জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাগলের ছিম গাছ খাওয়া নিয়ে দু’পরিবারের বিরোধের জের ধরে ছাগলের মালিক শ্যামলা বিবি(৪৫)’র লাথির আঘাতে শিম গাছের মালিক জাহানারা বেগম (৫০) নামে এক গৃহবধুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘাতক শ্যামলা বিবি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রামবাসী তাকে আটকে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত জাহানারা বেগম উপজেলার পৌর এলাকাধীন বারেরা গ্রামের রিক্সা চালক শাহজানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,সকালে বারেরা গ্রামের মজিব পেশকারের বাড়ির ভাড়াটিয়া রিক্সা চালক শাহজানের স্ত্রী জাহানারা বেগমের শিম গাছ খেয়ে ফেলে একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির দিনমজুর বজলু মিয়ার স্ত্রী শ্যামলা বিবির একটি ছাগল। এ নিয়ে দু’গৃহবধুর মাঝে তর্ক বিতর্কের এক পর্যায়ে শ্যামলা বিবি জাহানারা বেগমের তলপেটে লাথি মারলে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে।
স্থানীয়রা এ সময় তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পরে শ্যামলা বিবি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


















































