ডেস্ক রিপোর্টঃ
জাতীয় সংসদের চিফ হুইপ ও ছয় হুইপ সংসদ থেকে অতিরিক্ত সুযোগ হিসেবে পাওয়া জিপ গাড়িতে এক বছরে ৫০ লাখ ৯ হাজার ৪৮০ টাকার জ্বালানি খরচ করেছেন। এঁদের মধ্যে হুইপ শহীদুজ্জামান সরকার সর্বোচ্চ ৮ লাখ ৭ হাজার ৭৮৫ টাকা এবং সোলায়মান হক জোয়ার্দ্দার সর্বনিম্ন ২ লাখ ১৯ হাজার ৯২৫ টাকার জ্বালানি খরচ করেছেন।
সংসদ সচিবালয়ের সূত্র থেকে হুইপদের গত বছরের জ্বালানি খরচের এ হিসাব পাওয়া গেছে। সংসদ সচিবালয় ঢাকা ও ঢাকার বাইরে যাতায়াতের জন্য তাঁদের এই গাড়িটি দিয়েছে।
এর বাইরে এঁদের প্রত্যেককে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি করে কার দিয়েছে সরকার। দ্য বাংলাদেশ হুইপস অর্ডার ১৯৭২ অনুযায়ী, চিফ হুইপ মন্ত্রী এবং হুইপ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারিতোষিক ও প্রাধিকার আইন ১৯৭৩ অনুযায়ী, এই কারের জ্বালানি বাবদ প্রতি মাসে পারিতোষিকের সঙ্গে তাঁরা ৫৩ হাজার ৫৬৮ টাকা পান।
হুইপদের মধ্যে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে নিয়োগ পেয়েছিলেন মাহবুব আরা বেগম। কিন্তু তিনি গত বছরের ডিসেম্বর পর্যন্ত চার মাসে জিপ গাড়িটির জন্য জ্বালানি খরচ করেছেন ২ লাখ ৯৫ হাজার ৪২ টাকার। এর মধ্যে ডিসেম্বর মাসেই খরচ করেছেন ১ লাখ ২৫ হাজার টাকা। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলেন, প্রতি লিটারে চার কিলোমিটার ধরে (ঢাকার বাইরে লিটারে সাত কিলোমিটার চলে) এই পরিমাণ জ্বালানিতে ৭৩ হাজার ৭৬০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা। মানে প্রতিদিন গড়ে ৬০৪ কিলোমিটার পথ তাঁকে এই গাড়িতে চলতে হয়েছে। মাহবুব আরার নির্বাচনী এলাকা গাইবন্ধা-২।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনে জিপ গাড়ি ব্যবহারের বিষয়টিকে ‘অতিরিক্ত সুযোগ’ হিসেবে উল্লেখ করা হলেও চিফ হুইপ ও হুইপরা এটি সার্বক্ষণিক ব্যবহার করেন। কারণ, গাড়িটির জ্বালানি ব্যয় সংসদ সচিবালয় দিয়ে থাকে।
জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তাঁদেরকে তো সরকার একটি কার দিয়েছে। ঢাকাতে সেটিই চলার কথা। ঢাকার বাইরে গেলে জিপ নেওয়ার সুযোগ আছে। এখন কে কীভাবে গাড়ি ব্যবহার করছেন, সেটি খবর নিয়ে দেখতে হবে।’
চিফ হুইপ: গত বছর (২০১৪) চিফ হুইপ আ স ম ফিরোজের জিপ গাড়িতে ৬ লাখ ৪২ হাজার ৫০৫ টাকার জ্বালানি খরচ করা হয়েছে। চিফ হুইপ দায়িত্ব নেওয়ার পর প্রথম মাসে (জানুয়ারি, ২০১৪) এই গাড়িটির জ্বালানি বাবদ খরচ করেছেন ১৬ হাজার ১৯২ টাকা। আর মার্চ মাসে খরচ দেখা যাচ্ছে সর্বোচ্চ ৭৯ হাজার ৪৮৬ টাকা। তাঁর সংসদীয় এলাকা পটুয়াখালীর বাউফলের (পটুয়াখালী-২)।
চিফ হুইপ ও হুইপদের দপ্তরের কর্মকর্তাদের যাতায়াতের জন্য একটি করে কার দেওয়া হয়েছে। এই গাড়িটির জ্বালানির জন্য প্রতি মাসে সর্বোচ্চ ১৮ হাজার ৫৩২ টাকা নির্দিষ্ট বরাদ্দ আছে। কিন্তু চিফ হুইপে দপ্তরের গাড়িটির পেছনে এক বছরে ৪ লাখ ৪০ হাজার ৮১০ টাকার জ্বালানি খরচ হয়েছে। সর্বোচ্চ ৭৪ হাজার ১৩১ টাকার জ্বালানি খরচ হয়েছে গত জুলাই মাসে।
জানতে চাইলে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘আমার হুইপ বা আমাকে তো প্রচুর ছোটাছুটি করতে হয়। তাতে হয়তো জ্বালানি খরচ কিছুটা বেড়ে যায়। কার কী পরিমাণ জ্বালানি খরচ হচ্ছে, ব্যস্ততার কারণে সেই খবর রাখা সম্ভব হয় না।’
হুইপ ইকবালুর রহিম: ১২ মাসে ৬ লাখ ১০ হাজার ১২ টাকার জ্বালানি পুড়িয়েছেন ইকবালুর রহিম। লিটারে চার কিলোমিটার ধরে হিসাব করলে তিনি এক বছরে ১ লাখ ৫২ হাজার ৫০৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর-৩। জানুয়ারিতে তাঁর খরচ হয়েছিল ৬ হাজার ৬৬৮ টাকা। কিন্তু ডিসেম্বরে ৭০ হাজার ১৩৮ টাকা।
আতিউর রহমান: এই হুইপের গাড়িতে জ্বালানি খরচ দেখানো হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকার। তাঁর নির্বাচনী এলাকা শেরপুর-১। জানুয়ারিতে তাঁর খরচ হয়েছে ১৩ হাজার ৬৬৫ টাকা। ডিসেম্বরে এসে তা বেড়ে দাঁড়ায় ৬৬ হাজার ৪১০ টাকায়।
জানতে চাইলে আতিউর রহমান বলেন, ‘আমি প্রতি সপ্তাহে বাড়ি চলে যাই। সে জন্যই খরচ বেশি হয়।’
শহীদুজ্জামান সরকার: হুইপ শহীদুজ্জামান সরকার এক বছরে সর্বোচ্চ ৮ লাখ ৭ হাজার ৭৮৫ টাকার জ্বালানি পুড়িয়েছেন। এই পরিমাণ জ্বালানি দিয়ে তাঁর এক বছরে ২ লাখ ১ হাজার ৯৪৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা। তাঁর নির্বাচনী এলাকা ধামইরহাট (নওগাঁ-২)। জানুয়ারিতে ২৮ হাজার ১৭৩ টাকা খরচ হলেও পরে তা বাড়তে থাকে।
শাহাব উদ্দিন: এই হুইপের সংসদ সচিবালয়ের গাড়িতে জ্বালানি খরচ হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৮৬৭ টাকার। হিসাব অনুযায়ী, তাঁর এক বছরে ১ লাখ ৩৯ হাজার ৯৬৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা। তাঁর নির্বাচনী এলাকা জুড়ি উপজেলা (মৌলভীবাজার-১)।
এ বিষয়ে শাহাব উদ্দিন বলেন, এলাকায় গেলে কয়েক দিন থাকতে হয়। বিভিন্ন সভা-সমিতিতে যোগ দিতে হয়। তাই খরচ বেড়ে যায়।
হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার: সবচেয়ে কম জ্বালানি খরচ করেছেন এই হুইপ। ২ লাখ ১৯ হাজার ৯২৫ টাকার।
তাঁর নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা-১। তিনি জানুয়ারিতে ৩৫ হাজার ৮৪৭ টাকা খরচ করলেও ডিসেম্বরে খরচ করেছেন মাত্র ৮ হাজার ১৮ টাকা।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সোলায়মান হকের এই জ্বালানি ব্যয়কে গ্রহণযোগ্য মানদণ্ড বলে মনে করেন। কিন্তু অন্যদের ব্যয় নিয়ে তাঁরা চিন্তিত হলেও কিছু করতে পারছেন না।
সংসদ সচিবালয় সূত্র জানায়, কোথাও সফরে যাওয়ার আগে দূরত্ব জানিয়ে জ্বালানি অনুমোদনের নিয়ম থাকলেও চিফ হুইপ ও হুইপরা তা করেন না। প্রায়ই সফর শেষে ফিলিং স্টেশনের সহযোগিতায় পুরোনো দিন-তারিখ দিয়ে বিল (ভূতাপেক্ষ বিল) জমা দেওয়া হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আইনের অস্পষ্টতা এবং জবাবদিহির ব্যবস্থা না থাকায় এই চিত্র দাঁড়িয়েছে। চিফ হুইপ ও হুইপদের এ খরচের বিষয়টি অনৈতিক।’ তিনি বলেন, কে কী পরিমাণ জ্বালানি ব্যবহার করতে পারবেন, সেটা আইনে স্পষ্ট করা উচিত।























































