পূর্বাশা ডেস্কঃ
যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
কনিবার (১১ এপ্রিল) ভোরে বেনাপোলের পুটখালি সীমান্তের ঘোনার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেনাপোলের পুটখালি এলাকার আজিজুল ইসলামের ছেলে আকু (২৮) ও আব্দুস সাত্তারের ছেলে শান্ত (৩৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ৫/৬ জনের একদল গরু ব্যবসায়ী বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যায়। শনিবার ভোরে ফেরার পথে বেনাপোলের পুটখালি সীমান্তের ঘোনার মাঠ এলাকায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে আকু ও শান্ত গুলিবিদ্ধ হয়। অপর গরু ব্যবসায়ীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার পথে সকাল সাড়ে ৭ টায় দিকে বেনাপোলের কাগজপুকুর এলাকায় শান্তর মৃত্যু হয়। সেখানেই তার লাশ রেখে সহযোগীরা আকুকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টায় তার মৃত্যু হয়।
বর্তমানে আকুর লাশ বেনাপোল পোর্ট থানায় রয়েছে এবং শান্তের লাশ তার পরিবার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।























































