শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মন্ত্রিত্ব টিকলেও দলীয় পদ হারাতে পারেন মায়া-কামরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৫

 

4571

ডেস্ক রিপোর্ট : দল সমর্থিত ঢাকা-উত্তর-দক্ষিণের মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে। ঢাকা উত্তর-দক্ষিণ সিটি নির্বাচনে ছিলেন তারা অনেকটাই নিষ্ক্রিয়। নির্বাচনী কর্মকা- সংক্রান্ত নেতাদের আমলনামা এখন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। দলের একাধিক নেতা জানান তারা নগরের নেতাকর্মীদের সাথে আলাপ করে খোঁজ নিয়ে জেনেছেন সিটি নির্বাচনে মায়া-কামরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ঢাকা মহানগর আওয়ামী লীগের মধ্যম সারির অনেক নেতাও কাজ করেননি দল সমর্থিত প্রার্থীদের পক্ষে। বিষয়টি দলের হাইকমান্ডও অবগত হয়েছেন বলে জানা গেছে। নির্বাচনে বিতর্কিত ভূমিকার জন্য বর্তমান কমিটির মায়া-কামরুলসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে বাদ দেয়া হচ্ছে। এই বাদের প্রাথমিক তালিকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামের নাম রয়েছে। তাদের দু’জনের মন্ত্রিত্ব টিকলেও দলীয় পদ হারাবেন। সূত্র জানায়, ঢাকা মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে ক্লিন ইমেজের অপেক্ষাকৃত, তরুণ, যোগ্য ও মেধাবীদের দিয়ে নতুন কমিটি সাজানো হচ্ছে। এছাড়া ক্ষমতার প্রায় সাড়ে ৬ বছরে দল ভাঙিয়ে যারা সংগঠনবিরোধী কার্যকলাপ, ব্যাপক চাঁদাবাজি ও দখল রাজনীতি করেছেন তাদের তালিকাও এখন প্রধানমন্ত্রীর হাতে। সময় মতো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে। ঢাকা মহনগর আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা জানান সিটি নির্বাচনে অনেক প্রভাবশালী নেতা সরাসরি বিরোধিতা করেছেন দলীয় মেয়র প্রার্থীদের বিরুদ্ধে। ঢাকা উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন নির্বাচিত হলেও একাধিক নেতার ছিল রহস্যময় ভূমিকা।

নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত ঢাকা মহানগরীর অনেকের মধ্যেই ছিল দ্বিধা-দ্বন্দ্ব। এ ছাড়া ঢাকা মহানগরের একাধিক দলীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রায় সাড়ে ছয় বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো দুর্বল হওয়ার কারণে সিটি নির্বাচনে বিজয়ী হওয়াটা ছিল অনেকটা ঝুঁকিপূর্ণ। দলের তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন নেতার অনুসারী হওয়ায় ঐকবদ্ধভাবে নির্বাচন করাও ছিল দলের জন্য চ্যালেঞ্জ। খোঁজ নিয়ে জানা গেছে, সিটি নির্বাচনে দলের ভিতর থেকে বিরোধিতা না হলে কাউন্সিলর পদে আরো অনেকেই বিজয়লাভ করতে পারতেন। ঢাকা মহানগরের একাধিক দলীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়েও ছিলো নানা প্রশ্ন। সাংগঠনিক দুর্বলতার কারণেই ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৬ জন বিদ্রোহী প্রার্থীর জয় হয়েছে বলে মনে করেন মাঠের নেতা-কর্মীরা।

দলে সাংগঠনিক সংকটের কারণে একাধিক কাউন্সিলর প্রার্থী দলীয় সমর্থন পেয়েও নির্বাচনে জয়ী হতে পারেননি। এদিকে, ঢাকার দুই সিটি নির্বাচনে নেতাদের ভূমিকা বিবেচনায় এনে গঠন করা হচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ কমিটি। নির্বাচনী কর্মকা- সংক্রান্ত নেতাদের আমলনামা এখন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। কার কী ভূমিকা সে সম্পর্কে পুরোপুরি অবগত তিনি। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতার সাথে কথা বলে জানা গেছে, নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে দেয়া হতে পারে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ। আর উত্তরে সভাপতির দায়িত্ব পেতে পারেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া মেয়র আনিসুল হককে সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেয়া হতে পারে। পাশাপাশি সদ্যসমাপ্ত দুই সিটি নির্বাচনের প্রচারণায় যেসব নেতা বিশেষ ভূমিকা রেখেছেন তাদের উত্তর ও দক্ষিণের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে কমিটি এখনও ঘোষণা করা হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি