গত নির্বাচনের মতো মামলার কারণে হয়রানির ঘটনা এবারও আছে। তবে হয়রানির শিকার ব্যক্তির পরিবর্তন হয়েছে। ২০০২-এর সিটি নির্বাচনে মামলার ভয়ে আওয়ামী লীগের প্রার্থীরা পালিয়ে বেড়িয়েছেন। এবার আত্মগোপনে আছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। ঢাকার ৯৩ ওয়ার্ডে বিএনপির ১১৮ কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে প্রায় সাড়ে নয়শ মামলা আছে। এর মধ্যে মিরপুরে ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলুর বিরুদ্ধে ১২০টি মামলা রয়েছে। এদের প্রায় সবার বিরুদ্ধেই নাশকতা এবং সহিংসতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অনেকেই জেলে আছেন। তারা কারাগার থেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যারা জেলের বাইরে আছেন তাদেও বেশির ভাগই পুলিশের ভয়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালাতে পারছেন না। গ্রেফতার আতংকে আত্মগোপন অবস্থায় আত্মীয়স্বজন দিয়ে প্রচার চালানোর চেষ্টা করছেন। এই ১১৮ জনের বাইরেও ওয়ার্ড কাউন্সিল পদে বিএনপির নেতারা প্রার্থী হয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলো তাদের নাম তালিকাভুক্তির কাজ করছে। সব নাম এবং তাদের নামে মামলার সংখ্যা, মামলার অবস্থা সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার পর চূড়ান্ত রিপোর্ট তৈরি হবে বলে জানা গেছে। প্রাথমিক তালিকায় ১১৮ জনের নাম পাওয়া গেছে। যাদের নামে প্রায় সাড়ে নয়শ মামলা আছে। যুগান্তরের সরেজমিন অনুসন্ধান এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম যুগান্তরকে বলেন, যাদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগ আছে তাদের অনেকেই আত্মগোপন করে আছেন। পুলিশের খাতায় তারা পলাতক আসামি। কাজেই এ ধরনের কোনো আসামি নির্বাচনে অংশ নিলে বা পুলিশ তার খোঁজ পেলে গ্রেফতার করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
বিএনপি সমর্থিত প্রার্থীরা বলেন, তাদের বিরুদ্ধ রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। সিটি নির্বাচনে এসব মামলা তাদের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। বিএনপি সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে গড়ে ৮টি করে মামলা আছে। একজনের বিরুদ্ধেই সর্বোচ্চ মামলা আছে ১২০টি। প্রার্থীদের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা, ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও পুলিশ এবং সরকারি জানমালের ওপর আঘাতের অভিযোগে এসব মামলা আছে। এসব মামলার বেশির ভাগই তদন্তাধীন আছে। অল্প কিছু মামলার চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়েছে বলে জানা গেছে।
সিটি নির্বাচনে আওয়ামী লীগের বেশির ভাগ প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকাসহ সারা দেশে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাহার করা হয়। এমনকি খুন, ধর্ষণ ও চাঁদাবাজির মামলাও প্রত্যাহার করা হয়েছে। এ কারণে এবার কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো মামলা নেই। কিন্তু এলাকায় তাদের অনেকেই ভোটারদের কাছে গডফাদার, সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত।
গোয়েন্দা সংস্থাটির করা প্রতিবেদন ও যুগান্তরের অনুসন্ধানে দেখা গেছে, বিএনপির যেসব নেতা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের অধিকাংশই মামলার আসামি। তাদের বেশির ভাগই পলাতক। দু-একটি মামলায় তারা জামিনে আছেন। কিন্তু একের পর এক মামলা দেয়ায় তারা সবগুলোতে জামিন নিতে পারেননি। বিএনপি সমর্থিত প্রার্থীরা বলছেন, তাদের কাছেও খবর আছে পুলিশ তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তারা কোথায় আত্মগোপনে আছেন তা জানার জন্য আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিচ্ছে। তারা অভিযোগ করেন, তথ্য নেয়ার নামে পরিবারের সদস্যদের আটক করে হয়রানিও করা হচ্ছে। তারা বলেন, নির্বাচন করতে হলে মামলার বোঝা নিয়েই মাঠে কাজ করতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রামপুরা থানা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ ফরুর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তিনি আত্মগোপনে আছেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে বলেন- নির্বাচন করার ইচ্ছা আছে। মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু সরকার তো পুলিশ দিয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। এলাকায় ঢুকতে না পারলে নির্বাচন কিভাবে করব? এভাবে বিএনপি নেতাকর্মীরা মামলা মাথায় নিয়ে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্র্র্থী জালাল আহমেদের বিরুদ্ধে রয়েছে ৮টির বেশি মামলা। তিনিও আত্মগোপনে আছেন।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হামিদুল হকের বিরুদ্ধে ১৮টি মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন। মোবাইল ফোনে হামিদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন- কাঁধে মামলা থাকায় এলাকায় ঢুকতে পারছি না। এখন শুনছি যাদের মামলা আছে তাদের পুলিশ ধরবে। একদিকে নির্বাচন অন্যদিকে পুলিশের তাড়া, তাহলে কোথায় যাব?
খিলগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারুকুল ইসলাম এবং দক্ষিণের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের বিরুদ্ধে রয়েছে ৯টিরও বেশি মামলা।
দক্ষিণের ২ ওয়ার্ডের সাবেক কমিশনার বিএনপি নেতা গার্মেন্ট ব্যবসায়ী এনামুল হক কাইয়ুমের বিরুদ্ধে নাশকতার ৫টি মামলা। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন তিনি আত্মগোপনে আছেন। তিনি যুগান্তরকে বলেন- মামলার ভয় দেখিয়ে আমাদের এলাকা ছাড়া করা হচ্ছে। নির্বাচনে অংশ নিলেও পালিয়েই প্রচারণা চালাতে হবে। তা হলে এ নির্বাচনের মানে কি? দক্ষিণের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আজমত আলী কনু ১০টি মামলা ঘাড়ে নিয়ে কারাগারে রয়েছেন। তিনিও প্রার্থী।
দক্ষিণের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হোসেনের বিরুদ্ধে ১৩টি রাজনৈতিক মামলা। দক্ষিণের ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা বাদশার বিরুদ্ধে ৮টি মামলা আছে।
দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্রার্থী মকবুল আহম্মেদ কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা আছে ৭টি। তিনি কারাগারে থেকেই নির্বাচন করবে বলে জানা গেছে। দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বিএনপি নেতা হারুন অর রশিদের বিরুদ্ধে প্রায় ৫০টি রাজনৈতিক মামলা আছে। তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে আছেন। তবুও তিনি নির্বাচন করবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ রাজনৈতিক মামলায় আত্মগোপনে আছেন। তিনি ২০০২ সালে এই ওয়ার্ড থেকে একই পদে নির্বাচন করে পরাজিত হন। এবারও নির্বাচনে প্রার্থী। কিন্তু পুলিশের ভয়ে এলাকায় আসতে করতে পারছেন না। দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বিএনপি নেতা লিয়াকত হোসেনের বিরুদ্ধে ৮টিরও বেশি মামলা আছে।
দক্ষিণের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান তানভীর রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। তিনি কারাগার থেকেই নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই ওয়ার্ডের সাবেক কমিশনার সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক শামসুল হুদার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তবে তিনি জামিনে রয়েছেন। তিনি বলেন, এখন অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে হয়রানি করা হয় কিনা সংশয়ে আছেন তিনি।
দক্ষিণের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বিএনপি নেতা আলতাফ হোসেনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। ওই মামলায় তিনি ৪ জানুয়ারি গ্রেফতার হন। বর্তমানে কারাগারে আছেন। তিনি নিজে মনোনয়নপত্র দাখিল করতে যাননি। রোববার তার পক্ষে তার স্ত্রী রাফিয়া খাতুন মনোনয়নপত্র জমা দেন। একই ওয়ার্ডের আরেক বিএনপি নেতা তাসাদ্দেক হোসেন বাবুলের বিরুদ্ধেও অন্তত ৯টি মামলা রয়েছে। তিনিও আত্মগোপনে।
দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মোশারফ হোসেন খোকনের বিরুদ্ধে অন্তত ১০টি রাজনৈতিক মামলা রয়েছে। তিনি আত্মগোপনে আছেন।
দক্ষিণের পর ২৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী বিএনপি নেতা সাইদ হোসেন সোহেল রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। একই ওয়ার্ডের আমিনুল ইসলাম আমীনের বিরুদ্ধে প্রায় ৪টি মামলা থাকায় তিনি আত্মগোপনে আছেন। দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা জামালুর রহমান চৌধুরী, রেজাউল করিম বদু, গোলাম সরওয়ারের বিরুদ্ধে ৪টিরও বেশি করে মামলা রয়েছে। দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা আছে। বর্তমানে তিনি এই দুই মামলায় কারাগারে আছেন।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিএনপি নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে ১০ থেকে ১২টি মামলা, উত্তরের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে মিরপুর থানা বিএনপির সভাপতি হাজী আবদুর রহমানের বিরুদ্ধে ২৩টি মামলা আছে। তিনি মামলার ভয়ে এবার নির্বাচন করছেন না। উত্তরের ১০ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী ওয়াহিদুল আলম লাবুর বিরুদ্ধে ৮ থেকে ১০টি মামলা রয়েছে।
১১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও বিএনপি সমর্থিত প্রার্থী আবুল বাশারের বিরুদ্ধে ৬টি মামলা, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব বিএনপি সমর্থিত প্রার্থী বাবুল আখতারের বিরুদ্ধে ৪টি মামলা। ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মতিনের বিরুদ্ধে ৫টি মামলা। উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্র্থী আবুল মিসেরের বিরুদ্ধে ৭টি মামলা। ঢাকা সিটি নির্বাচন উত্তরের ১৪ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী দুলাল আহমেদ, আকরাম হোসেন ও মাহবুবুর রহমান মনির প্রত্যেকের বিরুদ্ধে ৯টির বেশি মামলা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, নির্বাচনী নীতিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর পুলিশ আইন অনুযায়ী পলাতক আসামি ও সহিংসতাকারীদের গ্রেফতার অভিযান চালাবে। এটা পুলিশের রুটিন ওয়ার্ক। এ অভিযানে কোনো প্রার্থী আসামি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপির একজন কর্মকর্তা বলেন, ইতিমধ্যে সব জোনের উপ-কমিশনারদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার যুগান্তরকে বলেন, আইন তার আপনগতিতে চলবে। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, নাশকতা ও সহিংসতাকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। কেউ কোনো রাজনৈতিক দলের নেতা কিনা সেটা মুখ্য বিষয় নয়। নাশকতাকারীরা পুলিশের কাছে সবসময় অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এদিকে, বিএনপির একাধিক প্রার্থী আশংকা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক হয়রানিমূলক মামলার কারণে তাদের প্রার্থিতাও বাতিল হয়ে যেতে পারে।
























































