বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন নামে মাঠে নামছে জামায়াত!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৭.২০১৫

jamat3

ডেস্ক রিপোর্টঃ

গুঞ্জন আছে, নতুন নামে রাজনীতির পাড়ায় থাকবে জামায়াত। তবে কোন যুদ্ধাপরাধীদের নিয়ে নয়, কলঙ্কমুক্তদের নিয়েই গঠন করা হবে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি)। তাই রাজনীতি থেকে তাদের বিদায় নেয়ার খবরটি খুব একটা স্বস্তি দেবার নয় বিরোধীদের জন্যে। দলীয় একাধিক সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

২০১১ সালের ১ সেপ্টেম্বর উইকিলিকসে বাংলাদেশের মার্কিন দূতাবাসের কিছু ফোনালাপ ফাঁস হয়। সেখান থেকে জানা যায়, দল নিষিদ্ধ হওয়া বা নিবন্ধন বাতিল হওয়ার বিষয়ে আশঙ্কা করে জামায়াত আগে থেকেই যথাযথ ব্যবস্থা নিয়ে রেখেছিল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারো ফিরে আসতে নতুন নাম নিয়ে নিবন্ধীত হয়ে আসতে হবে নির্বাচন কমিশনের এমন বক্তব্যের পর তারা এই সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ২০১৩ সালে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে। আদালতের আদেশের কারণে নিবন্ধন বাতিলের ফলে দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারায় দলটি।

সূত্র থেকে জানা গেছে, শুধু বিএনপি নয় নতুন নামে আবিভূত হতে এই দলটিও চায় তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে। কারণ পুরোনোদের অনেকেই যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত। নেতৃত্বের এখনো এগিয়ে আছেন আবদুর রাজ্জাক। তিনিই জামায়াতে ইসলামের বিকল্প এই নামটি নির্বাচন করেছেন। জামায়াতের মধ্য সারির নেতাদের পক্ষ থেকেও সমর্থন পাচ্ছেন আবদুর রাজ্জাক।

জানা গেছে, জামায়াতের অনেক নেতাকর্মীই দলকে ঢেলে সাজাতে ও নতুন নেতৃত্বকে সামনে আনতে আগ্রহী নয়। তারা বিষয়টিতে অসম্মতি জানিয়ে বলছেন, জামায়াত শব্দটাই দলের জন্য এক ধরনের ব্র্যান্ডিং এবং এটা নাম থেকে বাদ দিলে দলটি তার রাজনৈতিক মাধুর্য হারাবে।

জামায়াতের ওয়ার্কিং কমিটির সদস্য মতিউর রহমান আকন্দ গণমাধ্যকে দেয়া এক প্রশ্নের জবাবে বলেন, দলের নাম পরিবর্তনের বিষয়ে দলের ভেতরে এখনো কোনো আলোচনা হয়নি। অন্তত তিনি এমনটা জানেন না। জামায়াত নামের সঙ্গে একটি বিশেষ ভাবগাম্ভীর্য জড়িত। তাই এই নাম বদলও চান না অনেকে।

তিনি আরো বলেন, সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের পক্ষে ৩৬ শতাংশ ভোট পড়েছে। আপনার কি মনে হয়, আমরা মানুষকে আমাদের পক্ষে ভোট দিতে জোর করি? অথবা এই ৩৬ শতাংশ ভোট কি বাতাসে ভেসে এসেছে? জনপ্রিয়তা আমাদের জন্য কোনো বিষয়ই নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি