বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মোদি বরণ অনুষ্ঠান, বিটিভির অসংখ্য ভুল ও মিথ্যা তথ্যের উপস্থাপন


মোদি বরণ অনুষ্ঠান, বিটিভির অসংখ্য ভুল ও মিথ্যা তথ্যের উপস্থাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৫

Modi_01_bg_105818138

ডেস্ক রিপোর্ট ।।

সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন বিমানবন্দরের অভিবাদন মঞ্চে উঠেছেন। সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিটিভির প্রতিবেদক ধারাভাষ্য দিচ্ছিলেন এভাবে- ‘ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংবর্ধনা মঞ্চে উপবিষ্ট হয়েছেন’। অথচ দর্শকরা দেখলেন, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা মঞ্চে উপবিষ্ট হননি বা বসেননি। দাঁড়িয়েই সংবর্ধনা কার্যক্রম উপভোগ করছেন দুই প্রধানমন্ত্রী।

এ ধরনের অসংখ্য ভুল ও মিথ্যা তথ্যের উপস্থাপন এবং বাগাড়ম্বরপূর্ণ শব্দচয়নে শনিবার (৬ জুন) বিটিভির মোদি বরণ অনুষ্ঠানের ধারাবর্ণনা কেবল বিরক্তিরই উৎপাদন করেনি, টিভিসেটের সামনে থাকা দর্শকদের ঐতিহাসিক এ আয়োজন দেখার আনন্দকেও ম্লান করেছে নি:সন্দেহে।

আরো আছে! গার্ড অব অনার পরিদর্শন শেষে নরেন্দ্র মোদি যান মন্ত্রিপরিষদ সদস্য ও তিন বাহিনীর প্রধানসহ সরকার ও রাষ্ট্রের প্রশাসনিক ও সামরিক-বেসামরিক উচ্চপদস্থ  কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে। তাকে স্বাগত জানাতে এক সারিতে দাঁড়িয়ে থাকা বিশিষ্টজনদের সঙ্গে মোদিকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিটিভির প্রতিবেদক বলছিলেন, ‘জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদি করমর্দন করছেন, কারো গায়ে হাত বোলাচ্ছেন’। এ পর্যন্ত বোধহয় ঠিক ছিল। এরপরই ওই ধারাভাষ্যকারের কণ্ঠে শোনা গেল, ‘কারো বা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন!’

রাষ্ট্রীয় অতিথি বরণে নিযুক্ত নারী-পুরুষ নির্বিশেষে স্বাগতিক দেশের বয়স্ক মানুষগুলোর কাউকে অবশ্য মোদি মাথায় হাত বুলিয়ে আদর করছেন, এ ধরনের দৃশ্য দেখা গেল না বিটিভির পর্দায়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের টারমাকে পেতে রাখা লালগালিচার ওপর দিয়ে হেঁটে আসছিলেন মোদিকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ রাজদূতের দিকে, ঠিক তখনই ওই প্রতিবেদক বলতে শুরু করেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দিপ্ত (দৃপ্ত?) পায়ে এগিয়ে চলছেন’। ততোক্ষণে রাজদূত থেকে নেমেও এসেছেন নরেন্দ্র মোদি আর বিপরীত দিক দিয়ে এগোচ্ছিলেন শেখ হাসিনা। অথচ বিটিভির প্রতিবেদকের চেচিয়ে চেচিয়ে জননেত্রীর ‘সুদৃঢ় (!) পদক্ষেপে এগিয়ে চলার দৃশ্য বর্ণনা যেন থামছিলই না।

চাটুকারিতাপূর্ণ অথচ বিব্রতকর শব্দ-বাক্যের ভুল উচ্চারণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের একজন সম্মানিত অতিথি বরণের ধারাভাষ্যের এহেন দৈন্যতা বিমানবন্দরের লালগালিচা সংবর্ধনা কার্যক্রমে নিয়োজিতদেরও বিব্রত করেছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্যস্থল ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ। সেখানে যাওয়ার জন্য হেলিপ্যাড পর্যন্ত নিজ গাড়িতে যান তিনি। গাড়িটি টিভি পর্দায় ভেসে ওঠার পর পরই প্রতিবেদক জানালেন, ‘নরেন্দ্র মোদি ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ গাড়িতে চেপে বসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর ত্যাগ করবেন তারা’। আর দর্শকরা দেখলেন, তখনো বিমানবন্দরের টারমার্কে দাঁড়িয়ে শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিতে ব্যস্ত মোদি! কথা বলছেন দুই নেতা।

আবার গাড়িতে হেলিপ্যাড পর্যন্ত গিয়ে সাভারের উদ্দেশে হেলিকপ্টারে উঠলেন ভারতীয় প্রধানমন্ত্রী, কিন্তু গাড়িতে চড়িয়েই তাকে ও তার দেশের হাইকমিশনারকে বিমানবন্দর থেকে বিদায় করিয়ে ছাড়লেন বিটিভির ধারাভাষ্যকার!

এভাবেই নরেন্দ্র মোদিকে বিমানবন্দরে লালগালিচা অভ্যর্থনা জানানোর  পুরো আয়োজনের ধারাভাষ্য (!) দিয়ে নিজেও বিদায় নিলেন বিটিভির অভিজ্ঞ যোগ্য মেধাবী প্রতিবেদক। বিরক্তি, বিতৃষ্ণা নিয়ে হাফ ছেড়ে বাঁচলেন দর্শকরাও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি