সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশান কার্যালয়ে খালেদার ৩ মাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৫

03

বিশেষ প্রতিবেদনঃ

নিজ কার্যালয়ে খালেদা জিয়ার ৩ মাসবাসা ছেড়ে রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থানের তিন মাস পূর্ণ হচ্ছে আজ। ৩ জানুয়ারি এই কার্যালয়ে তিনি প্রবেশ করেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। সেখান থেকেই ৫ জানুয়ারি অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন। কার্যালয়ে অবস্থান করেই তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে চিরবিদায় দিয়েছেন তিনি। ২১ ফেব্র“য়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও কার্যালয় থেকে বের হননি খালেদা জিয়া। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও কার্যালয় তল্লাশি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি চলমান অবরোধ-হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতার অভিযোগে ৪টি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

কার্যালয়ে অবস্থানকালে বর্তমানে প্রতিদিন পত্রিকা পড়ে ও দলসমর্থিত পেশাজীবী নেতাদের সঙ্গে দেখা-সাক্ষাতের মাধ্যমে সময় পার করেন খালেদা জিয়া। তার এ অবস্থানের সময় প্রতিদিনই খালেদা জিয়ার জন্য কার্যালয়ে খাবার নিয়ে যান তার দুই ভাই সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রীরা ও বড় বোন সেলিনা আক্তার বিউটিসহ পরিবারের সদস্যরা।

কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এমএ কাইয়ুম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত সিএসএফের সদস্যরা গুলশান কার্যালয়ে অবস্থান করছেন।

কার্যালয়ে অবস্থানকালে তিনি হারিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। ২৪ জানুয়ারি কোকো মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান। অবরোধ চলাকালীন বাসে পেট্রলবোমা হামলা ও মারা যাওয়ার ঘটনায় তাকে হুকুমের আসামি করে দায়ের করা হয় ৪টি মামলা। গুলশান কার্যালয় ঘিরে পুলিশের উপস্থিতিতেই প্রতিদিনই ঘেরাও-বিক্ষোভ-মিছিলসহ নানা কর্মসূচি পালন করে সরকারদলীয় বিভিন্ন অঙ্গ-সহযোগী ও পেশাজীবী সংগঠন। ৩০ জানুয়ারি শেষ রাতে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, টেলিফোন, ইন্টারনেট, কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর খালেদা জিয়া পরিষ্কার জানিয়ে দেন যত কিছুই হোক কার্যালয় ছাড়বেন না তিনি। ১৯ ঘণ্টা পর তার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ ও দূতাবাসগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ দিন পর মোবাইল নেটওয়ার্ক সংযোগ দেওয়া হয়।

গুলশান কার্যালয়ে অবস্থানকারীদের জন্য ভ্যানে করে নেওয়া খাবার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর প্রথম ফিরিয়ে দেয় পুলিশ। সেই সঙ্গে কড়াকড়ি আরোপ করা হয় কার্যালয় ঘিরে। এরপর কার্যালয়ের গেটে একটি টেবিল ও খাতা-কলম নিয়ে বসেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা। কার্যালয়ে যাওয়ার সময় তারা নাম-ঠিকানা ও মোবাইল নম্বর লিখে তারপর ঢোকার অনুমতি দেওয়া হতো। ওইদিন থেকে দলীয় নেতাকর্মীদের আনা খাবার গুলশান কার্যালয়ে আর প্রবেশ করতে দেয়নি পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি