মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানের কোচ হতে চান ওয়াসিম আকরাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৬.২০১৫

wasim_akram_interview

স্পোর্টস ডেস্কঃ

পাকিস্তান ক্রিকেট বোর্ড ডাকলে পাকিস্তান দলের কোচ হতে রাজি দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। গাদ্দাফি স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে এসে এমন কথা জানান বিশ্বকাপজয়ী এ পেস লিজেন্ড।

স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার সঙ্গে আলাপকালে ওয়াসিম বলেন, ‘তারা আমাকে ভালো বা খারাপ যে প্রস্তাবই দিকনা কেন আমি কিছু মনে করব না। পিসিবি যখনই ডাকবে আমি আসব । তবে এ জন্য প্রথমে আমাকে তাদের ডাকতে হবে; তারা না ডাকলে আমি কিভাবে সাহায্য করি?’

পাকিস্তানে ক্রিকেটিং সুপারস্টার তৈরি হওয়াটা থেমে থাকবে না বলে আশা প্রকাশ করেন ওয়াসিম। তবে এসব তরুণ ক্রিকেটারদের বিশ্বমানের খেলোয়াড় হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।

ওয়াসিম বলেন, ‘খেলোয়াড়দের দেখাশোনা করাটা অধিনায়ক ও কোচদের দায়িত্ব। আপনাকে তারকা তৈরি করতে হবে। কারণ, এখানে মেধাবী অনেক খেলোয়াড় রয়েছে। ইমরান খান, জাভেদ মিঁয়াদাদ এবং মুদাসসর নজর আমাকে তারকা বানিয়েছেন এবং তারপর আমি দলকে সাহায্য করতে পেরেছি যে কারণে সাকলাইন মুশতাক, শহিদ আফ্রিদি ও অন্যদের মতো খেলোয়াড়দের শিখাতে পেরেছি।’

বর্তমানে বিশ্বের যেকোনো মাঠেই বড় রান করাটা একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। এটা ঠেকানোর জন্য বোলারদের বোলিংয়ে ভিন্নতা আনার আহ্বান জানান সাবেক তারকা এ পেসার। নিষ্প্রাণ পিচে ভালো বোলিং করানোর জন্য খেলোয়াড়দেরকে বর্তমান কোচ ওয়াকার ইউনিসকে কাজ করারও পরামর্শ দেন তিনি।

পাকিস্তানে মেধাবী ক্রিকেটারের অভাব নেই বলা হলেও ভাল খেলোয়াড় তৈরি অব্যাহত রাখতে ঘরোয়া ক্রিকেটে অবকাঠামো উন্নয়নের জন্য ক্রিকেট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ওয়াসিম।

তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে পিসিবি ভালো প্রাইজমানি দিচ্ছে না এবং ভালো খেলোয়াড় তৈরি করতে হলে প্রাইজমানি ও ম্যাচ ফির পরিমাণ বাড়াতে হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি