তাওহিদ হোসেন মিঠুঃ
অভিনব কায়দায় দুর্ধষভাবে পিলার চুরির সময় ট্রাক, লরি ও ক্রেনসহ বিদ্যুতের আন্তঃজেলা পিলার চোরচক্রের ৮ সদস্যকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত ৪ টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ এর মজুদ রাখা পিলার চুরির সময় তাদের আটক করা হয়। এ সময় ট্রাক লরিতে তোলা ১৪টি পিলারও উদ্ধার করে পলিশ।
ঘটনাস্থলে কুমিল্লা পল্লী বিদ্যুত-২ এর প্রায় সাড়ে ৩ কোটি টাকার পিলার পাওয়া যায়।
তাদের পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ভোররাত ৪ টায় সুয়াগাজীতে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ এর বিদ্যুতের মজুদ পিলার ক্রেনের সাহায্যে ট্রাক লরিতে উঠানোর সময় পল্লী বিদ্যুতের আনসার বাহিনী তাদের বাধা দেয়। তারা তাদের বাধা না শুনে কাজ করতে থাকে। এসময় আনসার বাহিনী টহল পুলিশকে ঘটনাটি জানালে তারা তাদের চ্যালেঞ্জ করে আটক করে। এসময় ট্রাক লড়ি থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১৪টি পিলার পিলার উদ্ধার করে।
আটককৃতরা পুলিশকে জানায়, ঢাকার গাবতলী এলাকার সেতু পুল নামের একটি প্রতিষ্ঠানের জন্য তারা এ পিলারগুলো নিতে ট্রাক লরিতে তুলছিল।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এস আই) জসীম জানান, তারা প্রথমে নিজেদের ঠিকাদার বলে পরিচয় দেয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। ফলে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) সেলিনা বেগম জানান, একই জায়গা থেকে আরো দুইবার এমন পিলার চুরির ঘটনা ঘটে। এরপর থেকে আমরা চোরদের গ্রেফতারে চেষ্টায় আছি। চোরেরা খবর পেয়ে পালিয়ে যায়। এবার গত ৬ মাস ধরে পিলার চোর ধরতে আমরা তৎপর ছিলাম, তাই তাদের ধরা সম্ভব হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহজাহান তালুকদার জানান, কিছুদিন পর পরই তাদের পিলার চুরি হয়ে যাচ্ছিল। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আরো দুইটি মামলা রয়েছে।

















































