সিরিজের প্রথম দুই টেস্টের চার ইনিংসে ৯৮ রান, বল হাতে উইকেট ৩টি। ওদিকে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন, শেষ টেস্টটা না খেলে তাই পরীক্ষা দিতে ছুটতে হলো চেন্নাই। এর চেয়ে চাপ আর কী হতে পারে! সেটি কী দারুণভাবেই না জয় করলেন মোহাম্মদ হাফিজ! ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পর দুর্দান্ত এক সেঞ্চুরি। ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হাফিজের কাছেই হেরেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ২৫৫ রানে আটকে রাখায় বড় ভূমিকা তাঁর বোলিংয়ের। ২৮ বল হাতে রেখে ৪ উইকেটে এই রান টপকে যাওয়া যেমন তাঁর ব্যাটিংয়ের কল্যাণে।
জয়াবর্ধনে-সাঙ্গাকারা যুগ শেষে প্রথম ওয়ানডে। শ্রীলঙ্কার জন্য ম্যাচটার তাই ভিন্ন একটা তাৎপর্য ছিল। নবম ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে লঙ্কানদের প্রথম ধাক্কাটা দিলেন হাফিজ। এর পর তাঁর শিকার তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা ও থিসারা পেরেরাও। এর আগে হাফিজের সেরা বোলিং ছিল ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ২০০৩ সালে ৩/১৭। কাল ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেটিকে ছাড়িয়ে গেলেন পাকিস্তানি অফ স্পিনার।

এটুকুতেই হয়তো চলত। কিন্তু হাফিজ যেন পণ করেছিলেন ম্যাচটা শুধুই নিজের করে নেবেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে পেলেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি, যার প্রথম পঞ্চাশ এসেছে ৫৮ বলে, পরেরটা ৩৫ বলে! শ্রীলঙ্কা অবশ্যই বরাবরই তাঁর প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডেতে ১০ সেঞ্চুরির সর্বশেষ চারটিই তাদের বিপক্ষে। পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে ওয়ানডেতে একই ম্যাচে ৪ উইকেট ও সেঞ্চুরি এর আগে ছিল শুধু শোয়েব মালিকের। কাল পাকিস্তানের জয়সূচক রানটা এল সেই মালিকের ব্যাট থেকেই। দিলশানকে ছক্কা মেরে নিজের হাফ সেঞ্চুরি আর দলের জয় দুটিই নিশ্চিত করলেন। সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি যে জয়ের আরও একটা মাহাত্ম্য আছে পাকিস্তানের কাছে। এ ম্যাচটা জিতেই সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের তালিকায় ভারতকে (৪৪৬) পেছনে ফেলে দুই নম্বরে উঠে এল পাকিস্তান (৪৪৭)। ৫২৯ জয় নিয়ে এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। টেন ক্রিকেট, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৫/৮ (চান্ডিমাল ৬৫*, ম্যাথুস ৩৮, দিলশান ৩৮, হাফিজ ৪/৪১)।
পাকিস্তান: ৪৫.২ ওভারে ২৫৯/৪ (হাফিজ ১০৩, মালিক ৫৫*, শেহজাদ ২৯; লাকমল ১/২১)।
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ হাফিজ।

























































