্ষে কমপক্ষে ১৫টি পুরস্কার গ্রহণ করেন।
এসময় সিএমপি কমিশনার অন্যান্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বাকলিয়া আর কোতয়ালি থানা তো সব পুরস্কার নিয়ে গেল। সব কাজ কি বাকলিয়া আর কোতয়ালির ওসিই করবে ? আপনারা কি করেন ? আপনাদের কাজ এত কম কেন ? ভাল কাজ করুন। বাকলিয়া আর কোতয়ালির ওসিকে ফলো (অনুসরণ) করুন।
সভায় উপস্থিত থাকা নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বাংলানিউজকে বলেন, কোতয়ালি ও বাকলিয়া থানা অনেকগুলো পুরস্কার পেয়েছে। এসময় কমিশনার মহোদয় অন্য ওসিদের বলেছেন, সব পুরস্কার তো দু’টি থানা নিয়ে যাচ্ছে, আপনারা কি করেন ? বাকি ওসিদের বলেছেন বাকলিয়া আর কোতয়ালির ওসিকে ফলো করতে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল শুরুর পর বাকলিয়া এলাকায় এ পর্যন্ত একটি বড় ধরনের নাশকতার ঘটেছে। গত ১৭ জানুয়ারি বাকলিয়ার তুলাতলিতে হানিফ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা মেরে আগুন দেয় অবরোধকারীরা।
পরবর্তীতে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকলিয়া থানা পুলিশ। এছাড়া পুলিশের তদন্তে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা হিসেবে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানের নামও প্রকাশ পেয়েছে।
এছাড়া বাকলিয়া এলাকায় দু’টি নাশকতার ঘটনা পরিকল্পনার সময়ই নস্যাৎ করা হয়েছে। দক্ষিণ জেলা শিবিরের সভাপতি তারেক হোছাইনসহ বেশ কয়েকজন নাশকতার পরিকল্পনাকারী জামায়াত-শিবিরের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
হরতাল-অবরোধ শুরুর পর কোতয়ালি থানা এলাকায় বাসে ককটেল নিক্ষেপ করে আগুন দেয়া, পুলিশের উপর হামলাসহ বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। তবে কোতয়ালি থানা পুলিশ এ পর্যন্ত জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
সর্বশেষ পদ্মা, মেঘনা, যমুনা তেলের ডিপো উড়িয়ে দেয়ার মিশন নিয়ে চট্টগ্রামে আসা শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এনামুল কবিরসহ তিনজনকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ। এর ফলে শিবিরের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে যায়।
সূত্র জানায়, সভায় সিএমপি কমিশনার চলমান নাশকতা-সহিংসতা প্রতিরোধে নগরীর বাকি ১৪ ধানার ওসিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এতে কোন ধরনের গাফেলতি সহ্য করা হবেনা বলেও হুঁশিয়ার করেন তিনি।
এছাড়া সভায় জানুয়ারি মাসে অপরাধ দমনে দক্ষতার জন্য নগর গোয়েন্দা পুলিশের এস আই আব্দুল মোনাফ, মনিরুল ইসলাম, আবুল বশর, মোহাম্মদ আলী, কোতোয়ালী থানার এস আই মফিজ উদ্দিন, জাফর ইকবাল, জহির হোসেন, হারুন-অর-রশিদ, বাকলিয়া থানার এস আই আনোয়ার উল্ল্যাহ, আব্দুল করিম, মহিম উদ্দিন, আব্দুর রব, সাগর ভদ্র, বন্দর থানার এস আই আসাদুজ্জামান, বাবুল আক্তার, ডবলমুরিং থানার এস আই শিবু চন্দ, ফারুক মিয়া, চান্দগাঁও থানার এস আই নূরুল ইসলাম, আরিফুর রহমান, পাহাড়তলী থানার এস আই ফজলুল হক, কানন চৌধুরী, আকবর শাহ থানার এস আই জাকের হোসেন, ইপিজেড থানার এস আই সুমন কুমার দে পুরস্কৃত হয়েছেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাজারি, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) নীহার রঞ্জন হাওলাদার, বিভিন্ন জোনের অতিরিক্ত উপ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ১৬ থানার ওসি উপস্থিত ছিলেন।


























































