ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মহোৎসব হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ভোট কারচুপির অভিযোগ এনে উপজেলা বিএনপি নির্বাচন বর্জন করে। নির্বাচনে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজর (অবঃ) মোঃ আলী সুমন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। শনিবার সকাল ৮টা থেকে কুমিল্লা দাউদকান্দি উপজেলা নির্র্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করে। বিকেল ৪ টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ নির্বাচনে ৯৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ৫৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ও মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৮০৫ জন। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করে।
ভোটকেন্দ্রের নানা চিত্রঃ

বেশিরভাগ ভোট কেন্দ্র ছিল ভোটার শূণ্যঃ উপজেলার ৯৫ টি ভোটকেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। সকাল ৯ টার মধ্যেই বেশিরভাগ কেন্দ্র ভোটার শূণ্য হয়ে পড়ে। এ অবস্থা বিরাজ করে বিকেল ৪ টা পর্যন্ত। সকাল ১০ টার মধ্যে মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কাউদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, খানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশিরভাগ ভোট কেন্দ্রই ভোটারশূণ্য দেখা যায়। পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমান দুই জন ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনের দুইদিন আগেই আমাদেরকে হুমকি প্রদান করা হয়েছে। কেউই তাই ভোট কেন্দ্রে যাচ্ছে না। জীবনের নিরাপত্তার চেয়ে ভোট বেশি নয়। এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে প্রায় ভোট কেন্দ্রেই।
ভোটাররা শংকিত হয়েই ভোট কেন্দ্রে আসেনি। আবার অনেকে আসলেও তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। মাসুদ নামের এক ভোটার বলেন, আ’লীগ নেতাকর্মীরা আমাদের ভোট দিতে দেয়নি। তারা বলেছে- আপনাদের কষ্ট করার প্রয়োজন নেই। একদিনের জন্য আমরা তো আছি। আপনাদের কাজ আমরা করে দেবো।
পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মুয়ীনউদ্দিন বেলা সাড়ে ১১ টায় জানান, এ কেন্দ্রে তেমন ভোটার নেই। প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আনতে ব্যর্থ হয়েছে।
ভোটের সারিতে ছাত্রলীগ-যুবলীগ ও অপ্রাপ্ত বয়স্করা ঃ
বেশিরভাগ কেন্দ্র ভোটার শূণ্য থাকলেও পর্যবেক্ষকদের উপস্থিতি টের পেলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ভোটের সাড়িতে এসে দাড়াঁতে দেখা যায়।
এদের মধ্যে আবার অপ্রাপ্ত বয়স্ক ভোটারও রয়েছে। বেলা ১১ টার দিকে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো ভোটকেন্দ্র ভোটার শূণ্য । সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কেন্দ্রের নিয়ন্ত্রক এক আ’লীগ নেতা কেন্দ্রে পেছনে অবস্থান করা ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের এনে ভোটারদের সাড়িতে দাঁড় করিয়ে দেই। পরে সাংবাদিকদের বলেন, এবার তাদের ছবি তুলেন। তারাই প্রকৃত ভোটার। এ বিষয়ে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সঞ্জয় ঘোষ বলেন, ভাই আমাকে দয়া করে কোন কিছু প্রশ্ন কইরেন না। ভোট শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। পরবর্তীতে কয়েকটি ভোট কেন্দ্রেও অপ্রাপ্ত বয়স্ক ভোটারদের দেখা গেছে।
বুথ ছিল আ’লীগ প্রার্থীর এজেন্টদের দখলে, জালভোটের হিড়িকঃ প্রত্যেকটি ভোট কেন্দ্রেই জাল ভোটের মহোৎসব ছিল। আ’লীগ সমর্থিত প্রার্থীর ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা একেকজন নিজের ইচ্ছেমত ভোট দিয়েছে। তাছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রের প্রত্যেক বুথে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ছাড়া আর কোন প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
সকাল ৮ টা থেকেই এ পরিবেশ বিরাজ করেছে। পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মুয়ীনউদ্দিন বলেন, আনারস (আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী) ছাড়া আর কোন প্রার্থীর এজেন্ট বুথে আসেনি। কেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, প্রায় ভোট কেন্দ্রের প্রত্যেকটি বুথেই আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কমপক্ষে ৫/৬ জন এজেন্ট ছিল। তাদের অনেকে কালো টি-শার্ট, আবার অনেকে পর্যবেক্ষণ কার্ড ছাড়াই বসেছিল।
আবার এসব এজেন্টরাই নিজের ইচ্ছেমত অবাধে জাল ভোট দিয়েছে। কাউদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ সেলিম উদ্দিন জালভোটের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার এখানে কোন জালভোট হয়নি। যদিও এ কেন্দ্রেসহ প্রায় ভোট কেন্দ্রের প্রত্যেকটি বুথে এজেন্টদের অবাধে ভোট দিতে দেখা গেছে।

বিএনপির প্রার্থীদের কোন এজেন্ট ছিল নাঃ সকাল থেকেই কোন ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি, এমনকি নেতাকর্মীদেরকও । নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপির এজেন্ট বলেন, আমার নাম মিডিয়াতে বলবেন না। কারণ আমার বক্তব্য শুনলে আবার পরবর্তীতে কোন মামলায় দেখা যাবে আমি আসামি হয়ে গেছি। আমাদেরকে নির্বাচনের আগের দিন আ’লীগের কর্মীরা গালিগালাজ করে বলে গেছে, যাতে কেন্দ্রে না যাই, এমনকি আমাদের বউ, আতœীয়-স্বজনও যাতে না যায়। গেলে নাশকতার মামলার আসামি করা হবে। তাই কেন্দ্রে যাইনি। আবার অনেকে গিয়ে হুমকি খেয়ে ফিরে এসেছে। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী আবুল হাসেমের প্রধান এজেন্ট মাসুম রেজা মিন্টু বলেন, ভোট শুরু হওয়ার আগেই আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ভোট কেন্দ্র দখল করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা । ভোটারদের হুমকি প্রদান করায় কেউ ভোট দিতে যায়নি। আ’লীগের এজেন্টরাই ভোট দিয়েছে।
ভোট কেন্দ্র পাহারা দিয়েছে ছাত্রলীগ-যুবলীগঃ ভোট কেন্দ্রের বুথে যেমন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল, তেমনি প্রত্যেকটি ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে ছিল ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ বিষয়ে ছাত্রলীগের এক কর্মী জানান, ভোটকেন্দ্রের ভিতরে যাতে কেউ নাশকতা না করতে পারে, সেজন্য আমরা অবস্থান করছি। দেখছেন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
ভোটারদের প্রতিক্রিয়াঃ বেশিরভাগ ভোট কেন্দ্র থেকে ভোট দিতে ব্যর্থ হয়ে ফেরত গিয়েছে অনেক ভোটার। আসলে তারা ব্যর্থ হয়নি, তাদের ভোট অন্যরা দিয়ে গেছে। তাছাড়া তাদেরকে ভোট দিতে দেয়নি ভোট কেন্দ্রে উপস্থিত প্রার্থীর সমর্থকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার (৬২) জানান, আমি আ’লীগের সমর্থক। এমপি সুবিদ আলীর ছেলেকে ভোট দিতে এসেছিলাম। ৫/৬ জন ছেলে আমার হাতের আঙ্গুলে কালির মোচন দিয়ে বলল, আপনি বাড়িতে চলে যান। আ’লীগের কথা বলে বিএনপিকে ভোট দিতে এসেছেন। বুড়ো বয়সে ভন্ডামি। আপনার ভোট আমরা দিবো। এটা কেমন ব্যবহার, বাবা। এই বৃদ্ধের মত আরো অনেকেই হাতের আঙ্গুলে কালির মোচন নিয়ে বাড়িতে ফিরে গেছে । কিন্তু ভোট দিতে পারেনি।

























































