জাকারিয়া মানিক/ইমতিয়াজ আহমেদ জিতুঃ
শীঘ্রই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হচ্ছে। জাতীয় সংসদে গতকাল বুধবার (০৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দিয়েছেন। এতে নতুন আরেক অধ্যায়ের সূচনা হচ্ছে শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা। অবসান হতে যাচ্ছে বিভাগ দাবীতে করা দীর্ঘ তিন যুগের আন্দোলনের।
কুমিল্লা বিভাগের দাবীতে ১৯৮৬ সালে দেশের প্রথম আন্দোলন শুরু হয় কুমিল্লায়। দীর্ঘ এ সময়ের মধ্যে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ বাস্তবায়ন হয়েছে। অবশেষে গত ২৬ জানুয়ারি ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলাকে নিয়ে একটি প্রশাসনিক বিভাগ ঘোষণার আশ্বাস দেন।
২০০৯ সালের ২১ জুন গত আওয়ামী লীগ সরকারের প্রথম জাতীয় সংসদ অধিবেশনের বাজেট বৈঠকে প্রথম বক্তব্যে কুমিল্লা সদর উপজেলা থেকে নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হাজি আ. ক. ম. বাহাউদ্দিন বাহার কুমিল্লা বিভাগ বাস্তবায়নের স্বপক্ষে জোড়ালো অবস্থান নেন। এর পর থেকে এ পর্যন্ত যতোবার তিনি সুযোগ পেয়েছেন জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর যুক্তিযুক্ত ও জোড়ালো অবস্থান ছিল নজরে পড়ার মতো।
কুমিল্লা বিভাগের দাবীতে জাতীয় সংসদে বক্তব্যকালে হাজি আ. ক. ম. বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ২০১১ সালের আদম সুমারি অনুযায়ি কুমিল্লা জেলায় ৫৬ লাখ ৪৬ হাজার, চাঁদপুর জেলায় ৩৯ লাখ ৮৬ হাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৪ লাখ ৬০ হাজার, নোয়াখালি ৩২ লাখ, লক্ষèীপুর জেলায় ১৮ লাখ এবং ফেনী জেলায় ১৫ লাখ অধিবাসী। কুমিল্লা পদ্ধতি সারাদেশে খাদ্যে বিপ্লব ঘটিয়েছে। ‘আজকে জাতী খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য চাহিদা পূরণ করে এবার ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে শুধু কুমিল্লা জেলায়। কুমিল্লা জেলায় খাদ্য চাহিদা ৯ লাখ ৮০ হাজার মেট্রিক টন। দেশে প্লাবনভূমিতে মৎস চাষ কুমিল্লা এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্লাবনভূমিতে মৎস চাষে বছরে ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন মৎস উৎপাদিত হয়েছে। কুমিল্লায় মৎস চাহিদা ৯৫ হাজার মেট্রিক টন। ঐতিহ্যমন্ডিক কুমিল্লায় জন্মগ্রহণ করেছে বাবু ধীরেন্দ্র নাথ দত্ত। তিনি ১৯৪৮ সালের ২৩ ফেব্র“য়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের বক্তব্যে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদের রেজুলেশন ইংরেজী এবং উর্দ্দূর সাথে বাংলায় লিখতে হবে। সেই পরিষদের স্পীকার দাবী মেনে নেয়নি। এ সময় লিয়াকত আলী খান তাঁকে ধমক দিয়ে বলেছিলেন, মি: দত্ত আপনি বেশী বাড়াবাড়ি করেছেন। পরে ১৯৭১ সালে বাবু ধীরেন্দ্র নাথ দত্তকে ঘর থেকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে। ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরানী। নানা কারনে আজো তাঁকে জাতির কাছে তুলে ধরা সম্ভব হয়নি। বেগম রোকেয়ার জন্মের নয় বছর পূর্বে কুমিল্লা নগরীতে ‘নবাব ফয়জুন্নেছা গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেছেন নবাব ফয়জুন্নেছা চৌধুরানী। কুমিল্লা সদর হাসপাতাল, নগরীর শৈলরানী স্কুল, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকায় নবাব ফয়জুন্নেছা কলেজ তিনি প্রতিষ্ঠা করেছেন। নবাব ফয়জুন্নেছা চৌধুরানী সৌদিআরবে হজ্জ্ব করতে গিয়ে সেখানে একটি সরাইখানা প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেখানে তিনি নিয়মিত অনুদান পাঠাতেন। ওই সরাইখানা আজো বিদ্যমান। নারী আন্দোলনের এই অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন-কর্ম ও ইতিহাস পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করতে শিক্ষামন্ত্রীর কাছে তিনি আহবান জানান। যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাঁর সম্পর্কে জানতে ও জ্ঞান অর্জন এবং এমন কৃতিমান সন্তান জন্মগ্রহণ করতে পারে। এক সঙ্গিত সাধক শচীনদেব বর্মন জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়। যাকে সারাবিশ্বের মানুষ চেনে। কুমিল্লার আরেক কৃতিসন্তান এডভোকেট রায় বাহাদুর মনমোহন বর্ধন ১৮৬৭ সালে কুমিল্লা জজ কোর্টে আবেদন করেছিলে, আদালতের কার্যক্রম বাংলায় চালু করার জন্যে। এবং সেই ইংরেজ আমলেই ওই আন্দোলনে তিনি সফল হয়েছিলেন। আর্ন্তজাতিক মাতৃভাষার রূপকার কুমিল্লারই আরেক কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা রফিক। আর্ন্তজাতিক মাতৃভাষা হিসেবে বাংলাকে ঘোষণা দিতে আর্কিটেক্ট হিসেবে তিনিই জাতিসংঘে প্রথম এ প্রস্তাব দেন। কুমিল্লার সমতল ভূমিতে দেড় শ’ বছর আগে ত্রিপুরার মহারাজ প্রথম প্রশাসনিক কার্যক্রম চালু করেন। কুমিল্লার কোটবাড়িতে ৮শ’ বছর আগে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। কুমিল্লায় সিটিকর্পোরেশন হয়েছে। কুমিল্লা ‘মেট্রোপলিটন পুলিশ’ কার্যক্রম চালু করার প্রক্রিয়া চলছে। কুমিল্লায় রয়েছে ৫শ’ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল। কুমিল্লা শিক্ষাবোর্ড রয়েছে। আছে কুমিল্লা বার্ড। স্থাপিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা ইপিজেডে ২শ’ ১৩ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। ৫৫ শিল্পকারখানার প্লট দেয়া হয়েছে। ৩৬টি প্লটে শিল্পকারখানা স্থাপিত হয়েছে। সেখানে ২০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। চলতি ২০১৬-২০১৭ অর্থ বছরে সবগুলো প্লটে শিল্পকারখানা চালু হলে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এখান থেকে গত অর্থ বছরে ২ লাখ ৫২ হাজার ২শ’ ৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানী করা সম্ভব হয়েছে। সকল ব্যাংকের জিএম অফিস রয়েছে। সকল সরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় অফিস রয়েছে কুমিল্লায়। শুধু নেই বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তার অফিস ও কর্মকর্তাগণ।
প্রাচীন শহর কুমিল্লা। নোয়াখালী নয়, কুমিল্লাই বিভাগ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার জাতীয় সংসদে ফরিদপুর জেলা ও শিক্ষা ও সংস্কৃতির পাদপিঠ কুমিল্লা জেলাকে বিভাগে উন্নীত করা হবে বলে ঘোষণা দিয়েছেন। এ দুই বিভাগ গঠনের কাজও একসাথেই শুরু হবে বলে তিনি জানান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ময়মনসিংহ বিভাগ গঠনের কাজ শুরু হয়েছে। এরপরই এ দুই বিভাগ গঠনের কাজও শুরু হবে। নতুন বিভাগ গঠন করা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও উন্নয়ন কর্মকান্ড তরান্বিত হবে। এতে মানুষ সেবা পাবে এবং মানুষের ঢাকায় আসার প্রবণতা কমে আসবে। প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ব্রাম্মণবাড়িয়া ও ফেনী জেলা নিয়ে গঠন করা হবে কুমিল্লা বিভাগ।
প্রধানমন্ত্রীর এ ঘোষণায় কুমিল্লা নগরীতে মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। অবরোধ-হরতালে আতংকিত মানুষের মাঝে আনন্দ দেখা যায়।
এ বিষয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন গণদাবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক অশোক কুমার বড়–য়া গতকাল বুধবার রাতে দৈনিক পূর্বাশাকে জানিয়েছেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ছিল সময়ের দাবী। এর স্বপক্ষে কুমিল্লার সকলস্তরের মানুষ ঐক্যবদ্ধ ছিল। এতে করে কুমিল্লাবাসীর জীবনমান আরো সমৃদ্ধ ও উন্নত হবে। জাতীয় ও অর্থনৈতিক অঙ্গণে কুমিল্লার গৌরব ও কর্তৃত্ব আরো বাড়বে।


















































