ডেস্ক রিপোর্ট: অপেক্ষার পালা সব সময়ই কষ্টের। তবে আর অপেক্ষা নয়। অপেক্ষার পালা শেষ। এবার উপভোগের পালা। জার্মানির বার্লিনে শুরু হয়ে গেছে প্রতিক্ষীত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। মুখোমুখি হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে শুরু হয়েছে। সরাসরি সম্প্রচার করছে টেন অ্যাকশন, টেন স্পোর্টস ও টেন এইচডি।
বার্সেলোনার সূচনাটা যে এমন হবে সেটা হয়তো খোদ লুইস এনরিকও কল্পনা করেননি। সেটা কেউ কল্পনা করুক আর না করুক ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ৪ মিনিটের মাথায় জর্ডি আলবা বল বাড়িয়ে দেন জুভেন্টাসের বক্সের বাম কর্নারে থাকা নেইমারের উদ্দেশে। নেইমার বলটি ফ্লিক করে দেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। ইনিয়েস্তা বলটি সøাইড করে দেন পেনাল্টি স্পটে দাঁড়িয়ে থাকা তরুণ তুর্কি ইভান রাকেটিককে। সুযোগ বুঝে দারুণ এক সাইড শটে বল জালে জড়িয়ে দেন রাকেটিক (১-০)। তাতে স্বপ্নের মতো সূচনা পায় বার্সা।
প্রথমেই এগিয়ে যাওয়ায় কাতালানদের টিম স্পিরিট বেড়ে যায়। এক তরফা আধিপত্য বিস্তার করে তারা খেলতে থাকে। বেশ কয়েকটি দারুণ আক্রমণ শানায়। তবে কোনোটিই লক্ষ্যভেদ করতে সক্ষম হয়নি। প্রথমার্ধে জুভেন্টাসও গুটিকয়েক আক্রমণ শানায়। তবে কোনোটিই নিশানা ভেদ করতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় মেসি-নেইমাররা।

ম্যাচের ৫৫ মিনিটে কার্লোস তেভেজ শট নেন। সেটা রুখে দেন বার্সেলোনার গোলরক্ষক। কিন্তু ঠিকমতো ধরতে পারেননি। বল চলে আসে আলভারো মোরাতার কাছে। মোরাতা বল জালে জড়াতে ভুল করেননি (১-১)।
দশ মিনিট পর ৬৫ মিনিটে একইভাবে মেসির ক্ষিপ্র গতির একটি শট্ গোলরক্ষক বুফন হাফস্টপ করলে বল চলে যায় সুয়ারেজের কাছে। সুয়ারেজ চোখ বন্ধ করে বল জুভান্টাসের জালে জড়িয়ে বার্সাকে ২-১ গোলে এগিয়ে দেয়।
অতিরিক্ত সময়ে নেইমার জুভেন্টাসের জালে শেষ পেরেক ঠুকে জয় নিশ্চিত করে বার্সার।

























































