সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জামায়াত তাকিয়ে খালেদা জিয়ার দিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৬.২০১৫

images91

 

ডেস্ক রিপোর্টঃ

২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত তাকিয়ে আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে। জোট ভেঙ্গে দেওয়া প্রসঙ্গে বিএনপির নেতারা কে কী বলছেন এটাকে যেমন আমলে নিতে রাজি নন অন্যদিকে জোট ভেঙ্গে যাচ্ছে এমন খবরকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলটি। জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।

জানতে চাইলে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম বলেন, জোট ভাঙার বিষয়টি একেবারেই গুজব। এখনো পর্যন্ত এমন কিছু ঘটেনি যে, জোট ভেঙে দিতে হবে। আমরা খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছি। তার ওপর আমাদের আস্থা রয়েছে। আমরাও তার নেতৃত্বের ওপর বিশ্বাস রাখি। তিনি বলেন, জোট ভাঙার বিষয়ে আমরা বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কোনো নেতার কথাকে তেমন গুরুত্বের সঙ্গে নেই না। আর আমাদের নেতারা যেমন কর্মীরাও তেমন। তাই এ নিয়ে কারো মধ্যে কোনো হতাশা নেই। চিন্তিতও নই। তাই কে কী বলছেন এসব বিষয় নিয়ে আমরা ভাবছি না। বিএনপির মধ্যে নেতারা কে কী বলছেন তা আমাদের দেখার বিষয় নয়।

পরপর দু’বার আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির মধ্য থেকে জামায়াতকে জোটে না রাখার ব্যাপারে একধরণের চাপ সৃষ্টি করা হয়েছে বেগম খালেদা জিয়া উপরে। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির এসব নেতারা ক্রমেই অসহিঞ্চু হয়ে উঠছেন। ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপির মধ্যে এক ধরণের হতাশা দেখা দিয়েছে। এই হতাশা থেকে জামায়াত সমালোচক এসব নেতারা মনে করেন জামায়াতের কারণে ক্ষতি হচ্ছে বিএনপির। অনেক আগেই সরকারের সঙ্গে নির্বাচন সংক্রান্ত একটা সমঝোতা হয়ে যেতো। সেক্ষেত্রে সরকার মধ্যবর্তী নিবার্চনের ব্যাপারে নমনীয়তা দেখাতো কিন্তু জামায়াতের সঙ্গে জোট থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না। এসব নেতারা মনে করেন, এবিষয়টি বেগম খালেদা জিয়া অনুধাবন করছেন কিন্তু জামায়াতের বর্তমান নেতৃত্ব চায় না বিএনপি বা জোট ছেড়ে যাবার বিষয়ে। যেকারণে বিএনপির মধ্যে থেকে জামায়াতের সঙ্গ ছাড়ার ব্যাপারের প্রকাশ্যে চাপ থাকলেও জামায়াত অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের জন্য।

এক যুগেরও বেশিকাল ধরে বিএনপির সঙ্গে চলা জামায়াত বিভিন্ন সময়ে বিএনপিকে সহযোগিতা করেছে। বিনিময়ে জামায়াত বিএনপির থেকে অনেক সূযোগ সুবিধা বাগিয়ে নিয়েছে। যুদ্ধাপরাধের তকমা গায়ে লাগা দলটির নেতারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। নিজেদেরকে বাংলাদেশে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে দাড় করাতে সক্ষম হয়। ১৯৯১ সালে বিএনপিকে সরকার গঠনে সর্মথন দিয়ে নিজেদের রাজনৈতিক অঙ্গনে একটি শক্তি হিসেবে প্রকাশ করে জামায়াত। পরে সূযোগ সন্ধানী দলটি নিজেদের গাঁ থেকে যুদ্ধাপরাধের গন্ধ সরাতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়। তারা আওয়ামী লীগের সঙ্গে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে।

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চতুর জামায়তে ইসলামের ওপর খড়গ নেমে আসতে শুরু করে। স্বাধীনতা পরবর্তী সময়ের একবার আওয়ামী লীগ একবার বিএনপির ঘাড়ে পথ চলতে গিয়ে বর্তমান সময়ে সবচেয়ে নাজুক পরিস্থিতির মধ্যে পড়েছে।

সুত্র মতে, চারদলীয় জোট থাকাকালিন জামায়াত মনে করতো বিএনপির তাদের ওপর অনেকাংশে নির্ভরশীল। আর তাদের এই মনোভাব থেকে দলটি কৌশলে বিএনপিকে চাপ রেখে দলীয় স্বার্থ উদ্ধারে তৎপর থেকেছে।

কিন্তু বর্তমান পরির্বতিত পরিস্থিতিতে জামায়াত নেতারা বলছেন, বিএনপির নানা পর্যায় থেকে তাদের সঙ্গে জোট নিয়ে নেতিবাচক বক্তব্য আসলেও জোটনেত্রী খালেদা জিয়া এখন পর্যন্ত কিছুই বলেননি। তাই বিএনপির অন্য নেতাদের বক্তব্য আমলে আনছে না। ফলে জোট ভেঙে যাচ্ছে এমন খবরকে গুঞ্জন বলছে জামায়াত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি