মায়ের কাছে আসবেন তারেক রহমান। দলের শক্ত অবস্থান ফিরিয়ে আনতে আলোচনাও হবে। সেখানেই নির্ধারিত হবে বিএনপির নতুন আন্দোলনের ছক। এই বৈঠকের মধ্য দিয়েই ভাগ্য খুলবে বিএনপির নতুন নেতাদের।
ওমরা পালনের জন্য বিএনপি চেয়ারপারসন আগামী ৮ জুলাই থেকে অবস্থান করবেন সৌদি আরবে। আর লন্ডন থেকে মায়ের সঙ্গে দেখা করতে সেখানে যাবেন তারেক রহমান। ইবাদত বন্দেগির এক ফাঁকে সেখানেই হবে আলোচনা। বিগত কয়েক বছরে বিএনপির আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ এবং যাদেরকে আন্দোলনের সময় রাজপথে দেখা যায়নি, তাদের ব্যাপারে সেখানে বসেই সিদ্ধান্ত নেবেন মা-ছেলে। দলের শীর্ষ স্থানে তুলে আনা হবে তরুণ, বুদ্ধিমান ও নতুন নেতৃত্বকে।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, পদবঞ্চিত হতে পারেন এমন আভাস পেয়ে বিএনপি নেতাদের অনেকেই নড়ে চড়ে বসতে শুরু করেছেন। বক্তিগতভাবে সৌদি আরবে গিয়েও তারেক রহমান ও দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করার প্রস্তুতিও নিচ্ছেন তারা।
তবে বিএনপি নেতাদের অনেকেই মনে করেন, দলীয় বিষয়ে তেমন কোন আলোচনা সেখানে হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চেয়ারপার্সন খালেদা জিয়া প্রতিবছরের মতো এবারও ওমরাহ পালনে যাবেন। ইবাদত বন্দেগির মধ্য দিয়ে ওমরাহর দিনগুলো তিনি পালন করেন। তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। তবে দলের কোন বিষয়ে আলোচনা হবে বলে আমার মনে হয় না।
খালেদা জিয়া ও তারেক রহমানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বৈঠকে দলের যষ্ঠ জাতীয় কাউন্সিলের দিনক্ষণ নির্ধারণ, দলের স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলে কারা আসবেন তাদের নাম চূড়ান্ত করবেন। ঢাকা মহানগর কমিটি ভেঙে দিয়ে উত্তর ও দক্ষিণ দুইভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেবেন। মেয়াদ উত্তীর্ণ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের কমিটি ভেঙে সাবেক ছাত্রনেতাদের এসব সংগঠনের দায়িত্ব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
দলীয় সূত্র জানায়, সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমান ৮, ৯ ও ১০ জুলাই পবিত্র মদিনা মুনাওয়ারায় অবস্থান করে মসজিদে নববীতে নামাজ আদায় ও মহানবী (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করবেন। ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে প্রথমবারের খালেদা জিয়ার বড় ছেলের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এর আগে গত বছরের ২০ জুলাই দুবাইতে সাক্ষাৎ হয়েছিল জিয়া পরিবারের। পবিত্র মদিনা মুনাওয়ারায় ইবাদত সম্পন্ন করে ১১ জুলাই ওমরা পালনের উদ্দেশে মক্কা মোকাররমায় পৌঁছার কথা রয়েছে তাদের। সেখানে ১১, ১২ ও ১৩ জুলাই অবস্থান করে পবিত্র ওমরা পালন করবেন। ১৩ জুলাই মক্কা মোকাররমায় পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। সৌদিতে অবস্থানকালে রয়েল প্যালেসে খালেদা জিয়া ও তারেক রহমান একাধিকবার বৈঠক করবেন। ১৪ জুলাইয়ের পর খালেদা জিয়া দেশের উদ্দেশে এবং তারেক রহমান যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ছাড়বেন।























































