
ইমতিয়াজ আহমেদ জিতু/হুমায়ন কবির রনিঃ
সম্প্রতি সাবেক ছাত্রলীগ নেতা মাসুম হত্যাকান্ড তিতাস উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথমে অজ্ঞাত পিকআপ ভ্যানের চাপাঁয় তার মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালালেও পরে থলের বিড়াল বেরিয়ে আসে। জানা যায়, প্রথমে গুলি করে পরে মাথায় লাঠি দিয়ে আঘাত করে , অবশেষে পিকআপভ্যানের চাপাঁয় হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতা মাসুমকে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মোঃ ফরহাদ ফকির বাদি হয়ে উপজেলা আ’লীগ নেতা আমিনুল ইসলাম ভুইয়া ওরফে ইয়াসিন ভুইয়াকে হুকুমের আসামি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম ওরফে সোহেল সিকদারকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
উপজেলার জগতপুর এলাকার ইকবাল আহমেদ সেলিমের ছেলে মাসুম (৩৫) বাল্যকাল থেকেই খুবই শান্ত-ভদ্র প্রকৃতির ছিলেন। এলাকার সবার প্রিয় মাসুম কলেজ জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কর্ম-নিষ্ঠা ও সততার পুরুস্কার হিসেবে তিনি উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে যুবলীগের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে নেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। ৬ ও ৭ বছরের দুটি ছেলে শিশু রয়েছে তার। কিন্তু রাজনীতির করাল গ্রাসে জীবন দিতে হয়েছে মাসুমকে। জগতপুর এলাকা এখন শোকের এলাকায় পরিণত হয়েছে।
হত্যাকান্ডের কারণঃ
রাজনৈতিক অর্ন্তকোন্দলের কারণেই মাসুমকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানায় । মামলার বাদি কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ ফকির জানান, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদার গত এক বছর ধরে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে কুমিল্লা উত্তর তথা দাউদকান্দি, তিতাস, হোমনা ও আশেপাশের এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করছেন। তাদের সমস্ত অপকর্মের ইন্ধনদাতা ও হুকুমদাতা ইয়াছিন ভূইয়াও অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের এই অপকর্মের বিরুদ্ধে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে আমরা যুব সমাজ প্রতিবাদ করি। এতে সোহেল বাহিনী ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় আমাদের হুমকি প্রদান ও হামলা করার চেষ্টা করে। গত ১৩ মে দুপুরে কড়িকান্দি বাজারে সোনালী ব্যাংক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল বাহিনী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা করে। স্থানীয় জনগণের সহায়তায় আমরা কোনমতে বেচেঁ যাই। অর্থাৎ সোহেল বাহিনীর অপকর্মের প্রতিবাদ করায় মাসুমকে প্রাণ দিতে হয়েছে।
যেভাবে হত্যাকান্ড ঘটলঃ
উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবু জানান, আমাদের সবাইকে হত্যা করতে চেয়েছিল সোহেল সিকদার গ্রুপ । কিন্তু অনেকে আহত হলেও প্রাণ দিতে হয়েছে আমাদের ভাই মাসুমকে। ১৪ মে রাত সাড়ে ১০ টায় তিতাস থানা পুলিশের সহায়তায় আমি ঢাকা থেকে বাড়ি ( তিতাসের কড়িকান্দি এলাকা) ফিরি। এ সময় সোহেল সিকদার খবর পেয়ে আমার বাড়ির সামনে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি গুলিবর্ষন করে। এ সময় আমিসহ আরো কয়েকজন আহত হই। এ ঘটনায় আমি বাদি হয়ে সোহেল সিকদারসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি। পরে ছাত্র নেতাকর্মীরা খবর পেয়ে আমাদের দেখতে আমাদের বাসার সামনে আসে। এ দিকে সোহেল বাহিনী মামলার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ইয়াছিন ভূইয়ার হুকুমে সোহেলের নেতৃত্বে পিস্তল, লাঠি, ছেনি, রামদা , শর্টগান নিয়ে পিকআপভ্যান, মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা নিয়ে আমার বাড়ির সামনে এসে এলোপাথারি গুলিবর্ষণ করে। এ সময় ভাইস-চেয়ারম্যান সোহেলের গুলিতে ছাত্রনেতা মাসুম মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আরো অনেকে আহত হয়। সন্ত্রাসীরা এরপর আহতদের লাঠি দিয়ে আঘাত করে পরে গাড়ি চাপাঁ দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে এসে মাসুমসহ অন্যদের গৌরিপুর হাসপাতালে নিয়ে যায়, পরবর্তীতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান (১৭ মে বদলি হয়েছেন) গত ১৬ মে জানান, এ পিকআপ কার মালিকাধীন তা আমরা জানিনা। তবে মাসুমকে হত্যা করা হয়েছে। আমরা খুব শীঘ্রই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করব এবং আসামিদের গ্রেফতার করব।
নিহত মাসুমের পিতা ইকবাল আহমেদ সেলিম জানান, রাজনৈতিক অর্ন্তকোন্দলের কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। জানিনা আমার ছেলের হত্যার বিচার হবে কি না ? রাজনৈতিক হত্যাকান্ডের বিচার প্রায় সময়ই হয় না। আমি একজন অসহায় বৃদ্ধ পিতা। আমি চাই প্রশাসন এ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনবে।

















































