রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বিএনপিতে ফিরছেন সংস্কারপন্থীরা, সক্রিয় নেতারা পাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব


বিএনপিতে ফিরছেন সংস্কারপন্থীরা, সক্রিয় নেতারা পাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৫

fire-asa1

ডেস্ক রিপোর্ট :

মধ্যবর্তী নির্বাচন কিংবা সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ হরতাল জাতীয় আন্দোলন থেকে সরে  দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করেই আসছে বছর থেকে কঠোর রাজনৈতিক কর্মসূচিতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলটি।

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে, আগামী তিনমাসের মধ্যেই বিএনপি থানা ও জেলা পর্যায়ের কমিটিগুলোর পূনর্গঠন করবে এবং ডিসেম্বরে কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এ নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আলোচনায় একমত হয়েছেন।

জানা গেছে, ১/১১ পর সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত বিএনপি নেতাদের দলে ফিরিয়ে আনতেও খালেদা জিয়া-তারেক রহমান একমত হয়েছেন। যদিও এর আগে বিএনপির জেষ্ঠ্য সংস্কারপন্থীদের ব্যাপারে তারেকের প্রবল আপত্তি ছিলো। বিএনপির থিংকট্যাঙ্ক বলে পরিচিত বুদ্ধিজীবীদের পরামর্শেই সংস্কারপন্থী হেভিওয়েট নেতাদের দলে ফেরানোর সিদ্ধান্ত চুড়ান্ত করেছেন খালেদা জিয়া। এ নিয়ে গতসপ্তাহে দলের জেষ্ঠ্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

এ পর্যায়ে দল পুনর্গঠনকে সামনে রেখে বিভিন্ন সময় বাদ পড়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সমমনা দল থেকেও যদি কেউ বিএনপিতে যোগ দিতে চায় সে ক্ষেত্রে তাদের স্বাগত জনানো হবে।

ফিরিয়ে আনা হবে বহিস্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টর নাজমুল হুদা, সাবেক স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সাবেক যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মতো মধ্যম সারির নেতাদের।

সংস্কারপন্থীদের মধ্যে থেকে জহির উদ্দিন স্বপন, মেজর জেনারেল (অব.) জেড এ খান, শহিদুল হক জামাল,মোকাম্মেল হক,আবু হেনা,আবুল হোসেন, সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ এই স্তরের নেতাদের দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার কথা ভাবছে হাইকমান্ড।

গত দুই বছর দলের খারাপ সময়ে মামলা হামলার শিকার সক্রিয় নেতাদের পদোন্নতির বিষয়টিও এখন প্রায় চুড়ান্ত। এরমধ্যে রয়েছেন, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ। খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, ড. আসাদুজ্জামান রিপন, আ ন ম এহছানুল হক মিলন. হাবিব-উন-নবী খান সোহেলসহ একসময়ের তুখোড় ছাত্র নেতারাও পাবেন আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এই প্রতিবেদককে বলেন,বলেন, ঈদের পরই দল পূনর্গঠনের কাজ শুরু হবে। আন্দোলনের কর্মসূচি সময় পরিস্থিতি অনুযায়ী দেয়া হবে।

স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, চেয়ারপার্সন খালেদা জিয়া এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাউন্সিল হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি