
কাজী জাফরউল্লাহ আজাদঃ
গ্রেপ্তারী পরোয়ানা জারির তিন সপ্তাহ পর এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর জামিন মঞ্জুর করেছে আদালত।
রবিবার কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-৭ আদালতে ড. রেদোয়ান আহমেদ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন।গত ২০১৪ সালের ২৭ আগষ্ট ২০ দলীয় জোটের প্রধান শরীকদল বিএনপি’র কুমিল্লা উত্তর জেলা সভাপতি খোরশেদ আলম এর চান্দিনাস্থ বাণিজ্যিক কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় জোটের অপর শরীকদল এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ আরও অনেক এলডিপি নেতা-কর্মীকে আসামী করে চান্দিনা থানায় মামলা দায়ের করেছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার এনায়েতুর রহমান।
ওই মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় ড. রেদোয়ান আহমেদ অনুপস্থিত থাকায় চলতি বছরের ২৬ এপ্রিল কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত মামলার প্রধান আসামী ড. রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। রবিবার (১৭ মে) একই আদালত থেকে জামিন হয় তার। ড. রেদোয়ান আহমেদ তার মামলাটি পরিচালনার জন্য এড. মাসুদ সালাউদ্দিন ও এড. তৌহিদুল ইসলাম বাবুকে আইনজীবি হিসেবে নিয়োগ করেন।

















































