স্পোর্টস ডেস্কঃ
ড্রিম টিম বলতে এখনো সবাই ইয়োহান ক্রুইফের দলটাকেই বোঝে। ডাচ কিংবদন্তি কোচ থাকার সময় ১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত টানা চারটি লিগ জিতেছিল বার্সেলোনা, জিতেছিল ক্লাব ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কাপও। লুইস এনরিকের বার্সা সে সাফল্য পাবে কিনা, এখনই বলা মুশকিল। তবে গত মৌসুমে ব্যর্থতার পর এবার মুঠো মুঠো সাফল্যের হাতছানি কাতালান জায়ান্টদের সামনে। প্রিয় দলের এ সাফল্য স্বাভাবিকভাবেই ছুঁয়ে যাচ্ছে ক্রুইফকে। তবে ডাচ কিংবদন্তির সমালোচনার চাবুক থেকে রেহাই পায়নি রিয়াল মাদ্রিদ।
এরই মধ্যে লা লিগা শিরোপা নিশ্চিত হয়েছে বার্সার। সামনে কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ। গত মৌসুম বাজে কাটানোর পর এবার দারুণ খেলা বার্সাকে নিয়ে ক্রুইফের মন্তব্য, ‘গত বছরের ঠিক উল্টোটা হয়েছে এ মৌসুমে। বার্সা দেখিয়েছে কীভাবে খেলতে হয়। তারা বড় ম্যাচ খেলেছে, দারুণ সব গোল করেছে। শতভাগ সাফল্য তাদের পাওনা ছিল।’ মৌসুমের অর্ধেক সময় দুর্দান্ত খেলা রিয়ালের হঠাৎ ছন্দপতনের ব্যাখ্যা নিয়ে ক্রুইফ বললেন, ‘যাদের দরকার, তাদের কেনেনি রিয়াল। এখন সেটা পরিষ্কার। এটি বোর্ড, কোচ ও খেলোয়াড়দের সমন্বিত সমস্যা। যেভাবে দরকার ছিল, সেভাবে কাজ হয়নি।’
সাফল্যের পরও বার্সায় এনরিকের থাকা না থাকা নিয়ে নানা গুঞ্জন। সরাসরি কিছু না বললেও বার্সা কিংবদন্তি ক্রুইফ চান থেকে যাক এনরিকে, ‘জানি না সে থাকবে কিনা। তার ব্যক্তিগত বিষয়গুলোও আমি জানি না। যদি সাফল্যের কথা ভাবেন, এটি দারুণ এক মৌসুম। এ অবস্থায় তার চলে যাওয়াটাই হবে বিস্ময়কর।’
লিওনেল মেসিতে আগের মতোই মুগ্ধ ক্রুইফ, ‘ক্লাবের জন্য মেসি খু্বই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কেবল ফুটবলীয় জ্ঞানের জন্য নয়। যাকে পছন্দ করে তার সঙ্গেই কাজ করা প্রয়োজন। বলছি না, এনরিকেকে অপছন্দ করে মেসি। কাকে ক্লাব নিচ্ছে বা ছেড়ে দিচ্ছে, সে ব্যাপারে যদি সে (মেসি) প্রভাব খাটাত, তবে এমন প্রশ্ন উঠত। সাফল্য দিয়েই মাপা হয় মেসির যোগ্যতা।’ তথ্যসূত্র: গোলডটকম ও মার্কা।

























































