শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পুলিশের বাসায় গৃহকর্মী খুন, মৃতদেহ হাসপাতালে রেখে পালায় গৃহকর্তী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৫

comilla murder-1

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার জিলা স্কুলের অপর পার্শ্বের সমতট ল্যাগাসি ভবনে পুলিশ কর্মকর্তার বাড়িতে রিনা আক্তার (১৭) নামের এক গৃহপরিচারিকা খুন হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রী ফেনি জেলার ফুলগাজি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ মোল্লার স্ত্রী লিপি আক্তারকে আটক করেছে পুলিশ।

comilla murder-2

নিহত রিনা আক্তার বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। রিনা আক্তার গত প্রায় ৪ বছর ধরে পুলিশ দম্পতির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিলেন।

বুধবার দুপুর দেড়টায় কুমিল্লা সদর হাসপাতালের ইর্মাজেন্সিতে মরদেহটি ফেলে চলে যায় ফেনি জেলার ফুলগাজি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ মোল্লার স্ত্রী লিপি আক্তার । রাত সাড়ে ৭ টায় পুলিশ গৃহকর্ত্রী লিপি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

comilla murder-3

পুলিশ দম্পতি নগরীর কান্দিরপাড় এলাকার জিলা স্কুলের অপর পার্শ্বের সমতট ল্যাগাসি ভবনো তৃতীয় তলার ( সি-থ্রি) ফ্লাটে গত ৭ মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। পুলিশ অফিসার ফেণীর ফুলগাজী থানায় চাকুরী করলেও তার পরিবার কুমিল্লায় থাকে। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় আর গৃহকর্মীর বাড়ি একই জেলার নাসিরনগরে।

কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন মাহমুদ জানান, দুপুরে একজন মহিলা মৃত মেয়েটিকে নিয়ে ইর্মাজেন্সিতে আসে। আমরা পরীক্ষা করে দেখি সে মৃত। এই সুযোগে মহিলাটি পালিয়ে যায়। মৃত মেয়েটির পুরো শরীরে গরম পানিতে পুড়ে যাওয়া, আঘাতের চিহৃ রয়েছে ।

কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, আমি এই বিষয়ে বিস্তারিত কিছুই জানি না। শুধু শুনেছি কে যেন একটি মেয়ের লাশ ইর্মাজেন্সিতে ফেলে চলে গেছে। তিনি জানান, ইর্মাজেন্সিতে মেয়েটি আনার পর তার ঠিকানায় বাড়ি হিসেবে নগরীর টমছমব্রিজ এলাকা উল্লেখ করা হয়। ফলে ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়। পরে কুমিল্লার সাংবাদিকরা ওই ঘটনার রহস্য উদঘাটনে তৎপর হয়ে ওঠে নগরীর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কান্দিরপাড় জিলা স্কুল রোড়ে সমতট ল্যাগাসী নামে ১২ তলা ভবনের তিন তলায় লিপি আক্তারের সন্ধান পায়। পরে ওই বাসায় পুলিশ আসে।

ফেনি জেলার ফুলগাজি থানাতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদ মোল্লা জানান, আমি শুনেছি মেয়েটি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যায় আমার স্ত্রী। তাকে কোন মারধর করা হয়েছে কিনা আমি জানিনা। আমি গৃহপরিচারিকা রিনা আক্তারকে আমার মেয়ের মত দেখতাম। এর বেশি কিছু আমি জানি না।

পুরো শরীরে আঘাতের চিহ্নঃ
হাসপাতালে গিয়ে দেখা যায় রীনা আক্তারের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। হাতের আঙ্গুলে ক্ষত চিহ্ন রয়েছে। নখগুলো থেতলানো। বাম হাতের তর্জনী আঙ্গুলের নখ উপড়ে ফেলানো। কাধে বড় বড় ক্ষত চিহ্ন। পিঠের একাংশ গরম পানিতে পোড়ানো চিহ্নসহ হাত মুখসহ গোটা শরীর আঘাতে জর্জরিত।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শফি উদ্দিন জানান, তার পুরো শরীরে আঘাত রয়েছে। গরম পানিতে পুড়ে গেছে। এটি হত্যাকান্ড কিনা এখন বলতে পারবো না। ময়নাতদন্তের পর বলা যাবে।
গৃহকর্ত্রী লিপি আক্তারের দু’ধরনের বক্তব্যঃ
বিকেল সাড়ে ৫ টায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে লিপি আক্তার জানান, গৃহ পরিচারিকা রিনা ৪ মে রাতে ভাতের মাড় ঢালতে গিয়ে হাতের কণুই ও হাত পুড়ে যায়। আমি তাকে লিবেক-৫০০ এমজি ট্যাবলেট এনে দেই। আমি সবসময় কাটাছিড়াই এ ট্যাবলেট খাই। তাই তাকে ডাক্তারের পরামর্শ ছাড়াই এ ট্যাবলেট খাওয়াই। গত ৪/৫ দিন ধরে সে চুপচাপ থাকত। কোন কাজও সে করতে চাইতো না। পরে আমি গতকাল তাকে ঝাড়– দিয়ে তার পিঠে দুটি আঘাত করি। এর বেশি কিছু করিনি। আজ বাচ্ছাদের স্কুলে দিয়ে দুপুরে বাসায় এসে দেখি সে রান্নাঘরে পড়ে আছে। পরে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ভুল ঠিকানা বলার কারণ হিসেবে তিনি জানান, আমি ভয়ে ভুল বলেছি।

polish wife lipi akter

প্রথমবার বক্তব্য দেয়ার পর গৃহকর্ত্রীর বাসায় কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শফি উদ্দিনসহ পুলিশের একটি টিম আসে। এরপর গৃহকর্ত্রী লিপি আক্তারকে একটি কক্ষে নিয়ে (এসআই) শফি উদ্দিন প্রায় আধাঘন্টা কথা বলেন। এ সময় সাংবাদিকরা ওই কক্ষে প্রবেশ করতে গেলে এসআই শফি দরজা লাগিয়ে দেন।

পরে দ্বিতীয়বার সাংবাদিকদের সামনে এসে লিপি আক্তার তার বক্তব্য পরিবর্তন করে বলেন, গত পরশুদিন রিনার শরীরে ভাতের মাড় পরার পর সে ট্যাবলেট খেয়ে সুস্থ ছিল। গতকাল মাঝরাতে সে ঘুমের মধ্যে চিৎকার করে উঠে পুরো ঘর দৌড়াতে থাকে। সে আমাকে বলে , কে যেন তাকে মেরে ফেলছে (জ্বীন-ভূতের দিকে ইঙ্গিত)। সে কয়েকবার পড়ে যায়। তখন সে আঘাত পায়। আজ দুপুরে বাড়িতে ফিরে এসে দেখি সে রান্নাঘরে পড়ে আছে।
যে কারণে এটি হত্যাকান্ড ঃ
পুলিশ এ মৃত্যু নিয়ে কোন সুস্পষ্ট বক্তব্য দিতে না চাইলেও স্থানীয় লোকজন ও ঘটনার বিভিন্ন আলামতে এটি হত্যাকান্ড বলেই মনে করছেন অনেকে। যেমন,
প্রথমত, ভাতের মাড় পড়ার পরও পুলিশের এসআই জাহিদ মোল্লার স্ত্রী লিপি আক্তার পরশুদিন (৪ মে) মেয়েটিকে ডাক্তারের কাছে নেয়নি। ডাক্তারের পরামর্শ না নিয়ে লিবেক-৫০০ এমজি ট্যাবলেট খাওয়ার কথা বলে। তিনদিন ধরে মেয়েটি ডাক্তারের কাছে নেয়া হয়নি। যা রহস্যের জন্ম দিয়েছে।
দ্বিতীয়ত, ঝাড়– দিয়ে গৃহপরিচারিকাকে পিটানোর কথা স্বীকার করেছে লিপি আক্তার।
তৃতীয়ত, গৃহপরিচারিকা প্রায় গৃহকর্ত্রী মারধর করত বলে গৃহকর্ত্রীর বাচ্চারা জানায়।
চতুর্থত, গৃহপরিচারিকাকে হাসপাতালে ভর্তির সময় ভুল ঠিকানা প্রদান করে গৃহকর্ত্রী লিপি আক্তার। ডাক্তার মৃত ঘোষণা করার পর লিপি আক্তার হাসপাতাল থেকে পালিয়ে যায়।
পঞ্চমত, লিপি আক্তার জানান ভাতের মাড় বেসিনে ফেলার সময় ভাতের মাড় রিনা আক্তারের শরীরে পড়ে পুড়ে যায়। কিন্তু মেয়েটির উচ্চতা অনুযায়ী বেসিনের উচ্চতা মেয়েটির চেয়ে অর্ধেক। যদি ভাতের মাড় মেয়েটি ফেলত, তাহলে হাতে পড়ত। কাধেঁ পড়ার সম্ভবনা থাকত না। আর কেউ যদি ঢেলে দেয় তাহলে কাধেঁ পড়ার কথা। মেয়েটির পুরো শরীরের আঘাত দেখে মনে হচ্ছে তার পুরো শরীরে কেউ গরম পানি ঢেলেছে। সেক্ষেত্রে এটি হত্যাকান্ড বলে মনে করছেন অনেকে। তাছাড়া মেয়েটির গলায়, মুখেও আঘাতের চিহৃ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভবনের একজন জানান, পুলিশ অফিসারে ওই বাসায় প্রায়ই গৃহপরিচারিকাকে নির্যাতন করা হত। তার শোর চিৎকার প্রায়ই শোনা যেত। পুলিশ অফিসারে বাসা বলে কেউ বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি।

তাছাড়া গৃহকর্ত্রী লিপি দু’বার ধরনের বক্তব্য দিয়েছেন। পুলিশ আসার আগে এক ধরণের , পরে পুলিশের সাথে কথা বলার পর অন্যরকম বক্তব্য দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি