রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোনালদোকে ছাড়িয়ে আবারও মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৫

Messi-Ronaldo

স্পোর্টস ডেস্কঃ

আগের ম্যাচে ইউয়েফা চ্যাম্পিয়ন লীগে লিওনেল মেসির ক্যারিয়ার গোলের রেকর্ড টপকে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এবার চলতি স্প্যানিস লা লিগায় রোনালদোকে টপকে গেলেন লিওনেল মেসি। আর লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার লিওনেল মেসির জোড়া গোলে এইবারকে ২-০ গোলে হারায় লুইস এনরিকের দল। এ জয়ে পয়েন্ট তালিকার এককভাবে অবস্থান আরও সংহত করলো কাতালানরা। দিনের অন্য ম্যাচে পয়েন্ট খুইয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আটলেটিকো মাদ্রিদ। এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দিয়েগো সিমেওনের দল।

দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনাকে শনিবার রাতে ম্যাচের শুরুতে কিছুটা ছন্দহীন মনে হলেও দ্রুতই মাঠে আধিপত্য বিস্তার করে লিওনেল মেসিরা। ৩১তম মিনিটে এগিয়েও যায় কাতালানরা। নিজেদের ডি বক্সে স্বাগতিক ডিফেন্ডার বোরহা একিসা হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টি পায় বার্সেলোনা। তা থেকেই দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও বাইরে মারেন দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেজ। ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তিনি। এর চার মিনিট পর আর বার্সেলোনাকে রুখতে পারেনি এইবারের রক্ষণভাগ। ইভান রাকিতিচের কর্নারে নিচু হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। গোললাইন থেকে রক্ষণের একজন বল ফেরানোর চেষ্টা করলেও পারেননি। তার পায়ে লেগে বল জালে ঢুকে যায়। এবারের লিগে আর্জেন্টাইন অধিনায়ক মেসির এটা ৩২তম গোল। ২ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিকে দিনের অপর ম্যাচে পয়েন্ট হারিয়েছে আটলেটিকো মাদ্রিদ। এসপানিওলের মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এ ড্রয়ে লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরো পিছিয়ে পড়ল কোচ দিয়েগো সিমেওনের দল। এ নিয়ে লীগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল তারা। আগের দুই ম্যাচে সেভিয়া ও ভ্যালেন্সিয়ার সঙ্গেও ড্র করেছিল আটলেটিকো। টানা ব্যর্থতায় ২৭তম রাউন্ডে এসে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেল তারা, তাদের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে এইবারকে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ২৭ ম্যাচে কাতালানদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। এক ম্যাচ কম নিয়ে রিয়ালের পয়েন্ট ৬১। চলতি লা লিগায় সর্বোচ্চ ৩২ গোলের কৃতিত্ব লিওনেল মেসির। ৩০ গোল নিয়ে মেসির পেছনে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার রোনালদো।

লা লিগা গোলদাতা

লিওনেল মেসি (বার্সেলোনা): ৩২

রোনালদো (রিয়াল মাদ্রিদ): ৩০

নেইমার (বার্সেলোনা: ১৭

বুয়েনো (রায়ো ভায়েকানো): ১৫

গ্রিয়েজম্যান (অ্যাটলেটিকো): ১৪

কার্লোস বাকা (সেভিয়া): ১৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি