সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিস্তা নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি ভারত-বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৫

Rangpur-Teesta-Photo-2_ED

ডেস্ক রিপোর্টঃ

তিস্তার পানি বণ্টনের বিষয়ে ঐকমত্য অধরাই রয়ে গেল। ভারতের ইংরেজি পত্রিকা দ্য হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে লিখেছে, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে সেটা আর হয়ে ওঠেনি। তবে এবার মোদির বহরে ছিলেন মমতা। কিন্তু তা সত্ত্বেও তিস্তার পানির জন্য বাংলাদেশের তৃষ্ণা মিটছে না এবারো। বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকায় গত শনিবারের প্রধান শিরোনাম ছিল ওহ তিস্তা। বিষয়টির দিকে ইঙ্গিত করে হিন্দুস্তান টাইমস বোঝাতে চেয়েছে, বাংলাদেশে তিস্তা নিয়ে আবেগ কতখানি।

এদিকে তিস্তা নদীকে বাঁচাতে পানির প্রবাহ বৃদ্ধির দীর্ঘদিনের দাবি এবারও পূরণ হলো না তিস্তা পাড়ের মানুষের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি না হওয়ায় হতাশ হয়েছেন তারা।

তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে রোববার সারা বাংলা কৃষক জোট নামে একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত তীরবর্তী সর্বস্তরের মানুষ নিরব প্রতিবাদ জানিয়ে আধা কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধনে অংশ নেয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডেইলি স্টারের ওই শিরোনামের পর আরো কঠোর সাংবাদিকীয় ভাষা (জার্নালিস্টিক লিঙ্গুয়েজ) ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ পত্রিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করা হয়েছে। এরপরও তিস্তার দিকে সবার নজর থাকছেই। বিষয়টি ভারতের সঙ্গে সমপক্ষের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে আবেগী ইস্যু।

পত্রিকাটি আরো লিখেছে, ২০১১ সালের একটি চুক্তি অনুযায়ী দুদেশ আধা-আধি করে নদীর পানি পাবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির কারণে সে চুক্তি স্বাক্ষরিত হয়নি। ১৯৯৬ সালের গঙ্গা নদীর পানি বণ্টন নিয়েও বাংলাদেশের সঙ্গে এ ধরনের একটি চুক্তি হয়।

হিন্দুস্তান টাইমস লিখেছে ,ইদানীং ঢাকা অভিযোগের সুরে বলছে, তিস্তার পানির প্রবাহ বিপজ্জনকভাবে কমছে। ঢাকা বলছে, এ বছরের মার্চ মাসের শেষ ১০ দিনে তিস্তায় পানি প্রবাহিত হয়েছে ৩১৫ কিউসেক। ২০১৪ সালে একই সময়ে এ প্রবাহ ছিল ৫৫০ কিউসেক। কিন্তু পশ্চিমবঙ্গ নিজেও তিস্তার পানি কমে যাওয়া নিয়ে কথা তুলছে।

পানি বিশেষজ্ঞ ব্রহ্ম চেলানি বলেন, এ শতাব্দীতে বিশ্বে কোনো গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়নি। বিষয়টি ইঙ্গিত দেয়, ক্রমবর্ধমান পানির চাপ বণ্টন ও সহযোগিতাকে কত বেশি কঠিন করে তুলেছে। ‘ওয়াটার: এশিয়া’স নিউ ব্যাটলগ্রাউন্ড’ নামের একটি বইয়ের লেখক তিনি। চেলানি এ-ও মনে করিয়ে দিয়েছেন, ভারতের রাজ্যসমূহ নিজেদের অধিকার নিয়ে এখন বেশিই সোচ্চার।

তাই জওয়াহেরলাল নেহরু যা করে গেছেন অর্থাৎ রাজ্যের স্বার্থের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয়াটা আজ সম্ভব নয়। নেহরু জম্মু ও কাশ্মীরের স্বার্থের দিকে না তাকিয়ে পাকিস্তানের সঙ্গে ‘ইন্দুস ওয়াটার ট্রিটি’ স্বাক্ষর করেছিলেন। তিস্তা চুক্তিটি ২০১১ সালের সেপ্টেম্বরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ঢাকা সফরের সময়ই স্বাক্ষরিত হওয়ার কথা ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি