ডেস্ক রিপোর্টঃ
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বের হয়ে সাংবাদিকদের একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, “আমি অত্যন্ত অসুস্থ। গত ছয় মাসে আমার ওজন প্রায় ১২ কেজি কমে গেছে। আমার ক্যারিটিড আর্টারির ব্লকের সমস্যা বেড়েছে। আমরা আইবিএসের সমস্যা বেড়েছে। আমি অতি দ্রুত চিকিৎসার জন্য দেশের বাইরে যাব।”
কোথায় যাবেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “ইতিমধ্যে আমার স্ত্রী সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে যোগাযোগ করেছেন। যে কোনো একটাতে আমি যাব।”
কারামুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে অসুস্থ মা ফাতেমা আমিনকে দেখতে যান তিনি। পরে নিজেও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মুনিরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য এই হাসপাতালেই ভর্তি হন।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমার আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে গণমাধ্যমের মাধ্যমে দোয়া চাইছি। আমি যেন সুস্থ হয়ে ফিরে এসে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি।”
মুক্তির পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রথম বক্তব্যে দেশবাসীসহ গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। গণমাধ্যমের কর্মীদের কাছে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানাতে চাই। আপনারা আন্তরিকতার সঙ্গে আমার অসুস্থতার খবর জাতির কাছে তুলে ধরেছেন।”
দীর্ঘ ছয় মাসের বেশি কারাভোগের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুপ্রিম কোর্টের আদেশসহ বিভিন্ন মামলার জামিননামার কাগজপত্র নিয়ে কেন্দ্রীয় কারাগার থেকে ডেপুটি জেলার সর্বোত্তম চাকমা বিএসএমএমইউয়ের অস্থায়ী প্রিজন যাওয়ার পর মির্জা ফখরুলকে মুক্তি দেওয়া হয়।























































