কাজী মাজহারুল ইসলাম :
নির্বাচন কমিশনারদের মতবিরোধের কারণে চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। দফায় দফায় বৈঠক করেও ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি গত বছর হালনাগাদ করা ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। ফলে এক বছরেরও বেশি সময় ধরে পরিচয়পত্রবিহীন রয়েছেন অর্ধকোটি ভোটার। এসময় চাকরির আবেদন, পাসপোর্ট তৈরি ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধাসহ নাগরিকরা রাষ্ট্রের বিভিন্ন সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তারা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। গুরুত্বপূর্ণ এই জাতীয় পরিচয়পত্র পেতে ইসির দ্বারে দ্বারে ঘুরছেন ভোটাররা। অনেকে দালালদের মোটা অংকের অর্থ দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করছেন বলে অভিযোগ রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, এক মাসেরও বেশি সময় ধরে কয়েক দফা বৈঠক করে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। প্রতি বছর আইনি বাধ্যবাধকতা থাকলেও এবার কমিশনারদের মতবিরোধের কারণে তালিকা হালনাগাদ নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ১৫ বছর না ১৮ বছর বয়স পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে, তা নিয়ে কমিশনারদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। শুধু তাই নয়, ২০১৪ সালে হালনাগাদকৃত প্রায় অর্ধকোটি ভোটারকে লেমিনেটিং পরিচয়পত্র নাকি স্মার্টকার্ড দেয়া হবে তা নিয়েও এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। সম্প্রতি বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিভিন্ন দেশের ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কমিশন বৈঠকে এ সম্পর্কে রিপোর্ট উপস্থাপন করা হবে। ফলে চলতি বছর ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের বয়স নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। দুই নির্বাচন কমিশনার ১৫ বছর বয়সীদের তথ্য সংগ্রহের বিষয়টিতে তুমুল আপত্তি জানান। একজন নির্বাচন কমিশনার এ বিষয়ে কোনো মতামত দেননি। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ ও সচিব সিরাজুল ইসলাম ১৫ বছর বয়সীদের তথ্য সংগ্রহের পক্ষে মত দিয়েছেন বলে জানান তারা। সর্বশেষ মঙ্গলবারের কমিশন সভায় বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে সভাস্থল ত্যাগ করেন একজন নির্বাচন কমিশনার।
ইসি কর্মকর্তারা জানান, ২০১৪ সালে হালনাগাদ করা প্রায় অর্ধকোটি ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে কিনা তা নিয়েও সিদ্ধান্ত নিতে পারেনি ইসি। স্মার্ট কার্ড না দেয়া হলে কবে নাগাদ লেমিনেটিং কার্ড দেয়া হবে, সে বিষয়ে এখনও অন্ধকারে রয়েছে কমিশন। তবে অর্ধকোটি ভোটারকে এক বছর আগে ভোটার করা হলেও এখনও পরিচয়পত্র না দেয়ায় নানা সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন এসব সাধারণ নাগরিক। এ নিয়ে প্রতিদিন ভোটার তালিকা হালনাগাদ প্রকল্পে কার্ডের জন্য ধরনা দিচ্ছেন সংশ্লিষ্ট ভোটাররা। ফলে জাতীয় পরিচয়পত্র নিয়ে দুর্ভোগ ও দালালদের দৌরাত্ম্য বেড়েই চলছে।
এদিকে, ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী ২৫ জুলাই থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে কোনো প্রস্তুতি না থাকায় তা এখন অনিশ্চিত বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি ছিটহলবাসীকে ভোটার করার প্রক্রিয়াও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, ২০০৮ সালে যারা ভোটার হয়েছেন তাদের আগে স্মার্টকার্ড দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া উচিত। কিন্তু তা না করে ১৫ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করে স্মার্টকার্ড দেয়ার চিন্তা সময়োপযোগী মনে হয় না। এছাড়া গত বছর নতুন অর্ধকোটি ভোটারকে এখনও জাতীয় পরিচয়পত্র দেয়া হয়নি। প্রস্তুতি ও কার্যক্রমে অসঙ্গতি রেখে কোনো কাজ শুরু করা ঠিক নয় বলেও জানান তিনি।
এ বিষয়ে ইসি সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেন, অর্ধকোটি ভোটারকে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। মূলত সিটি করপোরেশন নির্বাচন ও আসন্ন স্মার্ট কার্ড প্রদান ইস্যু জাতীয় পরিচয়পত্র প্রদানে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি দ্রুত সংশ্লিষ্ট ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।
আইনিভাবে জাতীয় পরিচয়পত্র এখনও বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু সব সরকারি-বেসরকারি দাফতরিক কাজে নোটিশ দিয়ে জাতীয় পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি জাতীয় পরিচয়পত্র ছাড়া সরকারি চাকরিতে আবেদন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড ক্রয়, জমি ক্রয়-বিক্রয়, পাসপোর্ট তৈরিসহ দৈনন্দিন বিভিন্ন কার্য সম্পাদন সম্ভব হচ্ছে না। এ কারণে নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই অনেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে গিয়ে দালালদের মোটা অংকের টাকা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নাগরিকরা ঢাকায় এসে পরিচয়পত্রের জন্য নানা হয়রানির শিকার হচ্ছেন। ভোটার তালিকা আইন ও জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী- ‘ভোটার হিসেবে তালিকাভুক্ত প্রত্যেক নাগরিক, নির্ধারিত পদ্ধতিতে ও শর্তসাপেক্ষে জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকারী হবেন।’
ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করার নিয়ম রয়েছে। ১৮ বছর বয়সের যে কোনো নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্তের নিয়ম রয়েছে। অন্যদিকে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০১০ অনুযায়ী কমিশন অন্যান্য নাগরিককে নির্ধারিত পদ্ধতিতে ও শর্তসাপেক্ষে জাতীয় পরিচয়পত্র প্রদান করতে পারবে কমিশন। উল্লেখ্য, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২।
তথ্য সংশোধনে টাকা লাগবে : জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা পেতে ফি কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন, নবায়ন, তথ্য যাচাই ও হারানো কার্ড উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত হারে টাকা পরিশোধ করতে হবে। শিগগিরই এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে ইসি। চলতি সপ্তাহে এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ। তবে ব্যক্তিপর্যায়ে ফি আরোপ হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে। ওই সময় পর্যন্ত টাকা ছাড়াই হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন, তথ্য সংশোধনসহ অন্যান্য সেবা পাওয়া যাবে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাতিষ্ঠানিক ফি : বিভিন্ন নাগরিকের সীমিত তথ্য (জাতীয় পরিচয়পত্র) যাচাইয়ের সুযোগ পাবে। এজন্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সঙ্গে চুক্তি করতে হবে। প্রজ্ঞাপনের জন্য প্রস্তুতকৃত নথি থেকে জানা গেছে, এক্ষেত্রে এককালীন নিবন্ধন চার্জ হিসেবে ৫ লাখ টাকা, প্রথম ৭০টি সাব ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব ইউজারের জন্য ২ হাজার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য ২ টাকা হারে পরিশোধ করতে হবে। অপরদিকে সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষকে তথ্য-উপাত্ত সরবরাহের ক্ষেত্রেও এককালীন সার্ভিস চার্জ ৫ লাখ টাকা ধরা হয়েছে। বার্ষিক সেবা চার্জ/বার্ষিক সেবা নবায়ন চার্জ এক লাখ টাকা এবং প্রতিটি তথ্য-উপাত্ত প্রতিবার সরবরাহের জন্য ১ টাকা হারে সরবরাহ চার্জ দিতে হবে।
ব্যক্তিগত ফি : পহেলা সেপ্টেম্বর থেকে পরিচয়পত্র সংক্রান্ত সেবা পেতে নির্দিষ্ট হারে ফি দিতে হবে নাগরিকদের। এতে দেখা গেছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রথমবার আবেদনে ২০০ টাকা, দ্বিতীয়বার আবেদনে ৩০০ টাকা ও পরবর্তী যে কোনো বার আবেদনে ৪০০ টাকা; তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার আবেদনে ১০০ টাকা, দ্বিতীয়বার আবেদনে ২০০ টাকা ও তৃতীয়বার আবেদনে ৩০০ টাকা পরিশোধ করতে হবে। ব্যক্তি কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সঠিকতা যাচাইয়ের আবেদনের ক্ষেত্রে ১০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে ১০০ টাকা ও জরুরিভিত্তিতে নবায়নে ১৫০ টাকা, হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র পেতে প্রথমবার সাধারণ আবেদনে ২০০ টাকা ও জরুরি আবেদনে ৩০০ টাকা, দ্বিতীয়বার সাধারণ আবেদনে ৩০০ টাকা ও জরুরি আবেদনে ৫০০ টাকা এবং পরবর্তী যে কোনো সাধারণ আবেদনে ৫০০ টাকা ও জরুরি আবেদনে ১ হাজার টাকা ফি দিতে হবে। বর্তমানে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন, হারানো কার্ড ওঠানো ও সংশোধনের ক্ষেত্রে কোনো ফি আদায় করা হচ্ছে না।























































