শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির দুর্গ খ্যাত চাদঁপুরের ফরিদগঞ্জে বিএনপির সাংগাঠনিক কাঠামো ভেঙ্গে পড়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৫

faridganj upazila
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
চাদঁপুরের সংসদীয় ৫ টি আসনের মধ্যে ফরিদগঞ্জ (সংসদীয় আসন-৪) একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এ আসনটি বরাবরই বিএনপি’র শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিতি। কিন্তু ২০০৮ সালের পর থেকে এ উপজেলায় বিএনপির অর্ন্তকোন্দল, পরস্পরের সাথে সমন্বয়ের অভাব, সিনিয়র নেতাকর্মীদের অবহেলা ও বহিস্কারের ফলে বিএনপি’র দুর্গ খ্যাত ফরিদগঞ্জে বিএনপি’র সাংগাঠনিক কাঠামো প্রায় ভেঙ্গে পড়েছে । সাম্প্রতিক অবরোধ-হরতালে অনেকটা দায়সারা ও ফটোসেশনের রাজনীতিতে সীমাবদ্ধ উপজেলা বিএনপির রাজনীতি।
১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে আলমগীর হায়দার (বিএনপি) প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে আ’লীগের প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়। ফলে এ উপজেলা পরিণত হয় বিএনপির শক্ত ঘাটিতে। ২০০৮ সালের সংসদ নির্বাচনে উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব এম এ হান্নান বিএনপির মনোনয়ন পান। কিন্তু ঋণ খেলাপির কারনে তার প্রার্থীতা বাতিল হলে, লায়ন হারুন ( যদিও তিনি বিএনপির রাজনীতির সাথে তেমন সক্রিয় ছিলেন না) বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে আ’লীগ সমর্থিত প্রার্থী সাংবাদিক শফিকুর রহমানকে প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
২০০৮ সালে লায়ন হারুন এমপি হওয়ার পর উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন। যদিও অনেক তৃণমূল নেতাকর্মীরা এ কমিটিকে পকেট কমিটি হিসেবে বিবেচিত করেন। এ কমিটি গঠনের পর অর্ন্তকোন্দল বৃদ্ধি পেতে থাকে।
লায়ন হারুন এমপি থাকা অবস্থায় পৌর নির্বাচনে মেয়র পদে তার সমর্থিত প্রার্থী শফিক পাটোয়ারী বিপুল ভোটে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ মনজিল পাটোয়ারীর (উপজেলা বিএনপি নেতা এম এ হান্নান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতাহের হোসেন পাটোয়ারী সমর্থিত প্রার্থী )কাছে পরাজিত হয়। এ নির্বাচনের পর বিএনপির অর্ন্তকোন্দল আরো বৃদ্ধি পায়।
এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫টি ইউনিয়নে উপজেলা বিএনপি নেতা এম এ হান্নান সমর্থিত ৬ প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতাহের হোসেন পাটোয়ারী সমর্থিত ৩ জন প্রার্থী বিজয়ী হয়। অপরদিকে এমপি লায়ন হারুনের একজন প্রার্থী জয়লাভ করে এবং বাকি ৫টি ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করে। এ নির্বাচনে এমপি লায়ন হারুনের প্রার্থীদের করুণ পরাজয় , অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জয়লাভের ফলে উপজেলা বিএনপিতে এমপি লায়ন হারুন বেশ বেকায়দায় পড়ে যায়।
২০১৪ সালের ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে আ’লীগ প্রথমবারের মত এ আসনে জয়লাভ করে। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ লায়ন হারুন সমর্থিত প্রার্থী শরীফ মোঃ ইউনুস পরাজিত হয়। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত বিজয়ী হন আ’লীগ সমর্থিত প্রার্থী সাঈদ সরকার।
তৃণমূল নেতাকর্মীরা জানান, প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্ত, উপজেলার বিএনপির অন্যান্য নেতাদের হাতে সমন্বয়ের অভাব, চরম অর্ন্তকোন্দলের ফলে উপজেলা নির্বাচনে বিএনপি পরাজিত হয়।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, উপজেলা বিএনপি নেতা এম এ হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতাহের হোসেন পাটোয়ারী ও দু’বারের পৌর মেয়র মোঃ মনজিল পাটোয়ারীর সাথে সমন্বয় করে প্রার্থী মনোনয়ন দিলে বিএনপির এ করুন দশা হতো না।
স্থানীয় সূত্র জানায়, তিনবারের সাবেক সাংসদ আলমগীর হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতাহের হোসেন পাটোয়ারীকে দলে অবহেলা এবং দু’বারের পৌর মেয়র মোঃ মনজিল পাটোয়ারী ও উপজেলা বিএনপি নেতা এম এ হান্নানকে দল থেকে বহিষ্কার করায় উপজেলা বিএনপির সাংগাঠনিক কাঠামো অনেকাংশে ভেঙ্গে পড়েছে।
বর্তমানে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচীতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা তেমন সক্রিয় নেই বলে স্থানীয় সূত্র জানায় । বিশেষ করে গত এক বছরে আন্দোলনে তেমন তৎপরতা নেই নেতাকর্মীদেরু।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বিএনপির কিছু নেতাকর্মী সরকার দলীয় নেতাকর্মীদের সাথে আতাঁত করে নিজেদের নিরাপদে রাখছেন। এতে করে মামলা ও পুলিশি হয়রানি থেকেও মুক্তি পাচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ লায়ন হারুনের বিরুদ্ধে তেমন কোন রাজনৈতিক মামলা হয়নি। তিনি নিজের গা বাঁচিয়েই রাজনীতি করছেন বলে তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, অর্ন্তকোন্দল মিটিয়ে সকল নেতাদের সাথে সমন্বয় করে সাংগাঠনিক কাঠামো মজবুত না করলে এ উপজেলায় বিএনপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি