শীর্ষ জামায়াত নেতাদের বিরুদ্ধে ট্রাইবুনালের রায় এবং সবশেষ চূড়ান্ত রায়ের পর বরাবরই হরতাল দিয়ে আসছে জামায়াতে ইসলামী। তবে এবারই প্রথম একদিনের হরতাল দেয়া হলো। অন্য নেতাদের চূড়ান্ত রায়ের পর দুই থেকে তিন দিন বা তারও বেশি হরতাল দেয় জামায়াত। হরতাল ডাকা ও তা বাস্তবায়নের বিষয়ে জামায়াতের একাধিক কর্মী জানিয়েছেন, শীর্ষ নেতাদের রক্ষা করতে সব ধরনের কর্মসূচিই দেয়া হয়েছে। কিন্তু সরকারের জুলুম নির্যাতন ও প্রশাসনিক শক্তির সামনে সেসব কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা সম্ভব হয়নি। সরকারের যে মনোভাব তাতে নেতাদের রক্ষা করা সম্ভব হবে না। বরং গত ৬ বছরে একাধিক ব্যর্থ আন্দোলনের মাধ্যমে কর্মীদের অনেকেই মনোবল হারিয়ে ফেলেছেন। নেতাকে রক্ষা করা সম্ভব না হলেও ষড়যন্ত্রের রায়ের বিরুদ্ধে জামায়াত হরতাল দিয়ে যাবে।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের একজন নেতা বলেন, শীর্ষ নেতাদের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। অত্যন্ত দাম্ভিক ও মাথা গরমের মানুষ হলেও দলের প্রতি তার অসামান্য অবদানের জন্য তিনি জামায়াতের দ্বিতীয় প্রধান ব্যক্তি হতে পেরেছেন। বর্তমানে দলের এই নাজুক পরিস্থিতির জন্য অনেকেই তার বিভিন্ন সিদ্ধান্তকে দায়ী করে থাকে। ক্ষমতায় থেকে মুজাহিদ দাম্ভিকতার সাথে যেসব বিতর্কিত বক্তব্য দিয়েছেন তা নিজের ও দলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সংলাপ শেষে মুজাহিদ বলেন, ‘বাংলাদেশে কখনও কোনও যুদ্ধাপরাধী ছিল না, এখনও নেই।’ তখন তার এই বক্তব্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। সোচ্চার হন একাত্তরের শহীদ পরিবারের সদস্যরা। সেদিন মুজাহিদ আরো বলেন, বাংলাদেশে কোনও যুদ্ধাপরাধী নেই। পাকিস্তান সেনাবাহিনীর ১৯১ জনকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিলো, যাদের আওয়ামী লীগ সরকার অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। দেশে কোনও স্বাধীনতাবিরোধী শক্তিও নেই। আবার ট্রাইব্যুনালের মৃত্যুদ-ের রায়ের পর আদালতকক্ষে দাঁড়িয়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছিলেন, ট্রাইব্যুনালের অবস্থান ভুল।
জামায়াতের একটি সূত্র জানায়, ৭১ সালে জামায়াতের অবস্থান নিয়ে দলের ভেতরেই আলোচনা সমালোচনা রয়েছে। ৪৪ বছরে এবিষয়ে দলের একটি স্পষ্ট অবস্থান গ্রহণ করা উচিত ছিল। কিন্তু জামায়াতের অনেক শীর্ষ নেতা তার কোন সমাধান যেমন করেননি তেমনি মুজাহিদ সাহেব অনেক বিতর্কিত বক্তব্য দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছেন। কিন্তু দলকে সুসংগঠিক করতে তার ত্যাগ ও শ্রম অসামান্য। শারীরিক আর্থিক অনেক কষ্ট সহ্য করে দলকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। তার অনেক ত্যাগের কাহিনী জামায়াত কর্মীদের জানা। এসব কারণেই রুকন সম্মেলনে খুব সহজেই তিনি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। কিন্তু পরবর্তীতে তার কিছু কার্যক্রমে অনেকটাই হতাশ হয়েছেন নেতা কর্মীরা।
আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ৭টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয় ট্রাইব্যুনালের রায়ে। এরমধ্যে ১ নম্বর অভিযোগ শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন হত্যা থেকে খালাস দেয় আপিল বিভাগ। তবে ৭ নম্বর অভিযোগ ফরিদপুরের কোতোয়ালি থানার বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও গণহত্যার ঘটনায় মৃত্যুদন্ডের পরিবর্তে মুজাহিদকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে চূড়ান্ত রায়ে। আর ৬ নম্বর অভিযোগ বুদ্ধিজীবী হত্যার ঘটনায় আলবদর নেতা হিসেবে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুজাহিদের ফাঁসির দন্ড বহাল রাখা হয়। ৫ নম্বর অভিযোগে ঢাকার নাখালপাড়ার পুরনো এমপি হোস্টেলে শহীদ সুরকার আলতাফ মাহমুদসহ কয়েকজন গেরিলা মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে মুজাহিদকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন ট্রাইব্যুনাল। আর ৩ নম্বর অভিযোগে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকার (রথখোলা) মৃত রমেশ চন্দ্র নাথের ছেলে রণজিৎ নাথ ওরফে বাবু নাথকে আটক ও নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদ-াদেশ দেয়া হয় । আর ২ ও ৪ নম্বর অভিযোগ থেকে ট্রাইব্যুনাল মুজাহিদকে অব্যাহতি দেন।
আপিল বিভাগের রায়ের পর মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর সাংবাদিকদের বলেন, বুদ্ধিজীবী হত্যার দায়ে বাবার ফাঁসির রায় হয়েছে। কিন্তু কোন বুদ্ধিজীবী হত্যায় তার কোন নাম নেই। তবে শহীদ পরিবারের সদস্যরা প্রথম বুদ্ধিজীবী হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদ বুদ্ধিজীবী সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ বলেন, গোলাম আযমের রায়ের পর আমরা ভয় পেয়েছিলাম। পুরো বাংলাদেশের প্রত্যাশা ছিল গোলাম আযমের ফাঁসি হবে। কিন্তু হয়নি। আজকের রায়ে তার কিছুটা সেই ভয়ে কিছুটা আশার প্রলেপ লেগেছে। তিনি বলেন, আমার বাবা আলতাফ মাহমুদ, রুমি, বদি ও আজাদের আত্মা শান্তি পাবে কি-না তা জানি না। তবে আমরা শান্তি পাচ্ছি।
আর শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে শাহিন রেজা নূর বলেন, আজকের রায়ে আমরা সন্তুষ্ট। ৪৪ বছর আগে যে জঘন্য অপরাধ সংঘটিত হয়েছিল, আমার বাবাকে যারা তুলে নিয়ে হত্যা করেছিল তাদের একজনের শাস্তি হয়েছে। আমার মা অনেকদিন অপেক্ষায় ছিলেন বিচার দেখার জন্য। আজ আমার মা নেই কিন্তু বিচার হয়েছে। ওরা এতদিন চিৎকার করে বলেছিল যুদ্ধাপরাধ হয়নি। এ বিচারের মাধ্যমে তাদের সেই দাম্ভিকতার পতন হয়েছে।
























































