শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আপাতত কঠোর আন্দোলনে যাচ্ছে না বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৫

 

Khaleda_

বিশেষ প্রতিবেদনঃ

বিএনপি আপাতত কঠোর কোন আন্দোলনে যেতে চাইছে না। দলকে সুসংগঠিত করা, বিএনপির আটককৃত নেতা কর্মীদের জামিন লাভ, তাদেরকে মুক্ত করে আন্দোলনে কাজে লাগানো, দলের নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক কাটানো, জনগণের সমর্থন আদায়, আন্তর্জাতিক সমর্থন আরো পক্ষে নেওয়া এবং সরকারকে কিছুটা অস্বস্তিতে রাখার জন্য আপাতত আন্দোলনে যেতে চাইছে না।

বিএনপির এখন অনেকটা নীরব রয়েছে। সরকার দলের চেয়াপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলা চার্জশিট দেওয়া পরও তিনি কোন প্রতিক্রিয়া দেখাননি। একটি বিবৃতি পাঠিয়েছেন তার দলের একজন নেতাকে দিয়ে। আপাতত তার বিরুদ্ধে সরকার কঠোর হার্ড লাইনে থাকলেও তিনি হার্ড লাইনে যাচ্ছেন না।

তিনি চাইছেন, সরকার যাতে আপাতত বুঝতেই না পারে বিএনপি কি করছে। আবারও কঠোর আন্দোলনে যাওয়ার চিন্তা করছেন। তবে এটা বর্ষা মৌসুমে নয়। শীত মৌসুমে নতুন করে আন্দোলন করার পরিকল্পনা করছেন। সেই হিসাবে নানা দিক আলোচনা করছেন। জোট নেতাদের সঙ্গেও কথা বলবেন খালেদা জিয়া।

সরকারের নীত নির্ধরকদের মধ্যে এখন একটা প্রশ্ন জেগেছে, সিটি নির্বাচনে সরকারী দলের সমর্থিত প্রার্থীরা জয়ী হওয়ার পর, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় চার্জশিট দেওয়ার পরও কেন নীরব।

সরকারের সংশ্লিষ্ট একজন মন্ত্রী বলেন, আমরা মনে করেছিলাম বিএনপি নতুন করে আবার আন্দোলনের চেষ্টা করবে। সেটা করলেও তাদেরকে করতে দেওয়া হবে না। বরং সরকারও তাদেরকে প্রতিহত করবে। কিন্তু কোন চাপেই বিএনপি ও দলের প্রধান কিছুই বলছে না। আর এই কারণেই এখন অপেক্ষা করতে হচ্ছে বিএনপি কি করবে তা দেখার জন্য।

সূত্র জানায়, সরকারের মধ্যে প্রশ্ন একটাই বিএনপি এখন কি করবে। এই খোঁজ করতে সরকারও নানাভাবে খোঁজ খবর করছে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।

বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, সরকার বিএনপিকে চাপে রেখেছে, সিটি নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ার জন্য কারচুপি করেছে। এরপর যাতে নতুন কোন আন্দোলন শুরু করতে না পারে সেই জন্য দলের প্রধান ও অন্যান্য নেতার বিরুদ্ধে মামলায় চার্জশিটও দিয়েছে। সরকার বিএনপিকে আন্দোলনে নামার জন্য উস্কে দিচ্ছে। আর এই উস্কানী দিয়ে আন্দোলন শুরু করাতে চাইছে। সেটা করলেই সরকার বিএনপির বিরুদ্ধে আরো সমলোচনা মুখর হবে। কিন্তু বিএনপি নীরব থাকার পর সরকারের সেই উদ্দেশ্য সফল হবে না। আমরা আপাতত আন্দোলনে যাচ্ছি না।

বিএনপি কি করবে এখন এই প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা বলেন, বিএনপি এখন দলকে সসুংগঠিত করবে। দলের ভেতরে কিছু সমস্যা আছে সেটা কাটিয়ে উঠতে হবে। কিছু নেতা আছেন যারা দায়িত্ব পালন করার কথা কিন্তু সেটা ঠিক মতো করছেন না। পদ দখল করে রেখেছেন। আর সেটা রেখেই তারা নানা সুবিধা নিচ্ছেন। ওই সব নেতারা মাঠে থাকলে দলের আরো সাফল্য আসতো সেটা আসছে না।সেই জন্য দলের একটি কাউন্সিল করা প্রয়োজন। সেটা ঈদুল আযহার পরের করার কথা ভাবা হচ্ছে। সেই হিসাবে নতুন নতুন কিছু মুখকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে।

সূত্র জানায়, বিএনপি ৭৫ টি সাংগঠনিক জেলা রয়েছে ওই সব জেলায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। গত বছর ১২ টি জেলায় কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। ঢাকায় ১০০ ওয়ার্ডে সহ মূল কমিটির পূর্নাঙ্গ কমিটি করারও পরিকল্পনা ছিল সেটাও পুরোপুরি করা সম্ভব হয়নি। ঢাকায় এখনও আহ্বায়ক কমিটি রয়েছে। আর এই আহ্বায়ক কমিটির কর্মকান্ড কি সেটা সিটি নির্বাচনের সময়ে দলের প্রধান দেখেছেন।

এছাড়াও দলের গুরুত্বপূর্ন অনেক নেতা রয়েছেন। ওই সব নেতারা কারাগারে থাকায় তাদের কাজগুলো আপদকালীণ সময়ে চালানোর জন্য দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে। এই অবস্থায় দলের সাংগঠনিক জেলাগুলো বিবেচনা করেই এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, নেতা কর্মীদের নামে মামলা দিয়ে ও নেতাদের মধ্যে আতঙ্ক তৈরি করে সরকার বিএনপির আন্দোলন ঠেকাতে চাইছে। এতে সাময়িকভাবে সরকার সফল হলেও আগামী দিনে এর সুফল আসবে না। বিএনপিও আগামী দিনে সুবিধা পাবে। এখন মানুষও ভয়ে কিছু বলছে না। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে মানুষ এর জবাব দিবে। সরকার সেই সুস্থ নির্বাচনই করতে চাইছে না। সিটি নির্বাচনে কি হয়েছে এটা দেশবাসী ও আন্তর্জাতিক মহল দেখেছে। সরকার তাদের প্রার্থী জয়ী হওয়াকে বিজয় মনে করলেও আসলে বিএনপি সড়ে আসার পর তাদের এই জয়ের কতটুকু মূল্য আছে সেটা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

বিএনপি কি করবে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই জনগনের জন্য যে লক্ষ্য নিয়ে কাজ করছে সেই লক্ষ্য পূরণ করতে যা যা করা দরকার এর সবই করবে। জনগনকে বিএনপির উপর আস্থা রাখতে হবে। তাদেরকে এখন যে অবস্থা রয়েছে সেখান থেকে মুক্ত করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে।

বিএনপিকে দূর্বল মনে করছে সরকার। সরকারের নীতি নির্ধারকরা মনে করছে বিএনপি আর কোন আন্দোলন করতে পারবে না। আন্দোলনে গেলেই সরকার তা দমন করবে এই অবস্থায় কি করা সম্ভব এই ব্যাপারে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, সরকার বন্দুকের আর গুলির ভয়ে দেখিয়ে পথ চলছে। তারা রাজনীতি থেকে বিএনপিকে মাইনাস করতে চাইছে। এই জন্য সরকার যা যা করার সবই করবে। নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছে। সরকার অস্ত্র হাতে আমরা খালি হাতে।

এই অবস্থায় আমাদের পক্ষে কি করা সম্ভব। সরকার সাহস থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দমণ নিপীড়ন না করে, মিথ্যে অভিযোগে মামলা না করে ও মিথ্যে স্বাক্ষী দিয়ে অভিযোগে প্রমাণের চেষ্টা না করে বরং এই পথ ছেড়ে জনগনের সমর্থন বিচার কর’ক তাহলেই দেখবে সরকারের অবস্থা কি। সরকার সিটি নির্বাচন করে যে বিজয় অর্জন করেছে মনে করছে, এটা আসলে তাদের বিজয় নয়। দৈন্য দশার চিত্র।

সবাই দেখেছে সরকার ৫ জানুয়ারী যে নির্বাচন করেছিল এর চেয়ে আরো বাজে একটি নির্বাচন করেছে ২৮ এপ্রিল। আর এরমাধ্যমে সরকার যে ৫ জানুয়ারী একটি খারাপ নির্বাচন ও বিতর্কিত নির্বাচন করেছিল সেটাও প্রমাণ হয়েছে। এখন দেশে বিদেশে সবাই বুঝে গেছে বিএনপির অভিযোগ সত্য। আর সরকারের জন সমর্থন নেই বলে সরকার নিজে নিজেই সিল মেরে জয়ী হয়েছে। এখন সরকারের ভেতরে নতুন করে টেনশন বিএনপি কি করছে। আর সেটা জানার পর তারা আরো নতুন করে ঠেকানোর পরিকল্পনা করবে। সেটা করে সরকার সমলোচনায় পড়বে। ম্যাডামের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ কোন দিন সত্য নয়। সেটা সরকারও জানে। আর জেনেও সরকার দ্রুত তার বিচার করতে চাইবে। এই জন্য সাজানো স্বাক্ষী দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে চাইছে। এই ভাবে কি হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপিকে সরকার নিশ্চিহ্ন করে ফেলতে চাইছে। সেটা করার জন্য সব করছে। এমনকি আমাদের চেয়ারপারসনের উপরেও হামলা করানো হয়েছে। তার জীবন নাশের চেষ্টা করা হয়েছে। নেতা কর্মীদেরকে হয়রানী করা হচ্ছে। যে সব নেতারা সামনে আসছেন তাদেরকেই মামলা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য নেতাদের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। সরকার যেভাবে এগুচ্ছে এটা তারা বেশিদিন করতে পারবে না। দেশের মানুষই এর প্রতিবাদ করবে। আর আন্তর্জাতিক মহলতো করছেই। এই সব বিষয়গুলো মোকাবিলা করেই আগামী দিনের জন্য প্রস্তুতি নিবেন দলের প্রধান। ঠিক কি হবে এটা আগে ভাগেই বলা যাবে না।

সূত্র জানায়, আগাম পরিকল্পনা যাতে ফাঁস না হয় সেই জন্য খালেদা জিয়া সতর্ক থাকছেন। কয়েকজন নেতা ছাড়া সব নেতার সঙ্গে আলোচনা করছেন না। যাদের সঙ্গে আলোচনা করছেন তারাও বলছেন না।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট একজন বিএনপি নেতা বলেন, বিএনপি আন্তর্জাতিক মহলের কাছে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা ২০১৯ সালের অগেই নির্দলীয় সরকারের অদিনে নির্বাচন চাইছে সেনিয়ে কথা বলছেন। আর এই লক্ষ্য অর্জনের জন্য তারা এগিয়ে যাচেছন। তবে এখন সময়টা একটু খারাপ। আর সরকার যাতে সিটি নির্বাচনের বিষয়টি বিএনপির বিপক্ষে সরকার কাজে লাগাতে না পারে সেই জন্য চুপ আছে। আর নীরবতার মধ্য দিয়েই জনগণের মধ্যে ওই নির্বাচনের সমালোচনার সুযোগ তৈরি করে রেখেছে। তারা মনে করছেন এখন কর্মসূচী দিলে সরকার সেটাকে বন্ধ করার জন্য যে উদ্যোগ নিবে তা বিএনপির পক্ষে যাবে না। সেটা না গেলে তা লাভ হবে না। এখন বিএনপি নীরব থেকেই এগুতে চাইছে। আর একটু সময় নিয়ে দল সুসংগঠিত করেই নতুন করে এগুবে।

বিএনপির ওই নেতা আরো বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনের পর আমরা নতুন করে একটি জাতীয় নির্বাচন করার জন্য আওয়ামী লীগকে এক বছর সময় দিয়েছিলাম। কিন্তু তারা আলোচনা করেনি। নির্বাচনের কথাও বলেনি। প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এরপর আমরা সরকারের এক বছর পুর্তিতে আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। ওই আন্দোলন করার আগে সবাই বলতো বিএনপি শেষ , দুর্বল হয়ে গেছে। আর দাড়াঁতে পারবো না। কিন্তু মানুষ দেখেছে বিএনপি টানা তিন মাসের বেশি আন্দোলন করেছে। এখন অনেকেই মনে করছেন বিএনপি শেষ। দূর্বল হয়ে গেছে। আর দাঁড়াতে পারবে না। কিন্তু এটা মনে করার কোন কারণ নেই। আবারও বিএনপি দেখাবে তাদের কতখানিক্ষমতা আছে আন্দোলন করার। এখন সরকার আমাদের কথা এখন মানছে না। আগামীতে মানবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি