বিশেষ প্রতিবেদনঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক সম্পর্কে মূল্যায়ন করতে হলে সেটাকে আমি বলবো গুড মিটিং ও রেকর্ডিয়াল মিটিং হয়েছে। অনেক দিক থেকেই মিটিংটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি’র চেয়ারপারসন-মোদি দুই জনই বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে বাংলাদেশে গণতন্ত্র উপস্থিত নেই এটাও একটা এজেন্ডা ছিল। গণতন্ত্র যে বাংলাদেশে নেই সেটা নিয়ে আলোচনা হয়েছে। কেমন করে গণতন্ত্র পুন প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে। তবে মোদি এই পরিপ্রেক্ষিতে কি বলেছেন, সেটা আমি বলতে চাই না। সোমবার রাতে তিনি এই প্রতিবেদকের সঙ্গে এসব কথা বলেন।
মোদি কি বিএনপি চেয়ারপারসনকে কোন আশ্বাস দিয়েছেন যে, আগামী দিনে বিএনপি আন্দোলনে সমর্থন দিবেন কিংবা সরকারকে আগাম নির্বাচনের কথা বলবেন?
তিনি বলেন, নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসনকে যে আশ্বাস দিয়েছেন সেটা আমরা প্রকাশ করতে চাই না। কারণ নরেন্দ্র মোদির সঙ্গে সব বিষয়ে কথা হয়েছে। তবে মোদি আমাদেরকে কি বলেছেন সেটা আমাদের পক্ষ থেকে প্রকাশ করা ঠিক হবে না। কারণ এটা বলার হলে তারাই বলতেন। তবে এটা বলতে পারি সফল আলোচনা হয়েছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বৈঠক হবে এটাও অনেকেই ভাবতে পারেননি , অনেকেই বলেছেন মিটিংও হবে না সেখানে সেটাও হয়েছে, একান্তও বৈঠকও হয়েছে এটাও তো কম কথা নয়। কারণ এতে ভারতের প্রধানমন্ত্রী সবাইকে জানান দিয়েছেন তার গুরুত্বের কথা। যারা বৈঠক না হওয়ার ব্যাপারে যত চেষ্টাই করুক না কেন।
অনেকেই চায়নি তিনি যেহেতু সরকারের ও বিরোধি দলে কোনটি নেই, প্রটোকল অনুযায়ী অন্য দেশের একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বড় একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে বৈঠক হতে পারে কি?
তিনি বলেন, কেন হতে পারে না। অবশ্যই হতে পারে। তার অবস্থান কি এটা ভারত জানেন। এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী অন্য কেউ চান বা না চান তিনি বৈঠক করার প্রয়োজন অনুভব করেছেন ও বৈঠক করেছেন। একটি সফল বৈঠক হয়েছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সরকারে ও বিরোধি দলে নেই বলে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে না বলা হয়, এটা ঠিক না। সেটা যদি বিচার করা হয় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে মিয়ানমারের নেত্রী অং সাং সূচির অবস্থান কি ছিল। তিনি ক্ষমতাসীন না থাকলে তার সঙ্গে বিশ্বের নেতারা কেন বৈঠক করেছেন। সম্মান জানিয়েছেন? আমাদের চেয়ারপারসনের অবস্থান বিবেচনা করেই সবাই তাকে গুরুত্ব দিচ্ছে। সরকার তাকে কিভাবে মূল্যায়ন করছে সেটা আন্তর্জাতিক বিশ্ব করছে না।
মোদির সঙ্গে কোন কোন ইস্যুতে বেগম খালেদা জিয়া ও আপনাদের কথা হয়েছে?
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের অনেক কথা হয়েছে। অনেক এজেন্ডাও ছিল। এর মধ্যে একটি বিষয় ছিল গণতন্ত্র। দেশে গণতন্ত্র অনুপস্থিত সেটা তাকে জানানো হয়েছে। এর সঙ্গে যে ঘটনা তাও বলা হয়েছে। এই দেশের জনগণ কি চায় সেটাও বলা হয়েছে। তবে আলোচনার বেশিরভাগ অংশ ছিল দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আপনাদের অভিযোগ অনুযায়ী দেশে গণতন্ত্র অনুপস্থিত, এই গণতন্ত্র ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য মোদি আগামীতে আপনাদেরকে সহযোগিতার কোন আশ্বাস দিয়েছেন কি?
তিনি বলেন, তিনিও এই দেশে সুদৃঢ় গণতন্ত্র চান। এই দেশের জনগণ যেটা চাইবে তিনি সেই সঙ্গে আছেন সেই কথা বলেছেন।
তিনিও এই দেশের জনগণের পাশে আছেন সেটা বলছেন, আপনারা দাবি করছেন জনগণের পাশে আছেন ও জনগণ আপনাদের সঙ্গে আছে, এই মিলের অন্তরালে কি কারণ রয়েছে?
তিনি বলেন, মোদি সব সময়ই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের পাশে থাকার কথা বলেছেন। আমরা তাকে একই কথা বলেছি আপনারা জনগণের পাশে আছেন। আমরাও জনগণের পাশে আছি। জনগণের জন্য কাজ করছি। জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছি। সেই হিসাবে তার সঙ্গে আমাদের যথেষ্ট মিল আছে।
মোদির সঙ্গে বৈঠকের পর আপনারা কি মনে করছেন মোদি বাংলাদেশে আগাম নির্বাচনের ব্যাপারে আপনারা যে আন্দোলন করছেন সেই ব্যাপারে সহযোগিতা করবেন ও সরকারকে আগাম, নির্বাচনের কথা বলবেন?
তিনি বলেন, এই ব্যাপারে আমি এখন কোন মন্তব্য করতে চাই না। সেটা ঠিকও হবে না।
মোদির সঙ্গে বৈঠকের পর ও সহযোগিতার আশ্বাস পাওয়ার প্রেক্ষিতে, আপনারা কি খুব দ্রতই নতুন করে আন্দোলনে যেতে চান?
এটা এখনই ঠিক হয়নি। তিনি বলেন, আপনারা জানেন আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য কাজ করছি। সেটা আমরা করবো।
বিএনপি চেয়ারপারসন যখন নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলছিলেন তখন তার সামনে দুটি কাগজ ছিল, সেখানে কি লেখা ছিল, সেটা কি ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে?
তিনি বলেন, হ্যাঁ আমাদের চেয়ারপারসনের সামনে দুটি ফ্ল্যাশ কার্ড ছিল। যখন কোন বাই লেটারাল বৈঠক হয় তখন নিয়ম হচ্ছে সামনে ফ্ল্যাশ কার্ড রাখা। এতে করে দুই নেতার মধ্যে যে সব কথা হওয়ার কথা কিংবা যেসব বিষয় নিয়ে তারা আলোচনা করতে চান এই জন্য ফ্ল্যাশ কার্ড থাকবে। আর সেটা দেখে আলোচনা করবেন। এই ক্ষেত্রেও ম্যাডামের হাতে ও পাশে ফ্ল্যাশ কার্ড ছিল। সেই হিসাবে আলোচনা হয়েছে। এর বাইরেও আলোচনা হয়েছিল। সেটা ছিল বিশেষ বিশেষ বিষয়।
তার মানে আপনারা বেশ পরিকল্পিতভাবেই তার সঙ্গে আলোচনা করেছেন?
সেটা বলতে পারেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে যেসব বিষয় রয়েছে তার সব নিয়েই আলোচনা হয়েছে। এছাড়াও আমাদের যা যা বলা প্রয়োজন ছিল সেটা বলা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদেক নিয়ে কোন আলোচনা হয়েছে কি?
তিনি বলেন, হ্যাঁ হয়েছে। তবে কি আলোচনা হয়েছে এটা আমি বলতে চাই না।
শোনা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন সালাউদ্দিনের ঘটনাটি পুরো বর্ণনা করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর অনুরোধ করেছেন?
তিনি বলেন, আলোচনা হয়েছে এটা ঠিক। বিষয়টি বলতে চাইছি না।
আচ্ছা কোন কোন গণমাধ্যম বলেছে, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনাকালে ভারতের প্রধানমন্ত্রী তাকে দুটি চিরকুট দিয়েছেন, এই বিষয়টি কি বলবেন, আর কিইবা ছিল চিরকুটে?
তিনি বলেন, যে গণমাধ্যম বলেছে তারা আসল ঘটনাই জানে না। কারণ তারা এটা বানিয়ে বলেছে। কোন কোন মিডিয়া বলেছিল খালেদা-মোদি বৈঠক হবে না। আসলে কত জনে যে কত খবর বানাতে পারে। আর বিএনপিকে কত ছোট করতে পারে। তাদের এজেন্ডা হচ্ছে বিএনপিকে ছোট করে দেখানো। এই ক্ষেত্রেও তাই হবে হয়তো। ভারতের প্রধানমন্ত্রী এমন একজন মানুষ তিনি কেন খালেদা জিয়াকে চিরকুট দিবেন। চিরকুট দেওয়া কি এই ধরনের বৈঠকে কোন ভাবে শোভনীয় কিংব কোন রেওয়াজ আছে।
তিনি বলেন, যেসব মিডিয়া বলেছে মোদি বিএনপি চেয়ারপারসনকে চিরকুট দিয়েছে এর কোন সত্যতা নেই। এই ধরনের কোন চিরকুট তিনি দেননি। কোন কাগজও দেননি।
সব মিলিয়ে মোদির সঙ্গে আপনাদের বৈঠককে কি ভাবে মূল্যায়ন করবেন?
এটা আমি মূল্যায়ন করে বলবো, গুড মিটিং। রেকর্ডিয়াল মিটিং। অনেক কথা হয়েছে। তারা যেহেতু বলছেন না , এই কারণে আমরা বলতে পারছি না সব কথা।
আপনার কি মনে হয় ভারতের তরফ থেকে এই বৈঠকের পর কোন কথাই বলা হয়নি এটা কারণ কি?
তিনি বলেন, এটা তাদের সিদ্ধান্ত হতে পারে। দুই নেতার মধ্যে যে সব কথা হয়েছে এই ব্যাপারে তারা এখনই কিছু বলতে চান না, এটা তাদের পলিসিও হতে পারে। তাছাড়াও আলোচনার সব কথা বলতে হবে কেন? যতটুকু বলা প্রয়োজন সেই টুকুতো আমাদের তরফ থেকে বলা হয়েছে। এখন তারা যদি কোন কিছু না বলেন তাহলে আমরাতো তাদের অংশ বলতে পারি না।
তাছাড়া দুই নেতার যখন একান্তে বৈঠক হয়েছে ওই সব কথাতো বলার জন্য বলা হয়নি। সেটা তাদের মধ্যের আলোচনা। এই কারণে আমরা এই বিষয়ে বলবো না। তবে আগামীতে এর প্রভাব পড়বে।
৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধিতা করে আসছে এবং তারা সুষ্ঠু নির্বাচন করার জন্য দুই দলের মধ্যে সংলাপের কথাও বলেছে, জাতিসংঘও তাগিদ দিচ্ছে সরকার এর কোন গুরুত্ব দিচ্ছে না, আগাম নির্বাচন করবে না জানিয়ে সরকার বলছে, ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে। আপনাদের কি মনে হচ্ছে ভারতের ওই সময়ের সরকার নির্বাচনে সব ধরনের সহযোগিতা দিলেও এখন মোদি সরকার আপনাদের কাছ থেকে সব জেনে এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করবে আন্তর্জাতিক মহলের সঙ্গে সুর মেলাবে? তিনি বলেন, এই ব্যাপারে কোন কথা এখনই বলা ঠিক হবে না।
























































