হাওয়া বদল হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির। খান যুদ্ধ নয়, এখনও টিনসেল টাউনের মুখরোচক গল্প খানদের বন্ধুপ্রীতি। কারণ খান-খান এখন ভাই ভাই। সম্পর্কের তিক্ততা কাটিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছে একে অপরের দিকে। তবে আর কতদিন? আবার শিরোনামে ‘খানদের লড়াই’।
না তবে রিয়েল লাইফে নয়, যুদ্ধ এবার বক্স-অফিসে। আগামী বছরের ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খানের ‘সুলতান’ ও শাহরুখ খানের ‘রইস’। অনেকদিন আগেই পরিচালক আব্বাস জাফর তার টুইটারে জানিয়েছিলেন, আগামী বছর ঈদের সময় মুক্তি পাবে তার ছবি ‘সুলতান’। আগামী নভেম্বরেই শুরু হবে ছবির শুটিং। এই সিনেমায় কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ছবির নায়িকা কে? তা অবশ্য গোপন রাখা হয়েছে। ছবির প্রযোজক আদিত্য চোপড়া।
সম্প্রতি টুইটারেই প্রযোজক রীতেশ সিদওয়ানি লিখেছেন, শাহরুখ ফ্যানদের জন্য সুখবর আগামী ঈদে মুক্তি পাবে ‘রইস’। কিং খান অভিনীত ছবিটি অ্যাকশন থ্রিলারধর্মী। এতে শাহরুখের বিপরীতে থাকছেন পাক অভিনেত্রী মাহিরা খান। রাহুল ঢোকালিয়া পরিচালিত সিনেমাটি এক্সেল এন্টারটেনমেন্ট ও রেড চিলি এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে।
২০০৮-এ সালমান ও শাহরুখে সম্পর্কের মাঝে তিক্ততা শুরু হয়। সেই তিক্ততা কাটিয়ে ফের বন্ধুত্বের হাত ধরেছেন দুজনে। এ বছর ঈদে মুক্তি পাবে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’। সেই সিনেমায় সালমানের ফার্স্ট লুক আমির খানের সঙ্গে টুইটারে রিলিজ করেন শাহরুখ।
এর কয়েকদিনের মধ্যেই পর্দায় দুই তারকার যুদ্ধে অবতীর্ণ হওয়ার খবর প্রকাশ্যে এলেও এর আগেও অবশ্য দুই খানের ছবি একাধিক সময়ে মুক্তি পেয়েছে একসঙ্গে। তবে এবার ব্যাপারটা ভিন্ন। তখন ছিলো তিক্ততা, আর এখন বন্ধুত্ব। তাই এখন দেখার বিষয় বক্স-অফিস কালেকশনের প্রভাব আবার খান সম্পর্কে কালো ছায়া ফেলবে না তো?


























































