স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বিভিন্ন সীমান্তে প্রায় দেড় কোটি টাকার মাদকসহ অন্যান্য চোরাইমাল আটক করেছে ১০ বিজিবির সদস্যরা।
শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ চোরাইমালগুলো আটক করা হয়। রোববার দুপুর ২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, ১০ বিজিবির (বর্ডার গার্ড ব্যাটালিয়নের) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোখলেসুর রহমান এর দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০ টায় নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে সদরের অন্তর্গত বড়জ্বালা বিওপির “নিশ্চিন্তপুর” নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১ লক্ষ ২৪ হাজার পিস প্যারাকটিন ট্যাবলেট এবং ১ লক্ষ ২৬ হাজার ৩২০ পিস ডেক্সিন ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ ১৯ হাজার ২ শত টাকা।
এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ৮০ বোতল ভারতীয় হুইস্কি, ২৫ বোতল বিয়ার, ১৩ কেজি গাঁজা, ৫৩ বোতল কোরেক্স সিরাপ, ১ টি মোটর সাইকেল, ৭৪ টি গ্লোকোজ এবং ৮৭৪ টি চকলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লক্ষ ৭৩ হাজার ৪ শত টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।


















































