শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবৈধ অস্ত্রের সিটি নির্বাচন!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৫

ostro

পূর্বাশা ডেস্কঃ

রাজধানীর মানুষ এখন ব্যস্ত সময় পার করছে সিটি করপোরেশন নির্বাচনী কর্মকা-ে। বেশ দেরিতে হলেও আবার মানুষের মধ্যে দেখা দিয়েছে নির্বাচনী আমেজ। তাই বেশ সু-সময় কাটছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের। রাজধানীর বেশিরভাগ এলাকাতেই ঘুরে দেখা গেছে নির্বাচনী প্রচার প্রচারণার ব্যস্ত বিভিন্ন রাজনৈতি দলের নেতাকর্মীরা। তবে রাজনৈতিক আমাজের পাশাপাশি উত্তেজনাকর পরিস্থিতেও পিছিয়ে নেই তারা। তাই ব্যাতি-ব্যস্ততার মাঝেও দুঃসময়ের ছাপও দেখা মিলছে। নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে স্বজাতীয় দলগুলোর মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, তাই তারা বেছে নিচ্ছে নানা অবৈধ পন্থা। বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। তার প্রমাণও মিলছে গত কয়েক মাসে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের তথ্যে। গত দুই মাসে রাজধানীতেই ৭০টি আগ্নেয়াস্ত্র জব্দ ও ১৫০ রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। পৃথক কয়েকটি অভিযানে ডিবি ও থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করেছে। বিক্রির উদ্দেশ্যে অস্ত্র ব্যবসায়ীরা এসব অস্ত্র ঢাকায় এনেছিল।

রাজধানীর বেশ কয়েকটি নির্বাচনী এলাকা অনুসন্ধানে দেখা গেছে, নির্বাচনী পরিস্থিতিকে ঘিরে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। স্ব-দলীয় ছোট নেতাকর্মী থেকে শুরু করে উচ্চপর্যায়ের নেতাদের কাছেও এখন মিলছে দেশি-বিদেশি অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো কিভাবে বাড়ছে এই অবৈধ অস্ত্র, আর কোথা থেকে আসছে এই সব অস্ত্র।

সম্প্রতি পুলিশের একটি সূত্র জানিয়েছে, সিটি নির্বাচনকে ঘিরে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের চালান বাড়ছে। বেশ কয়েকটি হাত ঘুরে এই সকল অস্ত্রের চালান আসছে। তাছাড়া রাজনৈতিক দলের নেতাদের পরোক্ষ ছত্রছায়াই এই ধরণের চালান পার হচ্ছে বলে সঠিক সময়ে তারা পদক্ষেপ নিতে পারছে না।

রাজধানীর বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক কর্মীরা আমাদেরসময় ডটকমকে বলেন, রাজনৈতিক প্রচার প্রচারণায় আমাদের মাঠে থাকতে হয়। আমাদের প্রতিপক্ষও আছে। সব দলের প্রার্থীরাই চাইবে নিজেদের আধিপত্য বজায় রাখতে। আর এই আধিপত্য টিকিয়ে রাখতে অনেক সময় প্রতিপক্ষের মুখো মুখি হতে হয়। তাই আমরা অনেক সময় নিজেদের নিরাপত্তার জন্যেও অস্ত্র রাখি।

শুধু দলীয় কর্মীরাই নয়, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বিভিন্ন সূত্র বলছে, রাজধানীতে এখন বেড়েছে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। হাত বাড়ালেই মিলছে আগ্নেয়াস্ত্র। বেশিরভাগ অস্ত্রই আসছে সীমান্ত এলাকা থেকে যা সহজেই চলে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে। প্রতিনিয়ত হাত বদলও হচ্ছে এসব। ভাড়ায় খাটছে অনেক অবৈধ অস্ত্র। এমনকি বৈধ অস্ত্রধারীরাও তাদের অস্ত্র ভাড়া দিচ্ছে সন্ত্রাসীদের কাছে। আবার ভুয়া লাইসেন্স দেখিয়েও অস্ত্র কিনছে অনেক সন্ত্রাসী চক্র। ছোট-বড় সব সন্ত্রাসীর হাতেই এখন দেখা যাচ্ছে অস্ত্র।

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশ বিভিন্ন প্রার্থী ও তাদের সহযোগীদের ওপর নজরদারি করছে। পুলিশ বলছে, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের কাছে এ ব্যাপারে চিঠি যাচ্ছে।

সম্প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ‘সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশনাকে সব ধরনের সহযোগিতা করা হবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের এ সরকার কোন ধরনের ছাড় দেবে না। তাদের গ্রেফতার করা হচ্ছে এবং এ প্রক্রিয়া অব্যাহত আছে। বৈধ অস্ত্র দিয়ে কেউ অপরাধ করলে কিংবা তা প্রমাণিত হলে তার লাইসেন্স বাতিল করা হবে।’

সংশ্লিষ্ট সুত্র মতে, ঢাকার ৮টি ক্রাইম জোনে লাইসেন্সধারী পিস্তলের সংখ্যা ১ হাজার ২৪৭টি, এর বিপরীতে গুলি বরাদ্দ রয়েছে ২৭ হাজার ২৫৬টি। রিভলবার রয়েছে ১ হাজার ২৭টি, রিভলবারের বিপরীতে গুলি বরাদ্দ রয়েছে ১৫ হাজার ৮৭৫টি। রাইফেল রয়েছে ৬৯৩টি, এর বিপরীতে গুলি বরাদ্দ রয়েছে ৪৩ হাজার ২৬৫টি। পুলিশের তথ্য মতে, ডিএমপি এলাকায়, বৈধ অস্ত্রের সংখ্যা ৬ হাজার ১৯৫টি। এসব অস্ত্রের বিপরীতে গুলি বরাদ্দ রয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৩১টি। লাইসেন্সকৃত শটগানের সংখ্যা ৭৭৩টি, এর বিপরীতে গুলি বরাদ্দ রয়েছে ১৮ হাজার ৬৩১টি। একনলা বন্দুকের সংখ্যা ১ হাজার ৩৮৮টি, এর বিপরীতে গুলি বরাদ্দ রয়েছে ১৬ হাজার ২৬০টি। দোনালা বন্দুকের সংখ্যা ১ হাজার ৬২টি, এর বিপরীতে বরাদ্দকৃত গুলির সংখ্যা ১৬ হাজার ৩৪৪টি। এ ছাড়া ৫টি এয়ারগান রয়েছে।

ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, বৈধ অনেক অস্ত্রের গুলির হিসাব থাকে। এ ছাড়া গুলি খরচ করা হলে সেই গুলির হিসাব দিতে হয়। কিন্তু অসাধু অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে তারা বেশি দামে গুলি কিনে অপরাধ কর্মকান্ডে ব্যবহার করে থাকে। এ ছাড়া লাইসেন্সকৃত অস্ত্রের গুলির সঙ্গে মিলিয়ে অস্ত্র ব্যবসায়ীরা বিশেষ উপায়ে অবৈধ গুলি সরবরাহ করে থাকে। অনেক বৈধ অস্ত্রধারী গোপনে এসব গুলিও ব্যবহার করে থাকে। এসব গুলি দিয়ে বৈধ অস্ত্র ভাড়া দেওয়ার নজিরও রয়েছে।

ডিএমপি মুখপাত্র ও অতিরিক্ত ডিআইজি (সদ্য পদোন্নতি প্রাপ্ত) মনিরুল ইসলাম গতকাল বলেন, শুধু অস্ত্র উদ্ধার নয় তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানও চলছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। তিনি বলেন, বৈধ অস্ত্র দিয়ে কেউ অপরাধ করলে আইনের দৃষ্টিতে সে অপরাধী। তাই কোন সন্ত্রাসী কিংবা ক্রিমিনালকেই ছাড় দেয়া হবে না।

রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে এখন সবচেয়ে বেশি মজুদ রয়েছে ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল। এছাড়া ২২ বোর, ৭ দশমিক ৬২ বোর, ৯ এমএম পিস্তলের মজুদও রয়েছে অনেক। এসব অস্ত্র বিকিকিনি হচ্ছে ৪০ হাজার থেকে ১ লাখ টাকায়। ৭ দশমিক ৬৫ বোরের পিস্তলের ৭ ইঞ্চি ও ৫ ইঞ্চি নামে দু’টি ভাগ রয়েছে। এর মধ্যে ৫ ইঞ্চির ক্ষুদ্রাস্ত্রটির চাহিদা সবচেয়ে বেশি। এটি শরীরের সঙ্গে সহজেই বহন করা যায় বলে আন্ডারওয়ার্ল্ডে এর চাহিদা ব্যাপক। অবৈধ অস্ত্রের সবচেয়ে বেশি চালান আসে সীমান্তের ২০টি পয়েন্ট থেকে। এগুলো হলো চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ, যশোরের শার্শা ও বেনাপোল, কুষ্টিয়ার দৌলতপুর, মেহেরপুরের গাংনী, রাজশাহীর গোদাগাড়ী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত, সিলেটের কানাইঘাট, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের বিভিন্ন সীমান্ত, হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্ত, নওগাঁ’র পতœীতলা, কুমিল্লার বিবিরবাজার, চৌদ্দগ্রাম, ফেনীর বিলোনিয়া, আমতলী, কক্সবাজারের টেকনাফ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, দিনাজপুরের বিরল এলাকা।

সাম্প্রতিক সময়ে একাধিক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবির এক কর্মকর্তা জানান, চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ, মনাকষা ও যশোরের শার্শা ও বেনাপোল দিয়ে বেশি অস্ত্র ঢুকছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা মহানগর এলাকায় ৬ সহস্রাধিক বৈধ অস্ত্র ও সোয়া লক্ষাধিক গুলি বরাদ্দ দেওয়া রয়েছে। এসব অস্ত্র-গুলি ব্যবহারে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এরই মধ্যে বৈধ অস্ত্র দিয়ে সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, অতীতের মতোই নির্বাচন কমিশন বৈধ অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হবে। একই সঙ্গে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের কোনো অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের এক সপ্তাহ আগে নির্বাচন কমিশন অথবা ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সব বৈধ অস্ত্র ব্যবহারকারীদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়ার পরিকল্পনা চলছে।

জানা গেছে, রাজধানীর তেজগাঁও এলাকার ক্ষমতাসীন দলের কয়েকজন কাউন্সিলর প্রার্থী নির্বাচনী গণসংযোগের সময় সঙ্গে অস্ত্র রাখছেন। প্রচারণার সময় প্রার্থীর সঙ্গে থাকছে নিজস্ব বাহিনী। তাদের সঙ্গেও থাকছে আগ্নেয়াস্ত্র। প্রার্থী তার বাহিনীর বেশির ভাগ সদস্যের জন্যই ইতিমধ্যে বাগিয়ে নিয়েছেন বৈধ আগ্নেয়াস্ত্র। প্রচারণার এসব দৃশ্য দেখে ভোটাররা রীতিমতো বিব্রত ও আতঙ্কিত। এ বিষয়টি ইতিমধ্যে গোয়েন্দাদের নজরেও এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি