সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেরা সালমান, দীপিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

image_125480_0

বিনোদন ডেস্কঃ

বিগত বেশ কয়েক বছর ধরেই সালমান খান বলিউডি পরিচালক ও প্রযোজকের কাছে এক আস্হার নাম৷ বক্সঅফিসে ঝড় তুলে লাভের কড়ি ভালোরকমই তিনি ঘরে তুলে দিচ্ছেন একের পর এক৷ তাই এই ‘দাবাং’ তারকার ওপর যেকোনো বাজি ধরতেই আর আগুপিছু ভাবেন না কম দামি থেকে দামি পরিচালক-প্রযোজকরা৷ শুধু কি তাই? ব্যবসা সংক্রান্ত অ্যাডের দুনিয়াতেও কাঁপিয়ে দিচ্ছেন সালমান সমানতালে৷ আসলে পর্দায় সালমান মানেই এক আলাদা আবেগ এখনকার তাবৎ সল্লু ফ্যানদের কাছে৷ এ ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও সালমানের জুড়ি মেলা ভার৷ মিনিটে-মিনিটে হু হু করে বাড়ছে তারফ্যান, ফলোয়ার৷ আর প্রচারের মধ্যমণি হয়ে থাকা মানেই তার ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল কৌতূহল মানুষের মনে৷ আর সেই কৌতূহল মেটাতে হামেশাই সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক খবরও প্রকাশিত হচ্ছে৷ সব মিলিয়ে সালমানের এখন বৃহস্পতি অষ্টমে৷ আর এ সব কিছুর জন্যই নতুন করে স্বীকৃতি পেলেন সল্লু মিয়াঁ৷ তাকে ২০১৪ সালের সেরা অভিনেতার তকমা দিয়েছে একটি প্রখ্যাত ইংরেজি দৈনিক৷

তবে এ ধরনের তকমা পাওয়ার কাজটি একেবারেই খুব একটা সহজসাধ্য নয়৷ অভিনেতা-অভিনেত্রীদের পপুলারিটি, বক্সঅফিসের ঘরে তুলে দেওয়া টাকার পরিমাণ, খবরের হেডলাইনে উঠে আসার হার, ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল, বিজ্ঞাপন জগতে আধিপত্য– এ সব কিছুর নিরিখে ২০১২ সাল থেকে ওই ইংরেজি দৈনিকটি প্রতি মাসে সেলেবে‘ প্রকাশ করে থাকে৷ যা ইতিমধ্যেই জনপ্রিয়তাও লাভ করেছে৷ ৬৫টির বেশি বিভিন্ন ভাষার পত্রপত্রিকা, প্রায় ২৫৫টি টেলিভিশন চ্যানেল থেকে তথ্য-সংগ্রহ করে বেছে নেওয়া হয় চূড়ান্ত সেলেবকে৷

২০১৪ সালে প্রকাশিত প্রতি মাসের এই সেলেবেক্সের তালিকার ভিত্তিতে এবার সালমান খান পেয়েছেন সেলেবে‘ অফ দ্য ইয়ার-এর শিরোপা৷ কয়েকদিন আগেই মোট ৫০ জন বলিউডি তারকার এক তালিকা প্রকাশ করা হয়েছে৷ আর তাতেই সব থেকে বেশি পয়েন্ট পেয়ে বলিউডি তরুণ তুর্কিদের টেক্কা দিয়ে এক নম্বর জায়গাটিতে জাঁকিয়ে বসেছেন সালমান৷ তিনি কত পয়েন্ট পেয়েছেন জানলে অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড় হতে পারে৷ সালমানের খাতায় জমা পড়েছে মোট ৫৫২.৮ পয়েন্ট! আর এই বিপুল সংখ্যক পয়েন্টই সালমানকে এনে দিয়েছে সেরার শিরোপা৷

এরপরই বেশ কয়েক পয়েন্টের তফাতে দ্বিতীয় স্হানটি দখল করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান৷ আর এ বিষয়ে শাহরুখের পরেটে জমা পড়েছে ৪৪০.৩ পয়েন্ট৷ আর সালমান ও শাহরুখের পর আছেন বলিউড শাহেনশা বিগ বি অমিতাভ বচ্চন৷ তিনি পেয়েছেন ৩৬৩.৬ পয়েন্ট৷ তালিকার সেরা পাঁচের বাকি দুটি জায়গা দখল করে নিয়েছেন ৩৪৪.৫ পয়েন্ট পাওয়া অক্ষয়কুমার এবং ২৯৯.৭ পয়েন্ট পাওয়া ঋত্বিক রোশন৷
তবে সেরা দশে ঠাঁই করে নিয়ে কোনো রকমে মুখরক্ষা করেছেন রণবীর কাপুর, আমির খান, সাইফ আলি খান, অর্জুন কাপুর এবং অভিষেক বচ্চন৷ আর সেরা পঞ্চাশে যাদের ঠাঁই হয়েছে তারা হলেন, অজয় দেবগণ, রণবীর সিং, শাহিদ কাপুর, ইমরান হাশমি, জন আব্রাহাম, রজনীকান্ত, ইরফান খান, আদিত্য রায়কাপুর, অনিল কাপুর, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, টাইগার শ্রফ প্রমুখ৷

অন্যদিকে এই সমীক্ষায় বছরের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকন৷ ৪৭৬.৩ পয়েন্ট পেয়ে দীপিকা এই শীর্ষস্হানটি দখল করেছেন৷ আর তার পরেই আছেন অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া৷ তার ঝুলিতে ৩৮৯.২ পয়েন্ট৷ আর তিন নম্বর জায়গাটি দখল করে রীতিমতো চমকে দিয়েছেন আলিয়া ভাট৷ এছাড়াও সেরা দশে নাম লিখিয়েছেন সোনাক্ষী সিনহা, সোনম কাপুর, মাধুরী দীক্ষিত, আনশকা শর্মা এবং পরিণীতি চোপড়া৷ তবে দীর্ঘ পাঁচ বছর বলিউডে অনুপস্হিত থাকা বচ্চন গৃহবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও কিন্তু নিজের যোগ্যতাতেই ঢুকে পড়েছেন তালিকায়৷ তার স্হান ১২তম৷ তবে ‘জজবা’ নিয়ে নতুন ইনিংস শুরু করা ঐশ্বরিয়া যে পরের বছর তালিকার প্রথম দিকেই নিজের জায়গা পাকা করবেন এরকম সম্ভাবনা উঁকি দিচ্ছে এখন থেকেই৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি