ডেস্ক রিপোর্টঃ
বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়েছে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি। বৃহস্পতিবার লোকসভায় বিলটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বুধবার রাজ্যসভায় পাসের পর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্বাক্ষর শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য বৃহস্পতিবার লোকসভায় উত্থাপন করা হয় বিলটি। বাংলাদেশের স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় লোকসভায় বিলটি উত্থাপন করেন সুষমা স্বরাজ।
লোকসভায় বিলটি ৩২২-১ ভোটের ব্যবধানে পাস হয়। ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময় এবং সাড়ে ৬ কিলোমিটার সীমান্ত চিহ্নিত করণের জন্য উত্থাপিত হয় বিলটি।
১৯৭৪ সালের ওই চুক্তি বাস্তবায়নের জন্য ২০১১ সালে ভারত-বাংলাদেশের মধ্যে একটি প্রটোকল স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কিন্তু চুক্তি বাস্তবায়নের পথে বাধা ছিলো ভারতের সংবিধান।সংবিধানের এ সংক্রান্ত প্রয়োজনীয় সংশোধনী পাস না হওয়ার কারণেই বিষয়টি এতদিন ঝুলে ছিলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার ভারতের লোকসভায় পাস হয় বিলটি।
লোকসভায় বিলটি পেশের পর উপস্থিত সব পার্লামেন্ট সদস্যের প্রতি দলমত নির্বিশেষে বিলটিকে সমর্থনের আর্জি জানান সুষমা স্বরাজ।
ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই বিলটি পাস হওয়ায় এখন আর ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ে কোনো আইনি বাধা থাকছে না।
ধারণা করা হচ্ছে আগামী জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বাংলাদেশ সফরের সময় চুক্তিটি বাস্তবায়নের অবশিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।























































