বিশেষ প্রতিবেদন:
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে মোদির কাছে নালিশ করবে বিএনপি। একই সঙ্গে বিএনপিকে বাদ দিয়ে ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণে বাধ্য করতে কংগ্রেস কি কি ভূমিকা রেখেছে সে বিষয়টিও তুলে ধরবে। আগামীকাল ৭ জুন বিকেল ৪টায় মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাতে এ বিষয়টিকেই প্রধান এজেন্ডা রেখেছে দলটি। দলের হাইকমান্ডের সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে কংগ্রেস সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করবেন মোদির সঙ্গে। আওয়ামীলীগ সরকারের পক্ষপাতিত্ব করে এ ধরনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে অন্ধকার নেমে আসার পেছনে কংগ্রেসকে দায়ী করবে বিএনপি। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের দাবির যৌক্তিকতাও তুলে ধরবেন তিনি।
বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে প্রতিবেশি দেশ হিসেবে ভারতের ভূমিকাও জানতে চাইবে বিএনপি। খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হলে বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট সমাধানে বিজেপি সরকারের অবস্থানও অস্পষ্টতা থাকবে না। এমনকি তৈরি হতে পারে একটি সমঝোতার পথও।
বিএনপির কয়েকজন শীর্ষ নেতা জানায়, কংগ্রেসের বিএনপি বিরোধী নীতি বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছে। আস্থা ও বিশ্বাসের সংকট থাকায় কংগ্রেসের সঙ্গে বিএনপির সম্পর্কে শুরু থেকে ভালো ছিল না। ফলে কংগ্রেসের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ২০১৪ সালে ৫ জানুয়ারি বিতর্কিত একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
বিএনপি নেতাদের মতে, কংগ্রেস সরকার তাদের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বাংলাদেশ সফরে পাঠিয়ে প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্তত ২০টি রাজনৈতিক দলকে বাদ দিয়ে ৫ই জানুয়ারির নির্বাচন আয়োজনে সহযোগিতা করা হয়েছে আওয়ামীলীগকে। নির্বাচনের আগে বাংলাদেশ সফরের সময় সুজাতা সিং একতরফা নির্বাচনের পক্ষে তার অবস্থান পরিষ্কার করেন। এমনকি সেসময় জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি চাপ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে অংশগ্রহণে অস্বীকৃতি জানালে সুজাতা সিং তাকে বলেছিলেন, তাহলেতো জামায়াত-শিবির ক্ষমতায় আসবে। নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ভারত সফরে যান। সেসময় তিনি সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সুজাতা সিং অত্যন্ত শীতল ব্যবহার করেন। বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে মার্কিন ভূমিকাকে নিরুৎসাহিত করেন তিনি।
সূত্র জানায়, নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে দলটির পক্ষ থকে যে সব বিষয় তুলে ধরা হবে, তার একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এছাড়াও অন্যান্য এজেন্ডার মধ্যে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অপহরণ প্রসঙ্গ, তিস্তার পানি বণ্টন চুক্তি, বাণিজ্য ঘাটতি, সীমান্ত সমস্যা সমাধানের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিবে বিএনপি। গত ৬ বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার-হয়রানি, গুম, খুনের প্রকৃত তথ্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হতে পারে।
বিএনপি মোদির কাছে আওয়ামী লীগকে কংগ্রেসের দীর্ঘ দিনের মিত্র হিসেবে উপস্থাপন করবে। কংগ্রেস যেমন বিএনপিকে আস্থায় নিতে পারেনি আবার তারা আওয়ামী লীগকেও ছাড়তে পারেনি। যার নজির দেখা যায়, ২০১২ সালের ২৮ অক্টেবর, যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারত সফরে যান তখন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ব্যস্ততার কারণ দেখিয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেননি।
যদিও তখন ভারতের বর্তমান পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সাথে সাক্ষাত করেন। বিএনপি মনে করছে , তখন থেকেই বিজেপির সাথে বিএনপি’র সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়।
























































