তাওহিদ হোসেন মিঠু ঃ
মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় ট্রাক চালক ও হেলপার দগ্ধ হওয়ার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দেবিদ্বার থানায় মামলা হয়েছে।
দেবিদ্বর থানার উপ-পরিদর্শক(এসআই) জাকির সিকদার বাদি হয়ে বুধবার (৪ মার্চ) দুপুরে এ মামলা দায়ের করেছেন।
পুলিশ ওই ঘটনায় দেবিদ্বার ইউছুফপুর গ্রামের আউয়াল মেম্বারের ছেলে শিবির নেতা অলিউল্লাহ (৩০) ও বুড়িচং উপজেলার পাচোরা গ্রামের আব্দুল হাকিমের পুত্র শিবির নেতা সাইফুল ইসলাম(১৮)কে আটক করেছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গতকাল রাত ৮ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সীমান্তে সিএন্ডবি ও ইউছুফপুর এলাকার মধ্যবর্তী স্থানে অজ্ঞাত দুস্কৃতিকারীরা পেট্রোল বোমা হামলা চালালে ট্রাকের চালক ও হেলপার দু’জনই মারাত্মকভাবে দগ্ধ হন এবং ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আন্দোলনকারিদের বিরুদ্ধে মামলা হয়েছে তবে তাদের বেশিরভাগই জামায়াত-শিবিরের নেতাকর্মী ।

















































