শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নববর্ষ উদ্যাপনে বিভিন্ন সংগঠনের প্রস্তুতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৫

 

জাকারিয়া মানিক ॥
কুমিল্লায় বৈশাখ-১৪২২ উদ্যাপন করতে এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। মহানগরীর পৌরপার্কের জামতলাসহ বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঙ্গালীর ঐতিহ্য বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠান উদ্যাপন করা হবে। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্র, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। এসব অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন, নগরীর বিভিন্ন কলেজ-বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেবে। অসাম্প্রদায়িক মানবসমাজ গঠন ও সাম্য-সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আয়োজিত এ অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লাকে নিয়ে বৈঠক করেছে জেলা ও পুলিশ প্রশাসন।
অনুষ্ঠন সূচীর মধ্যে রয়েছে বর্ষ-১৪২১ বিদায় উপলক্ষে ৩০ চৈত্র বিকাল ৪টায় কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে ঘুড়ি উৎসব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল ও বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। ১লা বৈশাখ সকাল ৭ টায় মঙ্গল শোভাযাত্রা, ১০ টায় সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, ছাড়া গান, সাধারণ নৃত্য, আবৃত্তি, নজরুল, রবীন্দ্র, লোকগীতি, লোক নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রতিদিন বিকাল ৩ টা হতে রাত ৯ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। ১লা বৈশাখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা হাজি আ. ক. ম. বাহাউদ্দিন বাহার ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ। ২রা বৈশাখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মহিলা সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার এবং বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি ও কুমিল্লা নজরুল পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রুস্তম আলী।
সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা’র সভাপতি পাপড়ী বসু জানিয়েছেন, কুমিল্লার জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সম্মিলিতভাবে ১লা বৈশাখ-১৪২২ উদ্যাপন করতে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা’ ইতোমধ্যে বৈশাখ উদ্যাপন পরিষদ গঠন করেছে। অনুষ্ঠন সফল করতে কুমিল্লার সকল সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বৈঠক করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বাঙালীর প্রাণের উৎসব বাংলাবর্ষ বিদায় ও বরণে সকলের সহায়তা কামনা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি