ডেস্ক রিপোর্টঃ
যে-দিনই গ্রেপ্তার করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, সেদিন থেকেই সারাদেশে অসহযোগ আন্দোলন শুরুর সিদ্ধান্ত নিয়েছে ২০-দলীয় জোট। ‘অসহযোগ’ আন্দোলন শুরুর গোপন ও আগাম সিদ্ধান্ত ইতোমধ্যে ঢাকাসহ সব মহানগর এবং ৭৮ সাংগঠনিক জেলার দায়িত্বশীল নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। অসহযোগ আন্দোলনকালে নেতাকর্মীদের করণীয় কী হবে, লন্ডন থেকে সে ব্যাপারে কর্ম-নির্দেশনা দিচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে মিলেছে এ তথ্য।
সূত্রমতে, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় হাজির না হলে সংশি¬ষ্ট আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেÑ এ বিষয়ে আগাম ধারণা ছিল খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ বিএনপির নীতিনির্ধারকদের। সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে গিয়ে খালেদা জিয়াকে তার গুলশান কার্যালয় থেকে গ্রেপ্তার করতে পারে, এমন সম্ভাবনাকে আগাম গুরুত্ব দিয়েই কয়েকদিন আগ থেকেই আন্দোলনের কঠোর কর্মকৌশল ঠিক করেছে ২০-দলীয় জোট। কর্মসূচি প্রণয়নে মুখ্য ভূমিকা রেখেছেন তারেক রহমান। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে অসহযোগ আন্দোলন শুরুর সিদ্ধান্ত তারেক রহমানের কাছ থেকেই এসেছে। খালেদা জিয়া গ্রেপ্তার হলে ওইদিনই এই কর্মসূচি ঘোষণা করতে বলেছেন তিনি। এতে সায় দিয়েছেন খালেদা জিয়াসহ ২০-দলীয় জোটের শীর্ষ নেতারা।
বিএনপির সূত্রগুলো জানিয়েছে, গত এক সপ্তায় তারেক রহমান আন্দোলন বিষয়ে বিএনপির ৭৮ সাংগঠনিক জেলা ও ঢাকাসহ সব মহানগরের বিশ্বস্ত নেতাদের সঙ্গে ফোনালাপসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছেন। সংশি¬ষ্টদের সঙ্গে আলাপকালে তিনি সরকারবিরোধী চলমান আন্দোলনে শিগগিরই ‘অসহযোগ’ কর্মসূচি যুক্ত হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে এজন্য সর্বাÍক প্রস্তুতিও নিতে বলেছেন। সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে আলাপকালে তারেক রহমান সম্ভাব্য অসহযোগ কর্মসূচিকে ২০-দলীয় জোটের সরকারবিরোধী ‘চূড়ান্ত’ কর্মসূচি আখ্যা দিয়েছেন। পাশাপাশি কারও গাফিলতির কারণে ‘চূড়ান্ত আন্দোলন’ ব্যর্থ হলে পরিণতির সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কেও নেতাদের ধারণা দেওয়া হয়েছে।
তারেক রহমানের আন্দোলন-নির্দেশনা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন একাধিক জেলা বিএনপির নেতা। বরিশাল (উত্তর) জেলা বিএনপির এক নেতা নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেছেন, আন্দোলন তীব্র করার বিষয়ে তারেক রহমান তৃণমূল নেতাদের সঙ্গে প্রায় নিয়মিত যোগাযোগ রাখছেন। কখনও তিনি নিজে ফোন দিচ্ছেন, কখনও তার প্রতিনিধিরা বার্তা পৌঁছাচ্ছেন। কী নির্দেশ দিচ্ছেন তারেক রহমান, এমন প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, তারেক রহমানের আন্দোলন নির্দেশনার মূল তথ্য হচ্ছে নেতাকর্মীদের মাঠে নামতে হবে। নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত দলে-দলে মাঠে না নামবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলনের সফলতা নিয়ে সংশয় থাকবে। সুতরাং মাঠে নামতেই হবে।’
তারেক রহমানের ঘনিষ্ঠ লন্ডনের একাধিক সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশ তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারির পর থেকেই জেলা নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তারেক রহমান। গত ৬ জানুয়ারি অবরোধ কর্মসূচি শুরুর পর ২০-দলীয় জোটের মাঠের করণীয় বিষয়ে তিনি দায়িত্বশীল নেতাদের প্রয়োজনীয় মতামত দিয়েছেন। মতামত দেওয়ার আগে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমতি-পরামর্শ নিয়েছেন এবং নিচ্ছেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া গ্রেপ্তারের পর সরকারবিরোধী আন্দোলনে কে কোথায় কী দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত রয়েছে ২০-দলীয় জোটের। আন্দোলনকালে শীর্ষ নেতারা গ্রেপ্তার হলে পর্যায়ক্রমে যেসব নেতা আন্দোলন সমন্বয় করবেন, সেই তালিকাও চূড়ান্ত করে সংশি¬ষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদককে বলেছেন, যতক্ষণ পর্যন্ত সরকার সংলাপের মাধ্যমে চলমান সংকট নিরসন না করবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা আছে খালেদা জিয়ার। তিনি গ্রেপ্তার হলে করণীয় কী হবে, তা-ও নির্ধারণ করা আছে। আন্দোলনের ক্ষেত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মতামত আগ থেকেই গুরুত্ব পাচ্ছে। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে চলমান আন্দোলন আরও তীব্র হবে। বিএনপির নীতিনির্ধারণী এই নেতা অবশ্য এখনও মনে করেন, সরকার শেষপর্যন্ত খালেদা জিয়াকে গ্রেপ্তারের ঝুঁকি নেবে না।























































